অর্ণব দাস, বারাকপুর: একবছর গা ঢাকা দিয়ে থাকলেও শেষরক্ষা হল না। চুরি করা গলার হার পরে ফেসবুকে ছবি পোস্ট করে বিপাকে ‘চোর পরিচারিকা’! ধৃতের নাম দীপা দাস। তাঁকে গ্রেপ্তার করেছে বরানগর থানার পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডানকুনি থানা এলাকার বাসিন্দা ধৃত দীপা। তিনি বরানগর এমএনকে রোডের বাসিন্দা পরিমিতা মণ্ডলের বাড়িতে পরিচারিকার কাজ করতেন। অভিযোগ, গত বছর অগাস্ট মাসে পরিমিতাদেবীর দুটি সোনার চেন, একটি লকেট ও দু’জোড়া কানের দুল চুরি হয়। এনিয়ে থানায় অভিযোগ দায়ের হলে সন্দেহভাজন হিসাবে দীপাকে জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারীরা। কিন্তু তখন তিনি কোনওভাবে বেঁচে যান। পরে পরিচারিকার কাজও ছেড়ে দেন দীপা। পরিমিতাদেবীও লক্ষাধিক টাকার সোনার গহনার উদ্ধারের আশা ছেড়ে দিয়েছিলেন। এরইমধ্যে চলতি মাসে তিনি দেখেন তাঁর চুরি যাওয়ায় সোনার চেন পরে সোশাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন দীপা!
আর দেরি করেননি পরিমিতা, দৌড়ে যান বরানগর থানায়। পরিচারিকার ওই ছবি পুলিশকে দেন তিনি। তদন্তে নেমে গত সপ্তাহে দীপাকে গ্রেপ্তার করে জেরা করলে চুরির অভিযোগ স্বীকার করেন তিনি। পুলিশ জানতে পারে ডানকুনির বাড়ি ও নদিয়ার হরিণঘাটায় এক আত্মীয় বাড়িতে চুরি করা সোনার গয়না রেখেছেন তিনি। এই দু’জায়গায় তল্লাশি চালিয়ে দুটি সোনার চেন, একটি লকেট ও দু’জোড়া কানের দুল উদ্ধার করেন তদন্তকারীরা। বারাকপুর কমিশনারেটের ডিসি (সাউথ) অনুপম সিং জানিয়েছেন, জিজ্ঞাসাবাদের সময় ধৃত চুরির অভিযোগ স্বীকার করেছেন। গত বৃহস্পতিবার ডানকুনি থেকে এবং গত শনিবার হরিণঘাটায় অভিযুক্তের এক আত্মীয়ের বাড়ি থেকে চুরি যাওয়া সোনার গয়না উদ্ধার হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে গয়নাগুলি অভিযোগকারীকে ফেরত দেওয়া হবে।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?