সুবীর দাস, কল্যাণী: বিজেপির প্রতিষ্ঠাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মদিনে এলাহি আমিষ ভোজন নিয়ে বিতর্কে জড়াল বিজেপির একাংশ। রবিবার তাঁর জন্মদিন উপলক্ষে কল্যাণীর সেন্ট্রাল পার্কে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। দলের প্রবক্তাকে শ্রদ্ধা জানাতে হাজির ছিলেন এলাকার বিশিষ্ট নেতা-কর্মীরা। সব ঠিক থাকলেও মধ্যাহ্নভোজের রান্না নিয়ে শুরু হয় বিতর্ক। দেখা যায়, ভাত, মাংস হচ্ছে। অথচ শ্যামাপ্রসাদ নিজে ছিলেন নিরামিষাশী। তাঁর জন্মদিনে দেদার আমিষ ভোজনের আয়োজন কেন? এনিয়ে কার্যত দ্বিধাবিভক্ত হয়ে পড়েন সংগঠনের সদস্যরা। বিষয়টি প্রকাশ্যে আসায় কটাক্ষ করতে ছাড়েনি স্থানীয় তৃণমূল নেতৃত্ব।
রবিবার শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মবার্ষিকী। সেই উপলক্ষে কল্যাণীর অনু্ষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল বিজেপির নয়া রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর। কিন্তু সকাল থেকে ঝড়বৃষ্টির কারণে তিনি সেখানে যেতে পারেননি। স্থানীয় নেতৃত্বের তরফে সেন্ট্রাল পার্কের শ্যামাপ্রসাদের শ্বেতপাথরের আবক্ষ মূর্তিতে মাল্যদান করে জন্মদিন পালন করা হয়। সকালের অনুষ্ঠান শেষে দলীয় কর্মীদের জন্য রান্নাবান্নার আয়োজন করা হয়। হেঁশেলে ঢুকে দেখা যায়, বিশাল কড়াইয়ে মাংস রান্না হচ্ছে। পাশে হাঁড়িতে ফুটছে ভাত। ডক্টর শ্যামাপ্রসাদ ছিলেন নিরামিষভোজী। অথচ তাঁরই জন্মদিনের অনুষ্ঠানে মেনুতে মাংস-ভাত! তা মেনে নিতে পারেনি দলেরই একাংশ। এক নেতা তো মন্তব্য করেই ফেললেন, “আমিষ না রাখলেই ভালো হতো, তাতে সম্মান বজায় থাকত।”
এনিয়ে বিতর্ক শুরু হতেই উদ্যোক্তারা অবশ্য দায় এড়িয়ে বলছেন, সংঘের প্রচার ও জনসংযোগমূলক অনুষ্ঠানে আমিষ খাওয়ার চল রয়েছে। এতে দোষের কিছু নেই। তবে বিষয়টি ঘিরে বিজেপির অন্দরে মতভেদ ফের প্রকাশ্যে চলে এল। এতে জেলায় রাজনীতির পারদ চড়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের শাসকদল তীব্র কটাক্ষ করেছে। ঘাসফুল শিবিরের মন্তব্য, একজন নিরামিষভোজী নেতার স্মরণে এই ধরনের আয়োজন দলের মূল্যবোধকেই প্রশ্নের মুখে ফেলল।
সর্বশেষ খবর
-
দাম্পত্যে প্রেম চাইলে লাল, পড়াশোনায় সবুজ, বাস্তুমতে পর্দা বাছার অমোঘ টোটকা জানেন?
-
রানাঘাট পুরসভাও হাতছাড়া তৃণমূলের, চেয়ারম্যান-সহ পদত্যাগ ১৩ কাউন্সিলরের, দায়িত্বে কে?
-
‘ভুয়ো এসটি সার্টিফিকেট যারা নিয়েছে ও দিয়েছে, গ্রেপ্তার হবে’, হুল দিবসে হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর
-
বড় জমিদার জাহাঙ্গির! ফলতায় ‘পুষ্পা’র সম্পত্তির নথি হাতে পেয়ে তাজ্জব পুলিশ
-
মন্ত্রিসভায় একঝাঁক রদবদল, নিট কেলেঙ্কারির জেরে পদ যাচ্ছে ধর্মেন্দ্র প্রধানের! নয়া শিক্ষামন্ত্রী কে?