সেনা বাহিনীতে ‘অগ্নিবীর’দের স্বল্প মেয়াদের চাকরি নিয়ে বিস্তর বিতর্ক হয়েছে। এই অবস্থায় ওই জওয়ানদের জন্য বড় ঘোষণা করল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য। সোমবার অবসরপ্রাপ্ত অগ্নবীর জওয়ানদের জন্য রাজ্য সরকারি চাকরিতে ২০ শতাংশ সংরক্ষণ (ক্লাস ত্রি পদে) ঘোষণা করল গুজরাট সরকার। খোদ মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল এক্স হ্যান্ডেলের পোস্টে অগ্নবীরদের জন্য সংরক্ষণের সুখবর দেন।
ভূপেন্দ্র প্যাটেলের ঘোষণা অনুযায়ী, প্রাক্তন অগ্নিবীরদের শারীরিক সক্ষমতার পরীক্ষা থেকেও ছাড় দেওয়া হবে। সর্বোচ্চ বয়সসীমার ক্ষেত্রেও তাঁরা তিন বছর পর্যন্ত ছাড় পাবেন। গুজরাটের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘অগ্নিবীর’-দের প্রথম ব্যাচের সদস্যদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমায় পাঁচ বছর পর্যন্ত ছাড় দেওয়ার বিষয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। এই সুবিধাগুলি সশস্ত্র পুলিশ সাব-ইন্সপেক্টর, সশস্ত্র পুলিশ কনস্টেবল, স্টেট রিজার্ভ পুলিশ (এসআরপি) প্লাটুন কমান্ডার এবং পুলিশ কনস্টেবল নিয়োগের ক্ষেত্রে প্রযোজ্য হবে।
ভূপেন্দ্র প্যাটেল আরও জানিয়েছেন, প্রাক্তন অগ্নিবীররা কারা ও বন দপ্তরে নিয়োগের ক্ষেত্রেও ছাড়ের সুবিধা পাবেন। তিনি বলেন, “কারা বিভাগের অধীনে ‘জেলার গ্রুপ-২’ ও ‘জেল সিপাই’ এবং বন ও পরিবেশ বিভাগের ‘ফরেস্ট গার্ড ক্লাস-৩’ ও ‘ফরেস্ট ওয়াচার ক্লাস-৩’ পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রেও প্রাক্তন অগ্নিবীরদের এই সুবিধা প্রদান করা হবে।”
কেন্দ্রীয় সরকার ও বিভিন্ন রাজ্য সরকারের সম্মিলিত সচেতন প্রচেষ্টা অগ্নিবীরদের জন্য রাজ্য সরকারি চাকরিতে সংরক্ষণ। এর লক্ষ্য হল ‘অগ্নিপথ’ প্রকল্পের আওতায় সফলভাবে চাকরির মেয়াদ শেষে জওয়ানদের জন্য পরবর্তী কর্মসংস্থানের ব্যবস্থা করা। উল্লেখ্য, ২০২২ সালে চালু হওয়া এই প্রকল্পের মাধ্যমে সশস্ত্র বাহিনীর তিনটি শাখার বিভিন্ন পদে তরুণদের চার বছরের মেয়াদে নিয়োগ দেওয়া হয়ে থাকে।
সর্বশেষ খবর
-
সর্বকালের সেরা, ‘হ্যান্ড অফ গডে’র দিন বিশ্বকাপে গোলের রেকর্ড ভাঙলেন GOAT মেসি
-
বাজেটে বরাদ্দ ৫০ কোটি, প্রসার ঘটবে ভাষা-সংস্কৃতির, মুখ্যমন্ত্রী শুভেন্দুকে ধন্যবাদ মূল মানতার
-
‘আসল’ তৃণমূলে গিয়ে মমতার চেয়ারে টান! ফিরহাদ, অরূপ-সহ একগুচ্ছ নেতাকে শোকজ কালীঘাটের
-
এবার জেলা হচ্ছে কলকাতাও! বাজেটে অর্থমন্ত্রীর ঘোষণায় বিভ্রান্তি, কেন এহেন সিদ্ধান্ত সরকারের?
-
এতদিন টাকা ঢুকত তৃণমূল নেতাদের পকেটে! গঙ্গা ভাঙনে বাজেট বরাদ্দে খুশি জঙ্গিপুর