অর্ণব দাস, বারাসত: বাংলাদেশের অস্থির পরিস্থিতির কারণে ভারত থেকে ভিসা দেওয়া বন্ধ। তবে সম্প্রতি প্রয়াগরাজের মহাকুম্ভে পুণ্যস্নানের জন্য ১৫ দিনের ভিসা দিচ্ছে ভারত সরকার। সেই ভিসায় এক বাংলাদেশি নাগরিক চার-পাঁচ দিন আগে হাবড়ায় এসেও প্রয়াগরাজে না যাওয়ায় সন্দেহ হয় পুলিশের। তদন্ত শুরু হতেই কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে আসে।
খোঁজ নিয়ে তদন্তকারীরা জানতে পারেন, যশোরের বাসিন্দা ৬৭ বছরের ধীরেন হালদার বিগত বারো বছর ধরে ভিসায় এদেশে যাতায়াত করছে। দীর্ঘদিনের যাতায়াতে দালাল ধরে সে হাবড়ার বানীপুরের ভুয়ো ঠিকানা ব্যবহার করে ভুয়ো পরিচয়পত্র বানিয়ে ফেলেছে। এই খবর পাওয়া মাত্রই বুধবার সকালে তাকে হাবড়া স্টেশন মোড় সংলগ্ন এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতের কাছ থেকে বাংলাদেশের পাসপোর্ট-সহ ভারতের ভোটার, আধার, প্যান কার্ড উদ্ধার হয়েছে।
এদিনই তাকে বারাসত আদালতে পেশ করা হলে ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। আদালতে পেশ করার সময় ভুয়ো পরিচয়পত্র নিয়ে বিস্ফোরক স্বীকারোক্তি করেছে ধীরেন। সংবাদমাধ্যমের কাছে সে জানিয়েছে, “১৫ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে এসেছি। আধার কার্ড তৈরি করতে ৫ হাজার টাকা লেগেছিল।” পুলিশ জানিয়েছে, বৈদেশিক আইন-সহ ভারতের ভুয়ো পরিচয়পত্র বানানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতকে জেরা করে এদেশের পরিচয়পত্র বানিয়ে দিতে সাহায্যকারী চক্রের খোঁজ চালানো হচ্ছে।
সর্বশেষ খবর
-
রাজ্যপালের দিকে পিছন ঘুরে দাঁড়ানোর ‘শাস্তি’! ৪ বছর ধরে কুচকাওয়াজে ব্রাত্য মাউন্টেড পুলিশের ঘোড়া
-
সাহগেল হোসেনের ফ্ল্যাটে উদ্ধার সোনা, বিপুল সম্পত্তির নথি! আটক অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী
-
স্বাধীনতা দিবসের রাতে নদিয়ায় জোড়া খুন! গুলিতে ঝাঁঝরা কংগ্রেস নেতা এবং তাঁর ছেলে
-
অন্ধপ্রদেশ থেকে ২০০ আইফোন চুরি! বাংলাদেশে পাচারের আগেই ফরাক্কায় ধৃত চার কীর্তিমান
-
‘ডিম থেরাপি’ নিয়ে প্রথমবার মুখ খুলল এবিভিপি, উপাসনার উপর হামলা নিয়ে কী বক্তব্য?