ধীমান রায়, কাটোয়া: একাদশ শ্রেণির এক ছাত্রকে মেরে মাথা ফাটিয়ে দিল দ্বাদশ শ্রেণির কয়েকজন ছাত্র। স্কুলে চড়াও হয়ে কয়েকজন ছাত্রকে পালটা মারধর করলেন আক্রান্ত ছাত্রের পরিবারের লোকেরাও। শিক্ষক দিবসের অনুষ্ঠানকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড পূর্ব বর্ধমানের আউশগ্রামের উক্তা পিচকুড়ি উচ্চ বিদ্যালয়ে। সমস্যার সমাধানে বিডিও ও স্থানীয় বিধায়কের দ্বারস্থ স্কুলের প্রধান শিক্ষক। যদিও এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে খবর।
[ তদন্তে গিয়ে বনকর্মীর হাতে নিগৃহীত জেলাশাসক, আলিপুরদুয়ারে চাঞ্চল্য]
আউশগ্রামের উক্তা পিচকুড়ি উচ্চ বিদ্যালয়ের কমনরুম নিয়ে উঁচু ক্লাসের পড়ুয়াদের মধ্যে বিবাদ চলছিল। দ্বাদশ শ্রেণির ছাত্রদের বিরুদ্ধে প্রধানশিক্ষককে কাছে নালিশও করেছিল একাদশ শ্রেণির কয়েক ছাত্র। এদিকে আবার সামনেই শিক্ষকদিবস। ওইদিন রাজ্যের সমস্ত স্কুলেই শিক্ষকদের শ্রদ্ধা জানাতে স্কুলের অনুষ্ঠানে আয়োজন করে পড়ুয়াদের। ব্যতিক্রম নয় উক্তা পিচকুড়ি উচ্চ বিদ্যালয়। কিন্তু সেই অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে কারা থাকবে? ফের নতুন করে অশান্তি শুরু হয় স্কুলে। একাদশ শ্রেণির এক ছাত্রকে দ্বাদশ শ্রেণির কয়েকজন ছাত্র বেধড়ক মারধর করে বলে অভিযোগ। আক্রান্তের মাথা ফেটে যায়। এরপর স্কুলে চড়াও হন আহত ছাত্রের পরিবারের লোকেরা। তাঁরা আবার দ্বাদশ শ্রেণির কয়েকজন ছাত্রকে বেধড়ক মারধর করেন বলে জানা গিয়েছে। তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়ে আউশগ্রামের উক্তা পিচকুড়ি উচ্চ বিদ্যালয়ের। স্কুল কর্তৃপক্ষের দাবি, পড়ুয়া ও অভিভাবকদের সঙ্গে আলোচনা করে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করা হয়েছিল। কিন্তু তাতে পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। কয়েক ঘণ্টার জন্য বন্ধ হয়ে যায় পঠনপাঠন। শেষপর্যন্ত, পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আউশগ্রামের উক্তা পিচকুড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধানশিক্ষক সুজাউদুল্লা মল্লিক বলেন, ‘আমরা আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করেছিলাম। অভিভাবকরা রফায় রাজি হননি। বিডিও ও স্থানীয় থানাকে গোটা ঘটনার কথা জানিয়েছি।’ তবে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের হয়নি বলে জানা গিয়েছে।
[মাথাভাঙায় ভয়াবহ দুর্ঘটনায় ২ শিশু-সহ মৃত ৬]
ছবি: জয়ন্ত দাস
সর্বশেষ খবর
-
‘কুকুররা ঘেউঘেউ করে, বাঘেরা করে শিকার’, উদ্ধব শিবিরকে আক্রমণ একনাথের
-
২৩ জুন থেকে শ্যামাপ্রসাদ পক্ষ, ইতিহাস সামনে আসুক চান উচ্চশিক্ষামন্ত্রী
-
গ্রেপ্তার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী, মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর ‘অ্যাকশনে’ পুলিশ
-
ভিনি মায়ায় সম্মোহিত হাইতি! বড় ব্যবধানে বিশ্বকাপে প্রথম জয়ের মুখ দেখল ব্রাজিল, থাকছে চিন্তাও
-
বঙ্গ ক্রিকেট সংস্থার যুগ্মসচিব পদে নির্বাচন ২০ জুলাই, একরাশ প্রশ্নের মুখে নির্বাচনী অফিসার