Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
BJP

ক্ষমতায় এলেই বাংলায় বন্ধ মাছ-মাংস! ভাইরাল বিজেপি নেতার হুঁশিয়ারি, পালটা তৃণমূল

সম্প্রতি বিহারে খোলা জায়গায় মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা নিয়ে তুঙ্গে বিতর্ক।

Advertisement
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ২২:২০

link
সুমন করাতি
সুমন করাতি

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২১, ২০২৬, ২২:২০

options
link
ক্ষমতায় এলেই বাংলায় বন্ধ মাছ-মাংস! ভাইরাল বিজেপি নেতার হুঁশিয়ারি, পালটা তৃণমূল zoom
বিজেপি নেতার মন্তব্য ঘিরে বিতর্ক।

প্রবাদেই আছে মাছে-ভাতে বাঙালি! ক্ষমতায় এলে নাকি সেই বাংলাতেই মাছ-মাংস বন্ধ করে দেবে বিজেপি। এমনই হুঁশিয়ারি দিয়ে এবার বিতর্কে চুঁচুড়ার বিজেপি নেতা সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় ওরফে রাম। সম্প্রতি বিহারে খোলা জায়গায় মাংস বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যা নিয়ে তুঙ্গে বিতর্ক। এর মধ্যেই ভাইরাল এক ভিডিওতে ওই বিজেপি নেতাকে বলতে শোনা যাচ্ছে, ‘মাছ-মাংস খাওয়া বিহারে বন্ধ করে দিয়েছে বিজেপি সরকার। পশ্চিমবঙ্গেও বিজেপি ক্ষমতায় আসীন হলে মাছ-মাংস বন্ধ হয়ে যাবে।’ যদিও ভাইরাল হওয়া ভিডিও’র সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। কিন্তু ভিডিও সামনে আসতেই শুরু হয়েছে প্রবল বিতর্ক। অস্বস্তিতে খোদ বিজেপিও।

কড়া ভাষায় বিজেপি নেতাকে আক্রমণ শানিয়েছেন চুঁচুড়া তৃণমূল বিধায়ক অসিত মজুমদার। তিনি বলেন, ”যারা বলছে মাছ-মাংস বন্ধ করে দেবে তারা আগামী নির্বাচনে বুঝতে পারবে কত ধানে কত চাল।” যদিও ভাইরাল হওয়া ভিডিও বিকৃত করা হয়েছে বলে অভিযোগ বিজেপি নেতা সপ্তর্ষির। এমনকী ভুল ব্যাখ্যা করে মানুষকে ভুল বার্তা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁর।

Advertisement

সম্প্রতি বিহারের নগরোন্নয়ন ও আবাসন দপ্তর এক নির্দেশিকায় জানিয়েছে, খোলা জায়গায় কোনওভাবেই মাছ-মাংস বিক্রি করা যাবে না। নিয়ম না মানলে দিতে হবে ৫ হাজার টাকা জরিমানা। শুধু তাই নয়, মাংস বিক্রির ক্ষেত্রে সমস্ত বিক্রেতারই লাইসেন্স থাকা বাধ্যতামূলক। পাশাপাশি মানতে হবে নানা নিয়ম। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে বিতর্ক। আর সেই প্রসঙ্গ টেনেই ভাইরাল ভিডিওতে বিজেপি নেতাকে আরও বলতে শোনা যাচ্ছে, ‘বিহারে ভারতীয় জনতা পার্টির সরকার মাছ-মাংস খাওয়া নিষিদ্ধ করে নির্দেশিকা জারি করেছে। সেইমতো বাংলাতেও বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস খাওয়া নিষিদ্ধ হয়ে যাবে।’

ভাইরাল ভিডিওতে ব্যাখ্যা দিতেও শোনা যাচ্ছে সপ্তর্ষি রামকে। তিনি বলছেন, ‘খাদ্য সুরক্ষা, স্বাস্থ্য সচেতনতা, পরিবেশ দূষণ রোধে এহেন নির্দেশিকা দিয়েছে বিহারের বিজেপি সরকার। বাংলাতে ক্ষমতায় এলে সেটাই করবে বিজেপি।’ 

ভিডিওটি বিকৃত করা হয়েছে বলে দাবি বিজেপি নেতার। সপ্তর্ষি রাম বলেন, ”ভিডিওটি বিকৃত করা হয়েছে। আমি কখনও মাছ-মাংস বন্ধের কথা বলিনি।” এমনকী এই বিষয়ে শাসকদল তৃণমূলকে আক্রমণ শানিয়েছেন বিজেপি নেতা। তাঁর দাবি, ”রাজনৈতিক ফায়দা তুলতে তৃণমূলের নেতারা বিহারের নির্দেশিকাকে ভুল ব্যাখ্যা করে মানুষের কাছে ভুল বার্তা দিচ্ছেন। সেই কারণেই আমি ভিডিওটি বানিয়েছিলাম। সেখানে বলেছি, স্বাস্থ্যকর জায়গায় যাতে মাছ-মাংস বিক্রি হয়। এরা বাঙালি অস্মিতাকে নিয়ে রাজনীতি করতে চাইছে।” তবে এই বিষয়ে কড়া ভাষায় বিজেপিকে আক্রমণ শানিয়েছেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।

এই প্রসঙ্গে তিনি বলেন, ”মাছে ভাতে বাঙালি। এটা বিহার নয়। যারা বলছে মাছ-মাংস বন্ধ করে দেবে তারা এই নির্বাচনে বুঝতে পারবে কত ধানে কত চাল।” পাশাপাশি ভিডিও বিকৃত করা নিয়ে বিজেপি নেতার দাবি প্রসঙ্গে বিধায়ক বলেন, ”আমি যা দেখেছি তিনি পরিষ্কার বলছেন বিহারে হয়েছে বাংলাতে বিজেপি ক্ষমতায় এলে মাছ মাংস বন্ধ হবে। মানুষ বুঝিয়ে দেবে বাংলায় মাছ মাংস বন্ধ করার ফল।”

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.