Pakistan

অধিকৃত কাশ্মীরে পাক দমন-পীড়নের খবর করেই চক্ষুশূল, পাকিস্তানে নিষিদ্ধ আল জাজিরা!

পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দাবি, আল জাজিরা বেছে বেছে কিছু তথ্য ও নির্দিষ্ট কিছু ব্যক্তির বক্তব্য প্রচার করে অধিকৃত কাশ্মীরের নির্বাচন ও ভোটগ্রহণ প্রক্রিয়াকে ভুলভাবে উপস্থাপন করেছে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০২৬, ২২:০৮

options
link
অধিকৃত কাশ্মীরে পাক দমন-পীড়নের খবর করেই চক্ষুশূল, পাকিস্তানে নিষিদ্ধ আল জাজিরা!
আল জাজিরার ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না পাক নাগরিকরা।

তরোয়ালের চেয়েও শক্তিশালী কলম! প্রচলিত এই উক্তিকে মনে করাল পাকিস্তান (Pakistan)। পাক অধিকৃত কাশ্মীরে (পিওকে) সরকারবিরোধী আন্দোলন ও প্রশাসনের দমন-পীড়ন নিয়ে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশের ‘দোষে’ আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরাকে (Al Jazeera) নিষিদ্ধ করল শাহবাজ শরিফ সরকার। বিশ্ববিখ্যাত সংবাদমাধ্যমটির বিরুদ্ধে ‘হলুদ সাংবাদিকতা’র অভিযোগ এনেছে তারা।

Advertisement

একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর, পাকিস্তানে আল জাজিরার ইংরেজি ওয়েবসাইটে প্রবেশাধিকার বন্ধ করে দেওয়া হয়েছে। যদিও শাহবাজ শরিফের নেতৃত্বাধীন সরকার এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার ঘোষণা দেয়নি। যদিও সমাজমাধ্যমে বহু পাক নাগরিক দাবি করেছেন, তারা আল জাজিরার ইংরেজি সংস্করণের ওয়েবসাইটে প্রবেশ করতে পারছেন না।

Advertisement

এই বিষয়ে সরাসরি মুখ না খুললেও পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় আল জাজিরার ‘বিভ্রান্তিকর’ এবং ‘উদ্দেশ্যপ্রণোদিত’ প্রতিবেদনের তীব্র সমালোচনা করেছে। মন্ত্রণালয়ের দাবি, সংবাদমাধ্যমটি বেছে বেছে কিছু তথ্য ও নির্দিষ্ট কিছু ব্যক্তির বক্তব্য প্রচার করে ‘আজাদ জম্মু ও কাশ্মীর’ (এজেকে) অঞ্চলের নির্বাচন ও ভোটগ্রহণ প্রক্রিয়াকে ভুলভাবে উপস্থাপন করেছে।

Advertisement

এক্সে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, ‘আজ মুজাফফরাবাদের কয়েকটি বাছাই করা ভোটকেন্দ্র থেকে আল জাজিরার নির্বাচিত প্রতিবেদন আমরা লক্ষ্য করেছি। নির্দিষ্ট সময় বেছে নিয়ে এবং নির্বাচিত কিছু ব্যক্তির পূর্বপরিকল্পিত বক্তব্য প্রচারের মাধ্যমে তারা এজেকে নির্বাচন ও ভোটগ্রহণ প্রক্রিয়াকে ভুলভাবে তুলে ধরার চেষ্টা করেছে।’

প্রসঙ্গত, এক বছরেরও বেশি সময় ধরে উত্তপ্ত পাক-অধিকৃত কাশ্মীর। নিজেদের অধিকারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে অধিকৃত কাশ্মীরের নাগরিক সমাজ। অর্থনৈতিক সঙ্কট, সাধারণ নাগরিকদের প্রতি বঞ্চনা, একের পর এক বিধিনিষেধ চাপানোর জেরে পাক-অধিকৃত কাশ্মীরে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল। তার উপরে স্থানীয় প্রশাসনের ব্যর্থতা এই বিক্ষোভকে আরও বাড়িয়ে তোলে। এরই মধ্যে ভোট শুরু হয়েছে অধিকৃত কাশ্মীরে। তাতেও অশান্তি অব্যাহত।

সংরক্ষিত ১২টি আসন পাক অধিকৃত কাশ্মীরে সংঘাতের কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। বিভিন্ন সংগঠনের যৌথমঞ্চ, জেএএসি ওই ১২টি সংরক্ষিত আসন তুলে দেওয়ার দাবি তুলেছে। পাক সরকারের ভূমিকা নিয়েও প্রশ্ন। এদিকে এই ক্ষোভ বিক্ষোভকে সামাল দেওয়ার বদলে দমন-পীড়ন চালানোর অভিযোগ উঠছে শাহবাজ সরকারের বিরুদ্ধে। গত সপ্তাহে নিরাপত্তাবাহিনীর গুলিতে অন্তত ২০ জন প্রতিবাদী নিহত হয়েছেন বলে অভিযোগ। এই অবস্থায় স্থানীয় বাসিন্দাদের একাংশ হুঁশিয়ারি দিয়েছেন, দাবি না মানলে ভারতের কাছে সাহায্য চাইবেন। আন্তর্জাতিক মঞ্চে এমন খবর পৌঁছে দিয়েই পাকিস্তানের চক্ষুশূল হল আল জাজিরা।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.