মধ্যবিত্তের মাথায় ঝুলছে খাঁড়া, বাণিজ্যিক গ্যাসের সঙ্গে সঙ্গে এবার বেড়ে গেল অটোর এলপিজির দামও। এবার একধাক্কায় ৬ টাকা ৪৪ পয়সা দাম বেড়েছে অটোর গ্যাসের। বর্তমানে অটো এলপিজির নতুন দাম হল লিটার প্রতি ৮৯ টাকা ৪০ পয়সা।
নতুন মাস পড়তে না পড়তেই ফের বাড়ল অটোর এলপিজির দাম। যুদ্ধ পরিস্থিতির আগে এলপিজির দাম ছিল লিটার প্রতি ৫২ টাকা। গত ফেব্রুয়ারি মাসে পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বজুড়ে বিভিন্ন দেশে জ্বালানির সঙ্কট দেখা দিয়েছে। এর প্রভাব পড়েছে ভারতেও। অটোর এলপিজি, রান্নার গ্যাস থেকে শুরু করে জ্বালানির জোগান দিতে সমস্যা হচ্ছে। যুদ্ধ শুরুর পর গত ১১ মার্চ প্রথম অটোর গ্যাসের দাম ৫ টাকা বেড়েছিল। সেই সময় এক লিটার গ্যাসের দাম ৫৭ টাকা ৬৮ পয়সা থেকে বেড়ে দাঁড়ায় ৬২ টাকা ৬৮ পয়সা। এরপর ৩১ মার্চ অটোর এলপিজির দাম ফের বাড়ে। ৭ টাকা ৩২ পয়সা বেড়ে সেই সময় দাম পৌঁছায় ৭০ টাকায়। ১ এপ্রিল একধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা বাড়ে অটোর এলপিজির দাম। এক মাসের মাথায় ফের অটোর এলপিজির দাম ৬ টাকা ৪৪ পয়সা বেড়ে দাঁড়াল লিটার প্রতি ৮৯ টাকা ৪০ পয়সা।
আরও পড়ুন:
ইতিমধ্যেই বিভিন্ন রুটে অটো ভাড়া বাড়ানো হয়েছে। কিন্তু যেসব রুটে এতদিন ভাড়া বাড়ানো হয়নি সেই রুটেও এবার ভাড়া বাড়তে চলেছে। এই পরিস্থিতিতে বড়সড় চাপের মধ্যে পড়েছেন অটোচালকরা। ভোট মিটতেই ফের মূল্যবৃদ্ধির কোপে সাধারণ মানুষ। পকেটের টান মেটাতে ফের ভাড়া বাড়বে অটোর? বেহালা-রাসবিহারী রুটের এক অটোচালক বলছেন, “এই রুটে গতমাসেই ২৫ টাকা থেকে ভাড়া বেড়ে ৩০ টাকা হয়েছে। এমাসে কি আবার ভাড়া বাড়ানো যাবে? আমাদের পকেট থেকেই যাবে।”
অন্যদিকে, একসঙ্গে জ্বালানির দাম বাড়ানো শুরু করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। প্রথম কোপটা এল বাণিজ্যিক গ্যাসের উপর। ১০০-২০০ টাকা নয়, একধাক্কায় সিলিন্ডারপিছু ৯৯৩ টাকা করে বাড়ানো হল ১৯ কেজির বাণিজ্যিক গ্যাসের দাম। তবে এখনও পর্যন্ত সাধারণ গৃহস্থের জন্য বড় স্বস্তির খবর এটাই যে, ১৪.২ কেজির রান্নার গ্যাসের দামে কোনও পরিবর্তন করা হয়নি।
সর্বশেষ খবর
-
নিট-কাণ্ডে দেশজুড়ে আন্দোলনের পরিকল্পনা কংগ্রেসের, কাঁটা ঝাড়খণ্ড, কোন পথে তৃণমূল?
-
পিতৃহারা মেসিকে গোল উৎসর্গ, জার্সি খুলে বিশেষ বার্তা ‘বন্ধু’ ডি পলের, ভাইরাল ভিডিও
-
‘দল ভারী করার নামে ‘চোর-বাটপাড়’দের বিজেপিতে নয়’, কড়া বার্তা বিজেপি বিধায়কের
-
ভারত ছাড়ো আন্দোলনকে স্মরণ, স্বাধীনতা সংগ্রামীদের বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ মুখ্যমন্ত্রীর
-
মৃত্যু জল্পনার মাঝেই মোজতবার প্রথম ভিডিও প্রকাশ ইরানের! কোথায় আছেন সুপ্রিম লিডার?