Donald Trump

আমেরিকায় চাকরি চাই? ভারতীয়দের উপর কোটি টাকার ফি বসানোর পথে ট্রাম্প

পড়াশোনা শেষ করে মার্কিন মুলুকে চাকরি করতে গেলে বিপুল অঙ্কের অর্থ খরচ করতে হবে। এর আগে এইচ১বি ভিসার জন্যও বিরাট অঙ্কের 'মূল্য' ধার্য করেছিল ট্রাম্প প্রশাসন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ১৬:৫৩

options
link
আমেরিকায় চাকরি চাই? ভারতীয়দের উপর কোটি টাকার ফি বসানোর পথে ট্রাম্প
নতুন সিদ্ধান্ত নিতে চলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন।

গ্রিন কার্ড পাওয়ার পথ সহজ করতে মার্কিন সেনেটে আসছে নয়া বিল। কিন্তু তার মধ্যেই নতুন সিদ্ধান্ত নিতে চলেছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। সূত্রের খবর, পড়াশোনা শেষ করে মার্কিন মুলুকে চাকরি করতে গেলে বিপুল অঙ্কের অর্থ খরচ করতে হবে বিদেশিদের। প্রস্তাব অনুযায়ী, আমেরিকায় চাকরি করতে গেলে ভারতীয় পড়ুয়াদের ১ লক্ষ ডলার দিতে হবে। ভারতীয় মুদ্রায় সেই অঙ্কটা প্রায় ৯৫ লক্ষ টাকা। উল্লেখ্য, এর আগে এইচ১বি ভিসার জন্যও বিরাট অঙ্কের ‘মূল্য’ ধার্য করেছিল ট্রাম্প প্রশাসন।

Advertisement

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বরাবরই অভিবাসীদের বিরুদ্ধে সরব। আমেরিকা শুধুই আমেরিকানদের জন্য, এমনই সওয়াল করে আসছেন তিনি। প্রথম দফায় প্রেসিডেন্ট থাকাকালীনও এরই পক্ষে সওয়াল করেছেন ট্রাম্প। পরবর্তীতে ফিরে আসার পরেও অভিবাসী বিতাড়নই সব চেয়ে বড় লক্ষ্য তাঁর। সেকারণে ইতিমধ্যেই বড় সমস্যার মুখে পড়েছেন ভারতের তথ্যপ্রযুক্তি ক্ষেত্রের কর্মীদের একটা বড় অংশ। কারণ, ভারত থেকে বিপুল সংখ্যক কর্মী উড়িয়ে সেদেশে নিয়ে যায় মার্কিন সংস্থাগুলি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

আমেরিকায় পড়াশোনা এবং কেরিয়ার তৈরি করতে আগ্রহী ভারতীয়র সংখ্যাও নেহাত কম নয়। কিন্তু ‘মেক আমেরিকা গ্রেট এগেনে’র লক্ষ্যে এগিয়ে চলা ট্রাম্প চাইছেন, বিদেশিরা যদি মার্কিন মুলুকে চাকরি করতে চান তাহলে মোটা টাকা দিতে হবে। বর্তমানে আমেরিকায় পড়াশোনা করা বিদেশি পড়ুয়াদের সর্বোচ্চ ৩ বছরের ওয়ার্ক পারমিট দেওয়া হয়। তারপর এইচ১বি ভিসার মাধ্যমে আমেরিকায় থাকার মেয়াদ বাড়ে। ট্রাম্প প্রশাসন চাইছে, এই ওয়ার্ক পারমিটের জন্য ১ লক্ষ ডলার মূল্য ধার্য করা হোক। ফলে ভারতীয় পড়ুয়াদের জন্য আমেরিকায় চাকরির দরজা প্রায় বন্ধ হয়ে যাবে, এটা ধরে নেওয়াই যায়।

Advertisement

উল্লেখ্য, সম্প্রতি ভিসা ফি বিপুল হারে বাড়িয়েছে মার্কিন প্রশাসন। তাতেও ভারতীয় তথা বিদেশি কর্মীদের কপালে চিন্তার ভাঁজ বেড়েছে। এহেন পরিস্থিতি মার্কিন সেনেটে আনা হবে নতুন বিল, যেখানে প্রস্তাব দেওয়া হয়েছে কর্মী ভিসায় যাঁরা আমেরিকায় সাত বছর কাটিয়েছেন তাঁদের জন্য সুযোগ থাকবে আগে গ্রিন কার্ড পাওয়ার। যদিও প্রেসিডেন্ট ট্রাম্প সেই বিল পাশ কার্যকর করবেন না বলেই ধরে নেওয়া যায়। দীর্ঘদিন বেশ কয়েক লক্ষ গ্রিন কার্ডের আবেদন অপেক্ষায় রয়েছে। তার মধ্যেই নতুন নিয়ম আনতে চলেছে ট্রাম্প প্রশাসন।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.