স্টাফ রিপোর্টার: এবার জেলায় জেলায় শুরু মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠক৷ দ্বিতীয় ইনিংস শুরু করার পর পশ্চিম মেদিনীপুরের ঝাড়গ্রাম থেকেই জেলার প্রশাসনিক বৈঠক শুরু করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উন্নয়নের লক্ষ্যেই কাজ করে যেতে চাইছেন মমতা৷ তাই কাজের লক্ষ্যপূরণ করতে নির্দিষ্ট সময়ও বেঁধে দিচ্ছেন তিনি৷ দ্বিতীয় পর্যায়ে সরকার গঠনের পর প্রথম জেলাভিত্তিক প্রশাসনিক বৈঠকের জন্য জঙ্গলমহলকে বেছে নিয়েছেন মমতা৷ ২৯টি ব্লকের বিডিও, সব দফতরের আধিকারিক ছাড়াও বৈঠকে উপস্থিত থাকছেন মন্ত্রী শুভেন্দু অধিকারী, অনগ্রসর কল্যাণ দফতরের মন্ত্রী চূড়ামণি মাহাতো-সহ জেলার বিধায়করা৷ সাংসদ মুকুল রায়, সন্ধ্যা রায়, উমা সরেনও থাকছেন৷
বৈঠকের পরই প্রকৃতি পর্যটন কেন্দ্রের লাগোয়া বাদরহোলায় আদিবাসী উন্নয়নে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী৷ সেখানে সাংসদ উমা সরেন-সহ আদিবাসী উন্নয়নে সব সাংসদ, বিধায়ক, মন্ত্রীরা থাকবেন৷ প্রত্যেককেই যুক্ত করে আদিবাসী কল্যাণে নির্দিষ্ট রূপরেখা তৈরি করতে চান তিনি৷ আদিবাসীদের জন্য এমন বৈঠক আগে হয়নি৷ ঝাড়গ্রামের বৈঠকেও আগামী কয়েক মাসের জন্য নির্দিষ্ট পরিকল্পনা করবেন মুখ্যমন্ত্রী৷ জেলার উন্নয়নে ও মূলত জঙ্গলমহলের আরও উন্নতির জন্য কীভাবে এগোনো যায়, সেটা চূড়ান্ত করবেন মুখ্যসচিব বাসুদেব বন্দ্যোপাধ্যায়-সহ বিভিন্ন দফতরের সচিবদের সঙ্গে বৈঠকে৷ উল্লেখ্য, গতকালই নারায়ণগড়ের সভায় বহু প্রকল্পের ঘোষণা করেছেন মমতা৷ তার মধ্যে নারায়ণগড়ে সুপার স্পেশালিটি হাসপাতালও রয়েছে৷ সূর্যকান্ত মিশ্র হারলে সেখানে মানুষের প্রত্যাশা মেনে আরও কাজের প্রতিশ্রুতি দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার