সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ক্রিসমাসের আগেই রক্তাক্ত জার্মানি! ভিড়ে ঠাসা রাস্তায় ঢুকে পড়ল বেপরোয়া গতির গাড়ি। যার তলায় পিষে মৃত্যু হয়েছে ২ জনের। আহত কমপক্ষে ৬০ জন। মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা। আর মাত্র ৪ দিন পরেই বড়দিনের উৎসব শুরু। বিভিন্ন দেশের মতো ক্রিসমাসের আনন্দে মেতে উঠতে শেষ মুহূর্তের প্রস্তুতি নিচ্ছে জার্মানিও। কেনাকাটা করতে রাস্তায় ভিড় জমাচ্ছেন মানুষ। কিন্তু এর মধ্যেই ঘটল ভয়াবহ হামলা! এই ঘটনায় গ্রেপ্তার সৌদি আরবের চিকিৎসক।
এএফপি সূত্রে খবর, শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ ঘটনাটি ঘটে জার্মানির রাজধানী বার্লিন থেকে ১৩০ কিলোমিটার দূরে অবস্থিত ম্যাগডেবার্গ শহরে। সেখানকার ক্রিসমাস মার্কেটে তখন প্রচুর মানুষের ভিড়। সকলেই ব্যস্ত কেনাকাটায়। এমন সময় ওই বাজারে ঢুকে পড়ে একটি বেপরোয়া গতির কালো রঙের বিএমডব্লু। পুলিশ জানিয়েছে, টাউন হল স্কোয়ারের কাছে পৌঁছনোর আগে ওই রাস্তা দিয়ে অন্তত ৪০০ মিটার এগিয়ে যায় ঘাতক গাড়িটি। ধাক্কায় এদিক-ওদিক ছিটকে পড়েন অনেকে। মুহূর্তের মধ্যে গোটা রাস্তা রক্তে ভেসে যায়। ঘটনাস্থলেই প্রাণ হারান দুজন।
খবর পেয়েই দ্রুত ছুটে আসেন পুলিশ আধিকারিকরা। আসে অ্যাম্বুল্যান্সও। ঘিরে ফেলা হয় গোটা এলাকা। সকলকে উদ্ধার করে সঙ্গে সঙ্গে পাঠানো হয় হাসপাতালে। কিন্তু অভিযুক্ত বেশি দূর পালাতে পারেননি। তাকে ধরে ফেলে পুলিশবাহিনী। জানা গিয়েছে, ধৃত বছর পঞ্চাশের চিকিৎসক সৌদি আরবের নাগরিক। তবে ২০০৬ সাল থেকে তিনি জার্মানিতে বসবাস করছেন। এই হামলার মোটিভ জানতে তদন্ত শুরু করা হয়েছে। প্রাথমিকভাবে জার্মান পুলিশ জানিয়েছে, হামলাকারী ‘লোন অ্যাটাকার’। তিনি একাই হামলা চালিয়েছিলেন।
বলে রাখা ভালো, এটাই প্রথমবার নয়। ২০১৬ সালে জার্মানির বার্লিনে একইভাবে ক্রিসমাসের আগে হামলা হয়েছিল। সেই ঘটনায় প্রাণ হারান ১২ জন। ওই বছরেরই জুলাই মাসে ফ্রান্সের নাইসে একই কায়দায় হামলা চালানো হয়। মৃত্যু হয় ৮৬ জনের। হামলার দায় শিকার করে ইসলামিক স্টেট।
সর্বশেষ খবর
-
বাড়বে স্ক্রিনের সংখ্যা! ভারতীয় সিনে ইন্ডাস্ট্রির উন্নতিতে একগুচ্ছ ঘোষণা কেন্দ্রের
-
বাংলার ভাষাবিদের ইতালি জয়, সাঁওতালি ভাষা ও সাহিত্যে প্রথম ভারতীয় হিসাবে আন্তর্জাতিক পুরস্কার!
-
২ তৃণমূল কাউন্সিলর গ্রেপ্তার হতেই পদত্যাগের ঢল! ডামাডোম পানিহাটি পুরসভায়
-
একাধিক বিয়ে, পরকীয়ার ‘নেশা’, ক্ষোভে স্বামীর পুরুষাঙ্গ কাটলেন স্ত্রী!
-
এবার ঝাড়গ্রামে বুলডোজার, গুঁড়িয়ে দেওয়া হল জাতীয় সড়কের ধারে গজিয়ে ওঠা দোকানপাট!