Lalgola

ভাগীরথীতে ভেসে এল দেহ! লালগোলায় তৃণমূল নেত্রীর স্বামীকে খুনের অভিযোগ

ভাগীরথীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ভেসে আসে। এরপরই রঘুনাথগঞ্জ থানায় খবর দেওয়া হয়। দেহটি উদ্ধার করে পুলিশ জানতে পারে, মৃত ব্যক্তির নাম নাজির শেখ (৪৯)। নাজিরের স্ত্রী হাসেন বানু বিবি, বর্তমানে লালগোলা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী।

Advertisement
শাহজাদ হোসেন
শাহজাদ হোসেন

শেষ আপডেট: এপ্রিল ২৭, ২০২৬, ১৯:৫১

options
link
ভাগীরথীতে ভেসে এল দেহ! লালগোলায় তৃণমূল নেত্রীর স্বামীকে খুনের অভিযোগ
তৃণমূল নেত্রীর স্বামী নাজির শেখ (৪৯)।

ভোট মিটতেই তৃণমূল নেত্রীর স্বামীর অস্বাভাবিক মৃত্যু! ভাগীরথী থেকে দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে মুর্শিদাবাদের লালগোলায়। এদিন সকালে রঘুনাথগঞ্জ থানার বৈকুন্ঠপুরে ভাগীরথীর জলে মৃতদেহ উদ্ধার হয়। রবিবার দুপুর থেকে ওই ব্যক্তি নিখোঁজ ছিলেন বলে জানা গিয়েছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার বেলা বারোটা নাগাদ রঘুনাথগঞ্জের বৈকুন্ঠপুর ঘাটে কয়েকজন ব্যক্তি স্নান করছিলেন। সেই সময় ভাগীরথীতে এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির দেহ ভেসে যেতে দেখে এক ব্যক্তি দেহটি পাড়ের কাছে তুলে আনেন। এরপরই রঘুনাথগঞ্জ থানায় খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে দেহটি উদ্ধার করে নিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যেই মৃত ব্যক্তির পরিচয় নিশ্চিত করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ। জানা যায়, মৃত ব্যক্তির নাম নাজির শেখ (৪৯)। বাড়ি লালগোলা থানার ফকিরপাড়া। নাজিরের স্ত্রী হাসেন বানু বিবি, বর্তমানে লালগোলা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেস সভানেত্রী।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সূত্রের খবর, রবিবার দুপুরে আড়াইটে নাগাদ বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে বেরিয়েছিলেন নাজির। রবিবার গভীর রাত পর্যন্ত বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি শুরু করেন। মৃত নাজির শেখের ছেলে নাদিম হাসান শেখ বলেন, “বাবার সন্ধান না পেয়ে আমরা এলাকার সিসিটিভি ফুটেজ দেখতে শুরু করি। বাবাকে আমাদের পাশের পাড়ায় শেষবারের মতো সিসিটিভি ক্যামেরায় দেখা গিয়েছে। এরপর তিনি কোথায় গিয়েছিলেন তার কিছুই আমরা জানিনা। আমার ধারনা বাবাকে খুন করা হয়েছে।”

Advertisement

লালগোলা ব্লক তৃণমূল কংগ্রেস কোর কমিটির আহ্বায়ক রুমা ব্যানার্জি বলেন, “হাসেন বানু বিবি আমাদের দলের মহিলা ব্লক নেত্রী। যদিও তাঁর স্বামী বর্তমানে সক্রিয়ভাবে রাজনীতিতে যুক্ত ছিলেন না। সোমবার সকালে হাসেন বানু বিবি স্বামীর সন্ধানে লালগোলা থানায় গিয়েছিলেন। এর কিছুক্ষণের মধ্যেই আমরা খবর পাই নাজিরের দেহ রঘুনাথগঞ্জে ভাগীরথীতে উদ্ধার হয়েছে। এটি খুন, না আত্মহত্যা, না দুর্ঘটনা জনিত কারণে মৃত্যু, সে সম্পর্কে আমরা নিশ্চিত নই।” পুলিশ নাজিরের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে পাঠায়। পুলিশের তরফ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। প্রথম দফায় ভোট ছিল মুর্শিদাবাদে, তার তিন দিন পর তৃণমূল নেত্রীর স্বামীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে দানা বাঁধছে রহস্য।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.