নিজস্ব সংবাদদাতা, ডোমকল: নির্মীয়মাণ শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচিল ভাঙাকে কেন্দ্র করে মঙ্গলবার সকালে রণক্ষেত্রের চেহারা নিল মুর্শিদাবাদের ডোমকল৷ সাহাদিয়াড় গ্রামের ওই ঘটনায় জড়িয়ে পড়েন স্থানীয় তৃণমূল ও বাম-কংগ্রেস কর্মীরা৷ দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ও হয়৷ গুলি লাগে স্থানীয় গড়াইমারি গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান সিরাজ মণ্ডলের শরীরে৷ গুরুতর জখম অবস্থায় তাঁকে নিয়ে যাওয়া হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে৷
গুলি লাগে কংগ্রেসের বাবলু মণ্ডলের শরীরেও৷ তাঁর অবস্থাও সংকটজনক৷ তাঁকেও ভর্তি করা হয়েছে মুর্শিদাবাদ মেডিক্যালে৷ দু’পক্ষই ঘটনার দায় একে অপরের উপর চাপিয়েছে৷ এই ঘটনা সিপিএমের ইন্ধনে ঘটেছে বলে সরাসরি অভিযোগ করেছেন মুর্শিদাবাদের তৃণমূলের জেলা সভাপতি মান্নান হোসেন৷
স্থানীয় তৃণমূল নেতাদের দাবি, ডোমকলের সাহাদিয়াড় গ্রামে একটি হাইমাদ্রাসা রয়েছে৷ সেখানে হস্টেল নির্মাণের কাজ চলছে৷ মঙ্গলবার সকালে সেখানে সীমানা পাঁচিল দেওয়ার কাজ চলছিল৷ সেখানেই বাম-কংগ্রেস কর্মীরা কাজ বন্ধ করতে চলে আসে৷ তা নিয়ে গোলমাল বাধে৷ গুলিবিদ্ধ হন উপপ্রধান তথা ওই মাদ্রাসার পরিচালন সমিতির সম্পাদক সিরাজ মণ্ডল৷
গুলিবিদ্ধ কংগ্রেসকর্মী বাবলু মণ্ডলের দাবি, সংঘর্ষ থামাতে গিয়ে তিনি জখম হয়েছেন৷ তাঁর কথায়, হস্টেলের পাঁচিল নির্মাণে তদারকি করছেন এলাকার সিপিএম ও কংগ্রেস কর্মীরা৷ কিন্তু মঙ্গলবার সকালে তৃণমূলের ছেলেরা কাজ বন্ধ করতে বলে৷ তা নিয়ে গোলমাল ছড়ায়৷ সিপিএমের মুর্শিদাবাদ জেলা কমিটির সদস্য নারায়ণচন্দ্র দাস বলেন, “গোলমালের বিষয়ে শুনেছি৷ তবে কী নিয়ে গোলমাল জানি না৷” ডোমকলের এসডিপিও সুরজিৎ কুমার বলেন, “সাহাদিয়াড় হাই মাদ্রাসা সংলগ্ন জায়গায় নির্মীয়মাণ একটি হস্টেলের দখলদারি নিয়ে সংঘর্ষের সূত্রপাত৷ পুলিশ ঘটনার তদন্ত করছে৷ কেউ গ্রেফতার হয়নি৷”
সর্বশেষ খবর
-
‘পড়াশোনা করে নম্বর বাড়াতে পারি, আন্দোলনে কেন যাব?’ মুখ খুললেন নিটে দ্বিতীয় স্থানাধিকারী
-
১৭ বছরের আগেই ‘মা’! স্বামীর বিরুদ্ধেই পকসো মামলা, বাল্যবিবাহ রুখতে আরও কড়া লালবাজার
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর