রাজা দাস, বালুরঘাট: দক্ষিণ দিনাজপুরের ভারত-বাংলাদেশ সীমান্তে রাতে কার্যত কারফিউ জারি করল জেলা প্রশাসন। আগামী দুই মাস এই নির্দেশ বহাল থাকবে বলে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার সীমান্তবর্তী বালুরঘাট, হিলি, তপন, কুমারগঞ্জ, গঙ্গারামপুর, কুশমন্ডি এই ৬টি থানাকে সজাগ করা হয়েছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর সীমান্তে কোনও ধরণের উত্তেজনা বা অশান্তি এড়াতে এই নির্দেশ বলেই অনুমান করছে ওয়াকিবহল মহল। তবে স্থানীয় প্রশাসনের দাবি, সাধারণ নিরাপত্তার কারণে এই নির্দেশ।
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত সীমান্তের ৮ কিলোমিটার পর্যন্ত ব্যাসার্ধে ৭৭ ধরণের পণ্য ও সামগ্রী নিষিদ্ধ করা হয়েছে। এর মধ্যে রয়েছে চাল, গম, শিশুর খাবার, মাংস, যে কোনও ধরণের ধাতু, বাইক, বৈদ্যুতিক সামগ্রী। এছাড়া ওই সময়ের মধ্যেই সীমান্ত থেকে আট কিলোমিটার ব্যাসার্ধে নিষিদ্ধ করা হয়েছে পরিবহণ সামগ্রী বহনকারী যানগুলিও। রিক্সা, বাইক, টেম্পো, লরি-সহ একাধিক যান চলবে না। মানুষের যাতায়াতেও বিধিনিষেধ জারি হয়েছে।
এছাড়া ওই সময়ের মধ্যে সীমান্তের ৩০০ মিটারের মধ্যে পশুচারণ নিষিদ্ধ করেছে প্রশাসন। সেই সঙ্গে, সীমান্ত থেকে ৫০ মিটার ব্যাসার্ধে ৩ ফুটের বেশি উচ্চতা হয় এমন ফসল চাষেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ১৭ জানুয়ারি ২০২৬ পর্যন্ত এই নির্দেশ কার্যকর থাকবে। এই নির্দেশে কিছুটা উদ্বিগ্ন সীমান্তের গ্রামগুলির বাসিন্দারা। দক্ষিণ দিনাজপুরের জেলাশাসক বালাসুব্রাহ্মণিয়াম টি জানান, এটি একটি রুটিন নিরাপত্তা ব্যবস্থা। এর আগেও একই ধরনের আদেশ দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
-
মেয়রের ইস্তফার পরেই বিধাননগর পুরনিগমে বসল প্রশাসক, হাওড়া পুরসভাতেও নয়া কমিশনার
-
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য, ‘চোর’ স্লোগান জনতার
-
ঝড়-বৃষ্টি, হড়পা বানে বিপর্যস্ত উত্তরের বিস্তীর্ণ এলাকা, সিকিমে ভূমিধসে মৃত ১, নিখোঁজ ৪
-
বঙ্গে সাংগঠনিক রদবদলের পথে বিজেপি, দিল্লিতে শমীক-বনসল দীর্ঘ বৈঠক
-
মমতার জন্যই ধ্বংস ইন্ডিয়া জোট, নীতীশের এনডিএ যোগের নেপথ্যেও কালীঘাট! প্রকাশ্যে রিপোর্ট