চাষের জমিতে অবৈধভাবে কাঁটাতার ও বিদ্যুতের তার লাগানো ছিল। সেই ফসলি জমিতে নেমেই মর্মান্তিক মৃত্যু হল এক পূর্ণবয়স্ক পুরুষ হাতির! রাতে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে এসেই বেঘোরে ওই হাতিটি মারা গেল। প্রাথমিকভাবে এমনই মনে করছেন বনদপ্তরের কর্মীরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বৈকুন্ঠপুর জঙ্গল সংলগ্ন নোধাবাড়ি গ্রামে। জানা গিয়েছে, ঘটনার পর থেকেই ওই জমির মালিক পলাতক। দলছুট ওই হাতিটি গ্রামে ঢুকে পড়ে মৃত্যু হল! হাতির মৃত্যুতে স্থানীয়দের মধ্যেও শোকের ছায়া।
দিন কয়েক আগেই পশ্চিম মেদিনীপুর জেলায় চাষের জমিতে নেমে বিদ্যুৎবাহী তারের সংস্পর্শে প্রাণ হারিয়েছিল মা হাতি ও দুই শাবক। তিনটি হাতির মর্মান্তিক মৃত্যুতে শোরগোল ছড়িয়েছিল। পুলিশ ও বনদপ্তর তদন্তে নেমে ওই জমির মালিককে গ্রেপ্তার করেছে। তদন্তে জানা গিয়েছে, চাষের জমিতে সাবমার্টিপল পাম্প চালানোর জন্য রাস্তার ধারের বিদ্যুতের খুঁটি থেকে হুকিং করা হয়েছিল। সেই হুকিংয়ের তারেই মৃত্যু হয়েছিল ওই মা ও শাবকদের। সেই ঘটনার রেশ না কাটার আগেই এবার জলপাইগুড়িতে একইভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক দাঁতালের।
আরও পড়ুন:

জানা গিয়েছে, এদিন সকালে স্থানীয়রা চাষের কাজে বেরিয়েছিলেন। সেসময় ওই জমিতে ওই দাঁতালটিকে পড়ে থাকতে দেখেন তাঁরা। খবর দেওয়া হয় পুলিশ ও বনদপ্তরে। স্থানীয় বনদপ্তরের আধিকারিক, কর্মীরা ঘটনাস্থলে পৌঁছন। জলপাইগুড়ি থানার পুলিশও ঘটনাস্থলে যায়। ওই হাতির দেহের পাশ দিয়ে বিদ্যুতের তার যেতে দেখা গিয়েছে। ওই তারেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই মাঝবয়সী হাতিটির। এমনই মনে করছেন আধিকারিকরা।
এভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে অতীতেও জেলায় একাধিক হাতির মৃত্যু হয়েছে। হাতিদের রক্ষা করতে জমিতে বিদ্যুতের তার লাগানো নিষিদ্ধ করেছে প্রশাসন। হাতিদের থেকে জমির ফসল রক্ষার জন্য রাতে জমিতে বিদ্যুতের তার অনেক জায়গায় বিছিয়ে রাখা হয় বলে অভিযোগ। ওই জমিতেও কাঁটাতারের সঙ্গে রাতে বিদ্যুৎবাহী তার ছিল। ওই জমির মালিকের খোঁজে চলছে পুলিশের তল্লাশি।
কিন্তু কীভাবে ওই হাতিটি সেখানে এল? জানা গিয়েছে, গতকাল রাতে তিনটি হাতির একটি দল জঙ্গল থেকে বেরিয়ে লোকালয়ে চলে এসেছিল। সেসময় বনকর্মীরা তাড়া করে দুটি হাতিকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছিল। এই হাতিটি দলছুট হয়ে নোধা বাড়ি গ্রামের দিকে ঢুকে পড়েছিল। সেটিই রাতে চাষের জমিতে ঢুকে বেঘোরে প্রাণ হারাল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সোশাল মিডিয়ায় জাত তুলে গালি, তফসিলি জাতি-উপজাতি আইনে বিচার হবে, রায় কলকাতা হাই কোর্টের
-
১৯৬৭-তে চন্দননগরে আসেন সন্ন্যাসী সুভাষচন্দ্র! কেউ জানত না?
-
অবশেষে খুলল পাক আকাশসীমা, মধ্যরাতেই ঢাকা পৌঁছবে রুশ পরমাণু জ্বালানি
-
সানরাইজার্স ছাড়ছেন ‘অখুশি’ অভিষেক! তারকা ব্যাটারকে নিতে ঝাঁপাচ্ছে কোন দলগুলো?
-
অবৈধ দোকান উচ্ছেদে বেসরকারি জেসিবি ব্যবহার, বুলডোজার-কাণ্ডে রাজ্যকে কী বার্তা হাই কোর্টের?