নন্দন দত্ত, সিউড়ি: পদ্ম নয়, আগামী লোকসভা নির্বাচনে এলাকার বিজেপির জন্য রজনীগন্ধার মালা রাখা হয়েছে৷ মৃত মানুষদের যেভাবে রজনীগন্ধার মালা দিয়ে সাজানো হয়, সেভাবেই বিজেপির ‘শব যাত্রা’য় সাজানো হবে বলে দলীয় কর্মীদের আরও একবার তাঁতিয়ে তুললেন অনুব্রত মণ্ডল৷
রবিবার তারাপীঠের সভা থেকে বিজেপিকে কটাক্ষ করলেন তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল৷ এদিন তারাপীঠে মহামিছিলের অংশ নেওয়ার পর জনসভা মঞ্চ থেতে অনুব্রত বলেন, “মৃত্যুকালে মানুষকে রজনীগন্ধা ফুল দেয়। বিজেপির জন্য ২০১৯ সালে রজনীগন্ধা ফুল তৈরি রাখা আছে৷ তোমাদের জন্য পদ্মফুল নয়৷”
রবিবার বিকেল তিনটে থেকে তারাপীঠের মহামিছিলে লোক আসতে শুরু করে। আকাশে তখনও ঘন কালো আষাঢ়ে মেঘ৷ বিকেল চারটে পর্যন্ত অনুব্রত মণ্ডলের জন্য অপেক্ষা করে মিছিল৷ কিন্তু, তাঁর আসতে দেরি হওয়ায় তড়িঘড়ি আটলা মোড় থেকে মিছিল শুরু হয়৷ হাঁটতে শুরু করেন কৃষিমন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, মৎস্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা, তৃণমূলের জেলা সহ সভাপতি অভিজিত রানা সিং, এলাকার পর্যবেক্ষক ত্রিদিব ভট্টাচার্য ও বিধায়করা৷ কিছুক্ষণ পরেই হুডখোলা গাড়িতে মঞ্চে হাজির হন অনুব্রত মণ্ডল৷ ততক্ষণে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে৷ ফলে মঞ্চে না বসেই বক্তব্য রাখতে শুরু করেন অনুব্রত মণ্ডল৷ বৃষ্টির জেরে ততক্ষণে ফুলিরডাঙ্গা বাস স্ট্যান্ড চত্বর ফাঁকা হয়ে গিয়েছে৷ বিভিন্ন হোটেল ছাদের নিচে আশ্রয় নিয়েছে কয়েক হাজার মানুষ৷ বৃষ্টিকে উপেক্ষা করেই অনুব্রত মণ্ডল বক্তব্য রাখতে শুরু করেন৷ বারবার বিজেপিকে চ্যালেঞ্জ জানান৷ বলেন, “রাস্তার দু’ধারে আজ লক্ষ লক্ষ মানুষ তারাপীঠে এসেছেন। তাঁরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে এসেছেন। দিন কয়েক আগে এখানে বিজেপির অমিত শাহ এসেছিলেন। কিন্তু উন্নয়ন দেখে কিছু বলতে পারেননি। কিন্তু পুরুলিয়ার মাটিতে বড় বড় কথা বলেছেন। ওই দিলীপ না ফিলিপ বলেছে, বীরভূমের লোকসভার আসন দুটো নেবে। দোষ নাই। বাচ্চা ছেলে তো। সামনে দুর্গাপুজো আসছে। পুজোয় নাড়ু হয় জানেন তো। বাচ্চা ছেলের হাতে নাড়ু দিলে কামড়াতে পারবে। লাল ঝোল মাখিয়ে দেবে। দিলীপ বোকা। তাই বলছে বীরভূমের লোকসভার আসন দুটো নেব৷ পাগল হয়ে গিয়েছে। মূর্খের দল। দুর্গাপুজোর অষ্টমীর দিন মায়ের ধ্যানে ১০৮টি পদ্ম ফুল লাগে। কিন্তু তোমাদের জন্য পদ্ম ফুল নয় বন্ধু৷ তোমাদের জন্য তো একটাই ফুল রজনীগন্ধা। কারণ রজনীগন্ধা ফুল শেষকালে লাগে। তাই তোমাদের জন্য রজনীগন্ধা ফুল রাখা আছে৷”
সর্বশেষ খবর
-
মন্ত্রীর সামনে ওঠবস করেও রেহাই নেই! দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার রেশন ডিলার
-
হিট লিস্টে ট্রাম্প, মেলোনি, ম্যাক্রোঁ-সহ ১৩ জন! বিশ্বনেতাদের মৃত্যু পরোয়ানা জারি ইরানের
-
৩০ দিন হেফাজতে থাকলেই অপসারণ! ‘দাগি’ প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীদের গদি কাড়ার বিলে সায় নেই যৌথ সংসদীয় কমিটির
-
গণহেনস্তার উৎসমুখ, সামাজিক বিকৃতির অন্ধকার
-
মেট্রোয় হেডফোন ছাড়া গান শুনলেই জরিমানা! কড়া সিদ্ধান্ত কর্তৃপক্ষের