S Jaishankar

ইউক্রেনে ৪ ভারতীয় নাবিকের মৃত্যুতে উদ্বিগ্ন জয়শংকর, দেখা করলেন রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে, কী কথা দু’জনের?

গত ১৯ জুলাই ইউক্রেনের ওডেসা বন্দর থেকে বেরিয়ে আসার সময় হামলার মুখে পড়ে ‘গোল্ডেন লিও’ ভুট্টাবাহী জাহাজটি। গিনি-বিসাউয়ের পতাকাবাহী এই জাহাজে মোট ১৭ জন নাবিক ছিলেন। বন্দর ছেড়ে কিছুদূর যাওয়ার পর পরপর ৩টি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে জাহাজে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৩, ২০২৬, ১৫:৪১

options
link
ইউক্রেনে ৪ ভারতীয় নাবিকের মৃত্যুতে উদ্বিগ্ন জয়শংকর, দেখা করলেন রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে, কী কথা দু’জনের?
রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর। ছবি: সংগৃহীত।

ইউক্রেনের বন্দরে পণ্যবাহী জাহাজে রুশ হামলায় ভারতীয় নাবিকের মৃত্যুর ঘটনার জের! আগেই রুশ রাষ্ট্রদূতকে তলব করেছিল নয়াদিল্লি। এবার ফিলিপিন্সের রাজধানী ম্যানিলায় রাশিয়ার বিদেশমন্ত্রী সার্গেই লাভরভের সঙ্গে দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর (S Jaishankar)। সূত্রের খবর, ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা তিনি তাঁকে জানিয়েছেন।

Advertisement

রুশ বিদেশমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের বিষয়টি নিজের এক্স হ্যান্ডলে উল্লেখ করেছেন জয়শংকর। লিখেছেন, ‘উপসাগরীয় অঞ্চলে ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিয়ে যে আমরা উদ্বিগ্ন, সেই বার্তা দিয়েছি। এ ছাড়াও ব্যবসা-বাণিজ্য-বিনিয়োগ-শক্তিসম্পদ, বিজ্ঞান-প্রযুক্তি-সহ নানা বিষয় নিয়েও আমাদের কথা হয়েছে। আমরা উপসাগরীয় অঞ্চলের বর্তমান পরিস্থিতি এবং ইউক্রেন-রাশিয়া সংঘর্ষ নিয়েও মত বিনিময় করেছি।’ রুশ বিদেশ মন্ত্রকের তরফেও এই সাক্ষাতের বিষয়টি সমাজমাধ্যমে জানানো হয়। এক্স হ্যান্ডলে লেখা হয়, ‘ম্যানিলায় রুশ বিদেশমন্ত্রী সার্গেই ল্যাভরভ-এর সঙ্গে কথা হয়েছে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের।’

Advertisement

বিদেশমন্ত্রকের তরফে জানা গিয়েছে, গত ১৯ জুলাই ইউক্রেনের ওডেসা বন্দর থেকে বেরিয়ে আসার সময় হামলার মুখে পড়ে ‘গোল্ডেন লিও’ নামে একটি ভুট্টাবাহী জাহাজ। গিনি-বিসাউয়ের পতাকাবাহী এই জাহাজে মোট ১৭ জন নাবিক ছিলেন। বন্দর ছেড়ে কিছুদূর যাওয়ার পরই ৩টি ক্ষেপণাস্ত্র আছড়ে পড়ে জাহাজে। সঙ্গে সঙ্গে বাণিজ্যতরীটিতে আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢাকে আকাশ। কিয়েভের তরফ থেকে জানানো হয়েছে, হামলায় মৃত্যু হয়েছে ৯ জন জাহাজকর্মী এবং ১ জন পাইলটের। তাঁদের মধ্যে ৪ জন ভারতীয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক। ইউক্রেনের দাবি, এই হামলার নেপথ্যে রয়েছে রাশিয়া।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.