নতুন করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়েছে। আমেরিকা-ইরান সংঘাতে হরমুজে একের পর এক জাহাজে হামলার ঘটনা সামনে আসছে। এর বলি হচ্ছে ভারতীয় নাবিকরাও। মঙ্গলবার হরমুজ প্রণালীতে ইরানি হামলায় এক ভারতীয় নাবিকের মৃত্যুর খবর মিলেছিল। বৃহস্পতিবার জানা গেল, বাণিজ্যতরী জিএফএস গ্যালাক্সিতে হামলায় নিখোঁজ ভারতীয় নাবিক ৩০ বছরের হেরম্ব কর্মকারের মৃত্যু হয়েছে।
সাইপ্রাসের পতাকা লাগানো বাণিজ্যতরীটিতে ২৪ জন নাবিক ছিলেন। এর মধ্যে ১১ জন ভারতীয়। সাইপ্রাসের তরফে জানানো হয়েছে, জাহাজটিতে ‘অজ্ঞাত’ হামলা হয়েছে। যদিও পরে ইরানের তরফে জানানো হয়, অবৈধ পথ দিয়ে যাচ্ছিল জাহাজটি। বারবার সতর্ক করা হলেও কর্ণপাত না করায় সেটির উপর হামলা চালানো হয়েছে। মৃত ভারতীয় নাবিকের শ্বশুর বিবেক ট্যান্ডন জানান, জাহাজ সংস্থাটি হেরম্ব কর্মকারের মৃত্যু নিশ্চিত করেছে। এই বিষয়ে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া দেয়নি ভারতের বিদেশ মন্ত্রক।
হরমুজে ভারতীয় নাবিকে মৃত্যুতে তীব্র নিন্দা জানিয়ে কূটনৈতিক পদক্ষেপের পথে ভারত। মঙ্গলবার দিল্লিতে বিদেশ মন্ত্রকে তলব করা হয়েছে ইরানের উপ রাষ্ট্রদূতকে। ইরানের কাছে গোটা ঘটনার ব্যাখা চায় দিল্লি। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, এই ধরনের হামলা অত্যন্ত উদ্বেগজনক। বিবৃতিতে আরও বলা হয়েছে, ”অবিলম্বে উত্তেজনা প্রশমিত করে কূটনৈতিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা জরুরি। যাতে ওই অঞ্চলে শান্তি ফিরে আসে।”
প্রসঙ্গত, মাসখানেক আগেই ওমান উপকূলে বাণিজ্যতরীতে হামলা চালিয়েছিল আমেরিকা। ৩ ভারতীয় নাবিকের মৃত্যু হয় সেই আক্রমণে। মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। ঘটনার কড়া নিন্দা করেন তিনি। কিন্তু তার কয়েক ঘণ্টার মধ্যেই মার্কিন বিদেশমন্ত্রকের তরফে পালটা একটি বিবৃতি দেওয়া হয়। সেখানে বলা হয়, রুবিও জয়শংকরকে সাফ জানিয়ে দিয়েছেন, ওই জলপথে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যেই মার্কিন বাহিনী অবরোধ জারি করেছে। সেখান দিয়ে যাতায়াতকারী সমস্ত বাণিজ্যিক জাহাজকে আমেরিকার নির্দেশাবলী মানতে হবে। এবার কি মার্কিন ‘নির্দেশ’ মানতে গিয়েই প্রাণ দিতে হল আরেক ভারতীয়কে?
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
কেন্দ্রের অনুদানে কেনা যন্ত্রপাতি সরকারি স্বাস্থ্যকেন্দ্র থেকে ‘গায়েব’! কড়া শাস্তির নিদান স্বাস্থ্য দপ্তরের
-
স্ত্রী সুনীতা একা, কোমলকে আগলে গণপতি দর্শনে গোবিন্দা, ভগবানকে সাক্ষী রেখে প্রেমে সিলমোহর!
-
মাঝরাতে কমান্ডো অভিযান যোগীরাজ্যে! এনকাউন্টারে খতম স্ত্রী, পুত্র-সহ ২ পুরোহিত খুনে অভিযুক্ত
-
কিউবাকে ‘ব্যর্থ রাষ্ট্র’ বলে তোপ! রাষ্ট্রসংঘে ট্রাম্পের মন্তব্যের পরই ওয়াক আউট হাভানার
-
শিল্ডে প্রথম ম্যাচে মোহনবাগানের কাঁটা দুই প্রাক্তন, আজ কলকাতা লিগের ট্রফি দেবেন ক্রীড়ামন্ত্রী