নন্দন দত্ত, সিউড়ি: পুলিশের লকআপে নাবালকের মৃত্যুর প্রতিবাদে বীরভূমের মল্লারপুরে বন্ধ ঘিরে অশান্তি। থানায় ঢুকতে গেলে পুলিশি বাধার মুখে সৌমিত্র খাঁ (Saumitra Khan)। পুলিশের সঙ্গে বিজেপি কর্মী-সমর্থকদের ধস্তাধস্তিও হয়। মল্লারপুর থানার ওসির গ্রেপ্তারির দাবি জানান সৌমিত্র। যদিও তৃণমূল বিজেপির বিক্ষোভে চরম সমালোচনা করেছে। তাদের দাবি, আত্মহত্যাকে খুন বলে দাবি করে সস্তার রাজনীতি করছে বিজেপি।
উল্লেখ্য, ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার। এদিন চুরির অভিযোগে মল্লারপুরের বারুইপাড়ার বাসিন্দা শুভ মেহেনা নামে এক নাবালককে গ্রেপ্তার করে পুলিশ। নিয়ে যাওয়া হয় থানায়। গভীর রাতে মৃত্যু হয় শুভর। এরপরই পুলিশের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দেন মৃতের পরিবারের সদস্যরা। তাঁদের অভিযোগ, লকআপে অমানসিক অত্যাচারের কারণেই মৃত্যু হয়েছে শুভর। পুলিশই খুন করেছে তাঁদের পরিবারের সদস্যকে। অভিযুক্ত পুলিশ কর্মীদের শাস্তির দাবিও জানিয়েছেন তাঁরা। পরে যদিও নিজেদের বয়ান বদল করেন ওই নাবালকের বাবা-মা। আত্মহত্যা বলেই দাবি করেন তাঁরা। বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন বলেই দাবি মল্লারপুর থানার পুলিশের। তাঁদের কথায়, “লকআপে থাকাকালীন গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছেন শুভ। পুলিশ কর্মীরা তাঁকে কোনওরকম নিগ্রহ করেনি।”
[আরও পড়ুন: গুরুংয়ের প্রত্যাবর্তনে চিন্তিত জিটিএ নেতারা, মমতার সঙ্গে দেখা করতে আসছেন বিনয় তামাং]
এই ঘটনার প্রতিবাদে শনিবার মল্লারপুরে বন্ধ ডাকে বিজেপি (BJP)। নাবালকের মৃত্যুর প্রতিবাদে মল্লারপুর বাজার থেকে থানা পর্যন্ত মিছিল করে গেরুয়া শিবির। তাতে নেতৃত্ব দেন সৌমিত্র খাঁ। মিছিল শেষে থানায় ঢুকতে যান বিজেপি নেতা। তবে আগে থেকে ব্যারিকেড দেওয়া ছিল। সেই ব্যারিকেড সরানোর চেষ্টা করলে পুলিশ ও বিজেপি ধস্তাধস্তি শুরু হয়। সৌমিত্র খাঁ ওসির শাস্তি দাবি করেন। সুবিচারের আশায় রাষ্ট্রপতির দ্বারস্থ হবেন বলেও জানান তিনি। যদিও তৃণমূল বিজেপির এই আন্দোলনকে মোটেও ভাল চোখে দেখছে না। আত্মহত্যাকে খুন করে প্রমাণ করে সস্তার রাজনীতি করছে বলেই অভিযোগ ঘাসফুল শিবিরের।
[আরও পড়ুন: নবান্ন অভিযানে পুলিশের ‘মার’ খাওয়া কর্মীদের সংবর্ধনা দেবে বিজেপি যুব মোর্চা, ঘোষণা সৌমিত্রর]
সর্বশেষ খবর
-
বাড়ছে জনসংখ্যার বয়স, ধনী হওয়ার আগেই ‘বুড়ো’ হবে দেশ, বলছে সমীক্ষা
-
‘কিছু বখাটের নোংরা কথা, দলেও একজন আছে’, আশিসের মৃত্যুতে কাদের নিশানা অনুব্রতর?
-
‘ইতিহাসের অন্ধকার-মর্মান্তিক অধ্যায়’, ‘গ্রেট ক্যালকাটা কিলিং’য়ের ইতিহাস মনে করালেন মুখ্যমন্ত্রী
-
নথির প্রয়োজন নেই, দেখামাত্রই গ্রেপ্তার! অভিষেক ঘনিষ্ঠ বিনয়ের বিরুদ্ধে এবার ‘ওপেন ওয়ারেন্ট’
-
দীর্ঘ পথে ক্লান্তি! ঝরিয়াশোলে কাদায় আটকে মর্মান্তিক মৃত্যু হস্তিশাবকের, শত চেষ্টাতেও বাঁচাতে পারল না মা