চন্দ্রশেখর চট্টোপাধ্যায়, আসানসোল: ফের গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত রানিগঞ্জ। মঙ্গলবার সকালে দমপারা এলাকায় তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। বেশ কিছু দোকান ও বাড়িতে ভাঙচুর চালানো হয়। ঘটনার জেরে ওই এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। রানিগঞ্জ জুড়ে জারি করা হয়েছে ১৪৪ ধারা।
সোমবার থেকেই রাম নবমীকে কেন্দ্র করে গোষ্ঠী সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে রানিগঞ্জ। প্রবল বোমাবাজিতে গুরুতর জখম হন আসানসোল-দুর্গাপুর ডিসি হেড কোয়ার্টার অরিন্দম দত্ত চৌধুরি। ডান হাত ক্ষতবিক্ষত হয়ে যায় তাঁর। আহত হন আরও বেশ কয়েকজন পুলিশকর্মী। তারপর থেকেই জারি করা হয় ১৪৪ ধারা। মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। তবে হিংসা এখনও অব্যাহত রয়েছে। সোমবার গভীর রাতে রানিগঞ্জের রুনাই এলাকায় সংঘর্ষ বাঁধে দুই গোষ্ঠীর। দু’দিন ধরে চলা সংঘর্ষের জেরে মৃত্যু হয়েছে দু’জনের বলে খবর।
[রাম নবমীর মিছিলে কার হাতে বন্দুক, ভাইরাল ভিডিও খতিয়ে দেখছে পুলিশ]
জানা গিয়েছে, এলাকায় সম্প্রীতি বজায় রাখতে আসরে নেমেছেন বিশিষ্ট জনের। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার রাতে রানিগঞ্জ থানায় বৈঠকে বসেন শ্রমমন্ত্রী মলয় ঘটক, আসানসোলের ডিসি লক্ষ্মী নারায়ণ মিনা ও মেয়র জিতেন্দ্র তিওয়ারি। পরিস্থিতি স্বাভাবিক করতে সমস্তরকম চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন তাঁরা। এহেন পরিস্থিতিতে বিপাকে পড়েছে দ্বাদশ শ্রেণির পরীক্ষার্থীরা। ১৪৪ ধারা জারি থাকায় পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে সমস্যায় পড়তে হচ্ছে তাদের। তবে পরীক্ষার্থীদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছে প্রশাসন।
অন্যদিকে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন গুরুতর আহত ডিসি অরিন্দম দত্ত চৌধুরি। দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছে তাঁর। গড়া হয়েছে বিশেষ মেডিক্যাল বোর্ড। সোমবার রাতে তাঁর জখম হাতে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। উদ্বেগজনকভাবে আহত পুলিশ কর্তার ছবি ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়। ছবির তলায় থাকছে উসকানিমূলক বার্তা। এমনকী আফ্রিকায় ঘটা সংঘর্ষের ছবিও জুড়ে দেওয়া হচ্ছে তার সঙ্গে। সব মিলিয়ে রানিগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে কিছু অসামাজিক শক্তি। এমনটাই মনে করা হচ্ছে।
[চূড়ান্ত সতর্কতায় শুরু উচ্চমাধ্যমিক, স্পর্শকাতর কেন্দ্র ১৫০]
সর্বশেষ খবর
-
বিতর্কিত গোল বাতিলেই হার! অদম্য লড়াইয়ের পরও মেসিদের বিরুদ্ধে ট্র্যাজিক নায়ক সালাহ
-
নাগাল্যান্ডের ভুয়ো লাইসেন্সে কেনা পিস্তল দেখিয়ে তাণ্ডব চালাত মিনি ফিরোজ, উদ্ধার সেই ‘বিদেশি’ পিস্তল
-
বিশ্বকাপে অব্যাহত মেসি মহাকাব্য! দু’গোলে পিছিয়ে পড়েও নাটকীয় জয়ে শেষ আটে আর্জেন্টিনা
-
কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! ৬০টি ওয়ার্ডে ভাগ হবে হাওড়া
-
১৬০ কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান-হেলিকপ্টার কেনে সংস্থা! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য