দেবব্রত মণ্ডল, ক্যানিং: চাষের জমির পাম্পের মটর চুরিকে কেন্দ্র করে বিবাদ। আর তার জেরে ধুন্ধুমার দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ে। দুই পরিবারের মধ্যে মারামারির ঘটনা ঘটল। উঠল শ্লীলতাহানির অভিযোগ। জখমরা হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় আটজন জখম হয়েছেন বলে জানা গিয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
পুলিশ সূত্রে খবর, দুই পরিবারের বিবাদকে কেন্দ্র করে মারামারির ঘটনায় গুরুতর জখম হলেন উভয়পক্ষের মোট পাঁচজন। বৃহষ্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত তালদি পঞ্চায়েতের রাজাপুর গ্রামে। গুরুতর জখম হয়েছেন এক গৃহবধূ-সহ তাপসকুমার বৈদ্য, তারক সর্দার, কাঙাল চন্দ্র বৈদ্য ও রমেশ বৈদ্য। ঘটনায় দুই পরিবারে তরফেই ক্যানিং থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
তালদি রাজাপুর গ্রামের বাসিন্দা রমেশ বৈদ্য। তাঁর চাষের জমি থেকে মোটর চুরি হয় বলে অভিযোগ। সেই মোটর চুরিকে কেন্দ্র করে প্রথমে প্রতিবেশী তারক সর্দারকে বেধড়ক মারধর করা হয়। তাতেও ক্ষান্ত থাকা হয়নি। বৃহস্পতিবার রাতে রমেশ, রাজীব ও নিখিল বৈদ্যরা ফের তারক সর্দারদের বাড়িতে চড়াও হন। তারক সর্দার, তাপস বৈদ্যদের লাঠি, বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। আক্রান্তদের উদ্ধার করতে গিয়েছিলেন বৃদ্ধ কাঙালচন্দ্র বৈদ্য ও তাপসের স্ত্রী। তাঁদেরও ফেলে পেটানো হয় বলে অভিযোগ। ওই বধূর শ্লীলতাহানি করা হয়! কাপড় ছিঁড়ে দেওয়ার অভিযোগও উঠেছে। ঘটনায় গুরুতর জখম হন ওই পরিবারের চারজন। পরে রক্তাক্ত অবস্থায় তাঁদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁদের চিকিৎসা চলে।
আক্রান্ত বধূ বলেন, “ধানজমিতে মোটর চুরির বদনাম দিয়ে আমাদের বাড়িতে চড়াও হয় রমেশ, রাজীব ও নিখিল বৈদ্যরা। আমার স্বামী তাপস বৈদ্যকে মারধর করেন। তারক সর্দারকেও মারধর করেন। আমি ও আমার শ্বশুর তাঁদের উদ্ধার করতে গেলে আমাকে ও শ্বশুরকে মারধর করেন। থানায় অভিযোগ জানিয়েছি।” অন্যদিকে রমেশ বৈদ্য বলেন, “তারক সর্দার ও তাপস বৈদ্যরা আমাদের জমি দখল করার চেষ্টা করেন। প্রতিবাদ করলে মেরে মাথা ফাটিয়ে দেন। থানায় অভিযোগ দায়ের করেছি।”
সর্বশেষ খবর
-
পালাবদল হতেই আন্দোলনের পথ ছাড়ল কুড়মিরা, রেল-সড়ক অবরোধ থেকে সরে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে
-
বিনা যুদ্ধে নাহি দিব… হেরেও অমলিন থাকবে ভোজিনহাদের রূপকথা, কষ্টের জয়ে শেষ ষোলোয় আর্জেন্টিনা
-
নির্দল থেকে চেয়ারম্যান পদে! তৃণমূলের সমর্থনে কামারহাটির পুরপ্রধান লকেটের দাদা
-
বিধায়কদের ক্লাস করাতে এসে শুভেন্দুর প্রশংসায় পঞ্চমুখ ওম বিড়লা! মুখ্যমন্ত্রীর নিশানায় বাম-তৃণমূল
-
বিজ্ঞান জগতেও সমাদৃত শ্যামাপ্রসাদ! নতুন প্রজাতির ব্যাকটেরিয়ার নামকরণে ‘ভারত কেশরী’