Pakistan

এবার ‘আরশোলা’ আতঙ্ক পাকিস্তানে! ‘ওরা সব ওলটপালট করে দিতে পারে’, শঙ্কিত মন্ত্রী নকভি

পাকিস্তানের বর্তমান শাসনব্যবস্থা মৌলিকভাবে ব্যর্থ হয়েছে, শাহবাজ সরকারকে অস্বস্তিতে ফেলে মন্তব্য মহসিন নকভির।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ৩১, ২০২৬, ১৯:১৩

options
link
এবার ‘আরশোলা’ আতঙ্ক পাকিস্তানে! ‘ওরা সব ওলটপালট করে দিতে পারে’, শঙ্কিত মন্ত্রী নকভি
দেশের অর্থনৈতিক সংকটের কথা বলেন মহসিন নকভি।

জেন জি আন্দোলনের সাক্ষী হয়েছে ভারত। এবার পাকিস্তানের তরুণ প্রজন্মও একই ধরনের বিক্ষোভ আন্দোলনে নামতে পারে। এমন আশঙ্কা করে শাহবাজ শরিফ সরকারকে সতর্কবার্তা খোদ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির। দেশের ক্রমবর্ধমান ভগ্ন অর্থনৈতিক অবস্থা এবং প্রশাসনিক দুর্বলতার প্রসঙ্গ টেনে একথা বলেন নকভি।

Advertisement

রাজধানী ইসলামাবাদে আয়োজিত ‘প্রথম অর্থনৈতিক সম্মেলন ২০২৬’-এ বক্তব্য রাখার সময় রাখঢাক না রেখে দেশের অর্থনৈতিক মন্দার কথা বলেন পাক স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পাকিস্তানের বর্তমান শাসনব্যবস্থা বা ‘গভর্ন্যান্স মডেল’ মৌলিকভাবে ব্যর্থ হয়েছে। তীব্র অর্থনৈতিক সংকট, দীর্ঘস্থায়ী মুদ্রাস্ফীতি ও ব্যাপক বেকারত্বের প্রসঙ্গ টেনে তিনি ক্ষমতাসীন অভিজাত শ্রেণি এবং হতাশ তরুণ প্রজন্মের মধ্যকার দূরত্বের বিষয়টি তুলে ধরেন।

Advertisement

নিট প্রশ্নফাঁসকে কেন্দ্র করে ভারতের সাম্প্রতিক জেন জি আন্দোলনের প্রসঙ্গ টেনে নাকভি বলেন, “তরুণরা যা চায়, তা আমরা দিতে পারছি না।” আরও বলেন, “আপনি তাদের তরুণ বলতে পারেন, আরশোলা বলতে পারেন, যা খুশি তাই বলতে পারেন। কিন্তু এই ‘আরশোলা’রা যদি ঐক্যবদ্ধ হয় তবে সবকিছু ওলটপালট করে দিতে পারে।”

Advertisement

পাক স্বরাষ্ট্রমন্ত্রী জোর দিয়ে বলেন, সামান্য কিছু ভাতা, ল্যাপটপ বা ট্যাবলেট বিতরণের মতো পদক্ষেপ করে ‘জেন জি’-কে আর শান্ত করা যাবে না। যোগ করেন, দেশের তরুণরা এখন মৌলিক অধিকারের দাবি জানাচ্ছে। যার মধ্যে রয়েছে মেধা-ভিত্তিক কর্মসংস্থান, প্রাতিষ্ঠানিক স্বচ্ছতা, ন্যায়বিচার এবং সমান অর্থনৈতিক সুযোগ। বলা বাহুল্য, পাক অধিকৃত কাশ্মীরে অশান্তির মধ্যে নাকভির এই মন্তব্যে বেজায় অস্বস্তিতে পড়েছে শাহবাজ শরিফ সরকার। কারণ জেন জি-রা সরকার ফেলে দিতে পারে বলেও শঙ্কিত নকভি। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.