সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক সহশিক্ষকের অশ্লীল ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ায় চাঞ্চল্য৷ অশ্লীল সেই ভিডিও এখন স্কুলের পড়ুয়াদের হাতে হাতে৷ ওই শিক্ষককে স্কুলে রাখা নিয়ে আপত্তি তুলে মঙ্গলবার তুমুল বিক্ষোভ দেখায় ছাত্র-ছাত্রীরা৷ দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামপুর হাই স্কুলের এই ঘটনায় বন্ধ হয়ে যায় পঠন-পাঠন৷
ঘটনার দিন দুপুর থেকে বিকেল পর্যন্ত স্কুলের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ আন্দোলন চালায় স্কুলের পড়ুয়ারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে বাধার মুখে পড়ে৷ স্কুলে উত্তেজনার খবর পেয়ে ঘটনাস্থলে যান তপনের বিডিও সিদ্ধার্থ সুব্বা, উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা-সহ জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা৷ সকলকেই বিক্ষোভের মুখে পড়তে হয় এদিন৷ জানা গিয়েছে, অভিযুক্ত ওই শিক্ষকের নাম সুবীর গোস্বামী৷ তিনি ভূগোলের শিক্ষক৷
স্কুলের পড়ুয়াদের অভিযোগ, অভিযুক্ত ওই শিক্ষক প্রায় দিনই স্কুলে মদ্যপ অবস্থায় আসতেন৷ এমনকী, ছাত্রীদের সঙ্গে অশালীন আচরণও করতেন৷ অযথা নানা কারণে স্কুলে ছাত্র-ছাত্রীদের হেনস্তা করতেন তিনি৷ সপ্তাহখানেক আগে হঠাৎ তারা ফেসবুকে ওই শিক্ষকের অশ্লীল ভিডিও দেখতে পায়৷ এর পর সেই ভিডিও ছড়িয়ে পড়ে স্কুলের বেশিরভাগ ছাত্র-ছাত্রী থেকে এলাকাবাসীদের মোবাইলে৷ মঙ্গলবার ছাত্র-ছাত্রীরা স্কুলে আসার পর থেকেই অভিযুক্তের বহিষ্কার দাবি তুলে সরব হয়৷ টিফিনের সময় স্কুলের মূল দরজা বন্ধ করে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ দেখায়৷ সেই সময় স্কুলের শিক্ষক-শিক্ষিকারা ঘরে দরজা বন্ধ করে দিয়ে ভিতরে ছিলেন৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে তপন থানার ওসি বিশ্বজিৎ ভট্টাচার্যর নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী৷ আসে কমব্যাট ফোর্সও৷ স্কুলে আসেন তপনের বিডিও ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্টমন্ত্রী বাচ্চু হাঁসদা-সহ অন্যান্য জেলা পুলিশের আধিকারিকরা৷ তাঁদের ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকে স্কুলের ক্ষুব্ধ পড়ুয়ারা৷ এমনকী, স্কুলে ঢুকতে দেওয়া হয়নি পুলিশ বা কমব্যাট ফোর্সকে৷ ছাত্র-ছাত্রীরা তাদের বাড়িতে অনড় থাকে বিকেল পর্যন্ত৷ পরে বাচ্চু হাঁসদা অভিযুক্তকে আটক করে নির্দেশ দিলে শান্ত হয় পরিস্থিতি৷ পুরো ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছেন বাচ্চুবাবু৷
অন্যদিকে ঘটনায় ক্ষুব্ধ ছাত্র-ছাত্রীরা বিডিও সিদ্ধার্থ সুব্বার কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে৷ এলাকায় উত্তেজনা থাকায় ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে৷ উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের রাষ্ট্রমন্ত্রী, বাচচু হাঁসদা বলেন, ভিডিওটিতে থাকা ব্যক্তি ওই শিক্ষক কি না তা পরিষ্কার করে বোঝা যাচ্ছে না৷ তবে অভিযোগ অনুযায়ী শিক্ষককে পুলিশ গ্রেফতার করেছে৷ এখন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷ ছাত্রদের বলা হয়েছে স্কুলের পঠন পাঠন বজায় রেখে স্বাভাবিক পরিস্থিতি গড়ে তুলতে৷
সর্বশেষ খবর
-
‘হিরো, আপনিই বাঁচিয়েছেন’, ককপিটে সতীর্থের ছুরিতে রক্তাক্ত হয়েও কর্তব্যে অবিচল ভারতীয় পাইলট
-
বার্বিকিউ কাণ্ড থেকে শিক্ষা! দার্জিলিং-কালিম্পংয়ে রেজিস্ট্রেশন ছাড়া কত হোমস্টে? রিপোর্ট চাইলেন মন্ত্রী
-
রাজ্যে আম্বানিদের বিনিয়োগ! রিলায়েন্স কর্তাদের সঙ্গে নবান্নে বৈঠক মুখ্যমন্ত্রীর, বললেন, ‘ঢপবাজি বন্ধ, এবার শুধু কাজ’
-
নজিরের ছড়াছড়ির রাতে উজ্জ্বল গিল, রোহিত এখনও ‘হিট’, বোলারদের বধ্যভূমিতে সিরিজ জয় ভারতের
-
ধর্মীয় ভাবাবেগ ও পরিবেশ দু’টোই গুরুত্বপূর্ণ! বাজি পোড়ানোয় নিষেধাজ্ঞায় ‘না’ সুপ্রিম কোর্টের