নন্দন দত্ত, বীরভূম: হুবহু হিন্দি ফিল্মির দৃশ্য। চোর ডাঁট দেখাচ্ছে কোতোয়ালকে। চোরের ভয়ে সেঁধিয়ে গিয়েছে পুলিশ। চোরাই মোটরবাইক থানায় জমা পড়ার পর রাজনৈতিক ক্ষমতা খাটিয়ে তা বুক ফুলিয়ে ছাড়িয়ে নিয়েই গিয়েছে চোর। উপরন্তু তার পর থেকে টেলিফোনে সিভিক ভলান্টিয়ারকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলেছে চোর। চলছে গালিগালাজও। এমনই ঘটনা ঘটল ময়ূরেশ্বর থানার। সব জেনেও নিরুপায় ময়ূরেশ্বর থানার ওসি চয়ন ঘোষ।
[দামের ছেঁকায় বাদ ডিম, মিড-ডে মিলে পড়ুয়ারা পেল চিকেন]
অভিযোগ, ময়ূরেশ্বর (২) ব্লকের তৃণমূল সভাপতি আশিস চন্দ্রর নির্দেশেই চোর-সহ চোরাই মোটরবাইক ধরেও পুলিশকে ছেড়ে দিতে হয়েছে। যদিও পুলিশ ও ব্লক সভাপতি দু’পক্ষই ঘটনার কথা অস্বীকার করেছে। আশিসবাবুর সাফাই, “আমি চোরাই মোটর সাইকেল নিয়ে কিছু জানি না। যা করার পুলিশ করেছে। আমি আইনের বিষয়ে হস্তক্ষেপ করি না।” চোর ও তার চোরাই মোটরসাইকেল ধরেছিল বাসুদেবপুরের ছয় সিভিক ভলান্টিয়ার। দিন চারেক আগে বাসুদেবপুর স্বাস্থ্যকেন্দ্রের একটি পরিত্যক্ত সরকারি আবাসনের ভিতর রাখা ছিল একটি বাইক। বাইকের মালিকের সন্ধান না পেয়ে ময়ূরেশ্বর থানার বড়বাবুর নির্দেশে বাইকটি নিজেদের হেপাজতে রাখে সিভিকরা। দু’ দিন পরে বাইকের মালিক বলে দাবি করে প্রজাপাড়া গ্রামের লালন শেখ গাড়ি নিতে আসে। সিভিক ভলান্টিয়াররা থানার বড়বাবুর কাছে গিয়ে ছাড়পত্র আনার কথা বলেন। লালন তার বদলে পরের দিন রাতে ঘরের তালা ভেঙে বাইকটি নিয়ে পালায়। খবর যায় বড়বাবুর কাছে। সিভিকরা জানতে পারেন, গ্রামের শাহ আলম লালনের কাছ থেকে চোরাই বাইকটি কিনেছেন। বিষয়টি জানাজানি হতে শাহ আলম চোরাই বাইকটি ময়ূরেশ্বর থানার বড়বাবুর কাছে জমা দিয়ে আসেন। ময়ূরেশ্বর থানার ওসি চয়ন ঘোষ বাইক চোরাই চক্রের সন্ধান করতে গিয়ে প্রজাপাড়া গ্রামের পঞ্চায়েত সদস্য চাঁদ শেখ ও শাহ আলমকে ডেকে পাঠান। চাঁদ শেখ এলেও শাহ আলম থানায় আসেননি। অভিযোগ, এর পর এলাকার তৃণমূল নেতা জুল্লুর রহমান মারফত ব্লক সভাপতি আশিস চন্দ্র গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য বড়বাবুকে নির্দেশ দেন। গাড়ি হাতে পেয়ে এবার হুমকি শুরু করে লালন ও শাহ আলম।
[কাঠের সেতু পেরোতে ‘নজরানা’ ১০ টাকা! ক্ষোভে ফুঁসছে কালিন্দ্রীপাড়ের গ্রাম]
বাসুদেবপুর স্বাস্থ্যকেন্দ্রে পাহারারত ছয় সিভিক পুলিশ-সহ বাকি সিভিক ভলান্টিয়ারদের ফোনে রীতিমতো হুমকি দিতে শুরু করেছে বলে তাঁদের অভিযোগ। অভিযোগ, থানার ওসি চয়ন ঘোষকে এ বিষয়ে বলেও খুব একটা সুবিধা হয়নি। বরং চোরাই গাড়ি চক্রের হদিশ করতে গিয়ে তাঁরাই এখন চক্রের শত্রু হয়ে দাঁড়িয়েছে।
ছবি: সুশান্ত পাল
সর্বশেষ খবর
-
দুর্গাপুরে জঙ্গল থেকে ইসিএল কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার, ঋণের চাপ নাকি অন্য কারণ?
-
চন্দ্রিমা বিদায়ে দলের রাজ্য সভানেত্রী মমতা নিজেই! দুই সাধারণ সম্পাদক মদন ও কুণাল
-
পিতৃপক্ষে উদ্বোধন নয়, জৌলুস হারাবে শ্রীভূমি! তৃণমূল নেতা-মন্ত্রীদের দুর্গাপুজোর ভবিষ্যৎ কী?
-
‘আপনাদের ই-২০ পেট্রল নেব না’, ভারতের প্রস্তাব পত্রপাঠ খারিজ ভুটানের
-
একজন ক্ষুরধার প্রতিভাবান ব্যক্তিত্ব, তবুও কেন ব্রাত্য হয়ে রইলেন বঙ্কিম?