সৌরভ মাজি, বর্ধমান: দুর্ঘটনাগ্রস্ত বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে নয়ানজুলিতে উলটে গেল যাত্রীবাহী বাস। ঘটনায় জখম হয়েছেন ৩০ জন যাত্রী। তাঁদের মধ্যে ৮ জনের অবস্থা গুরুতর। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের দেওয়ানদিঘি থানার রায়পুরে বর্ধমান-নবদ্বীপ রোডে। জখমদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে।
বুধবার রাতে কৃষ্ণনগর থেকে আসানসোল যাচ্ছিল বাসটি। বর্ধমান শহরে ঢোকার আগে রায়পুর ডাঙাপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, ওই এলাকায় একটি মারুতি ভ্যান এক মোটরবাইক আরোহীকে ধাক্কা মেরে পালায়। বাইক আরোহী রাস্তার উপর পড়েছিলেন। দ্রুতগতিতে বাসটি ওই জায়গায় আসে। বাসের সামনে একটি মোটরবাইক-সহ আরোহীকে পড়ে থাকতে দেখেন চালক। বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে বাসের চালক বাঁদিকে কাটাতে যান। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে নয়ানজুলিতে উলটে যায় বাসটি।
[আরও পড়ুন: ‘নিখোঁজ’ কংগ্রেস প্রার্থী, ভোটের আগে সামশেরগঞ্জে পোস্টার রহস্য]
স্থানীয়রা এসে উদ্ধারকাজ শুরু করেন। খবর পেয়ে পুলিশও ঘটনাস্থলে পৌঁছয়। জখমদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। যাত্রীদের অভিযোগ, বাসটি খুব দ্রুতগতিতে আসছিল। জখম যাত্রী অনিমা হালদার বলেন, “বাসটি খুব জোরে চালাচ্ছিলেন চালক। বারবার বারণ করা সত্ত্বেও শোনেননি। তারপর উলটে গেল বাসটি। আমার মেয়ে, মা, আমি আঘাত পেয়েছি।”
বাসটি উলটে যাওয়ার পর যাত্রীদের মধ্যে হুড়োহুড়ি লেগেছিল বাইরে বেরনোর চেষ্টায়। তাতেই অনেক যাত্রী আঘাত পেয়েছেন। সব মিলিয়ে ৩০ জন যাত্রী কম বেশি জখম হয়েছেন। তার মধ্যে ৮জন বাসযাত্রী গুরুতর আঘাত পেয়েছেন। তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে। পাশাপাশি, জখম বাইক আরোহীকেও বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভরতি করা হয়েছে।
[আরও পড়ুন: হিন্দু পরিচয়ে বিয়ে, স্ত্রীকে ধর্ষণে মদত, আদ্রার TMC নেতা খুনের মূলচক্রীর কীর্তিতে হতবাক পুলিশ]
সর্বশেষ খবর
-
‘লক্ষ্মী ছেলে’ থেকে অ্যাকশন হিরো, প্রকাশ্যে উজানের ‘কাতুকুতু বুড়ো’র টিজার
-
ভোট পরবর্তী হিংসায় জড়িত! ‘শৃঙ্খলার ঊর্ধ্বে কেউ নয়’, বর্ধমানের ২ নেতাকে সাসপেন্ড বিজেপির
-
‘মৃত্যুকে ভয় পাই না, এবছরই দেশে ফিরব’, ফাঁসির সাজা পেয়েও নির্ভয়ে ঘোষণা হাসিনার
-
হাসপাতালে চাকরির নামে আর্থিক ‘প্রতারণা’, গ্রেপ্তার বাঁকুড়ার তৃণমূল নেতা
-
‘আপনিই টিমটাকে শেষ করলেন’, বিশ্বকাপ থেকে ছিটকে যেতেই কোচকে তোপ ফুটবলারদের