বুদ্ধদেব সেনগুপ্ত: কংগ্রেসের জন্য দরজা খুলে রাখার সিদ্ধান্তে অনড় থাকায় নতুন মোড় নেওয়ার অপেক্ষায় রাজ্যের বাম রাজনীতি৷ ফ্রন্টের বড় শরিক সিপিএমের সিদ্ধান্তে ক্ষুব্ধ ছোট শরিকরা৷ বিকল্প পথের সন্ধানে নিজেদের মধ্যে আলাপ-আলোচনা শুরু হল৷
বিকল্প পথ কী হতে পারে তার দায়িত্ব ফ্রন্টের প্রবীণ নেতা ও সিপিআইয়ের মঞ্জুকুমার মজুমদার ও আরএসপির রাজ্য সম্পাদক ক্ষিতি গোস্বামীর উপর ছাড়া হতে পারে৷ এই পরিস্থিতিতে আটবছর পর ফ্রন্টের অন্দরে ফের ‘মিনিফ্রন্ট’-এর মাথা তোলার আশঙ্কা৷ তবে ‘মিনিফ্রন্ট’ বৈঠকে বসার আগে জোট ইস্যুতে সিপিএমের অবস্থান আদতে কী, তা স্পষ্ট করে জানতে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর সঙ্গে একপ্রস্থ আলোচনা সেরে নিতে চাইছে সিপিআই, আরএসপি ও ফরওয়ার্ড ব্লক নেতৃত্ব৷ বড় শরিকের তরফে অবস্থান স্পষ্ট হওয়ার পরেই ‘মিনিফ্রন্ট’-এর বৈঠক হতে পারে বলে ইঙ্গিত মিলেছে৷
২০০৮-এ কলকাতার বাইপাসের ধারে একটি বিদেশি বহুজাতিক সংস্থাকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাইকারি ব্যবসায় অনুমতি দেওয়ার প্রশ্নে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর সঙ্গে গোল বাধে ফরওয়ার্ড ব্লকের৷ ফ্রন্টের এই ছোট শরিক ঐ বহুজাতিক সংস্থাটিকে ব্যবসার সুযোগ করে দেওয়ার বিরুদ্ধে মত দেওয়াতেই গোল বাধে৷ তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধান্তে অনড় থাকায় মন্ত্রিসভা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় ফরওয়ার্ড ব্লক৷ এই বিতর্কে ফরওয়ার্ড ব্লকের পাশে দাঁড়ায় আরএসপি, সিপিআই৷ সিপিএমকে শায়েস্তা করতে বামফ্রন্টের অন্দরে ‘মিনিফ্রন্ট’ গঠন করে তিন শরিক৷ শরিকি চাপে কিছুটা হলেও পিছু হটতে হয় সিপিএমকে৷ শর্তসাপেক্ষে বহুজাতিক সংস্থাটিকে ব্যবসার অনুমতি দেওয়া হয়৷ তার আগে ২০০৪ সালে সেচ দফতরের টেন্ডারকে কেন্দ্র করে গোল বাধে সিপিএম ও সিপিআইয়ের মধ্যে৷
এবারের পরিস্থিতিও আগের মতোই বলে মনে করছেন বামফ্রন্টের শরিক দলের নেতৃত্ব৷ তাই আলিমুদ্দিনকে চাপে ফেলতে নয়া কৌশলের সন্ধানে নামছেন তিন ছোট শরিকের নেতারা৷ সিপিএম রাজ্যে রাজনৈতিক রণকৌশলের লাইন বদলে অনঢ় থাকলে তাঁরাও ঘুমন্ত ‘মিনিফ্রন্ট’-কে জাগিয়ে তোলার রাস্তাতেই হাঁটবেন বলে জানান শরিকদলের এক নেতা৷ তার আগে অবশ্য সিপিএমের মন বুঝতে আরও কিছুদিন অপেক্ষা করতে চান তাঁরা৷
সর্বশেষ খবর
-
বাংলাদেশ পালানোর ছক! শওকতকে ‘পলাতক’ ঘোষণা এনআইএর, বিএসএফের সঙ্গে তথ্য শেয়ার
-
ঘরোয়া ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির নজির, টেস্ট ফাইনালে লড়াই, ৩২-এই অবসরে ভারতীয় তারকা
-
বিদেশ সচিব হয়েই দিল্লি সফরে কুপার, ইরান যুদ্ধের জেরে বদলাচ্ছে ভারত-ব্রিটেন কূটনৈতিক অঙ্ক
-
‘ভারত থেকে অনেক কামাচ্ছি’, নতুন শুল্ক ঘোষণার পরই ‘প্রিয় বন্ধু’ মোদির প্রশংসায় ট্রাম্প
-
‘উচ্চতর মেধাকে নিম্ন পদে নয়’, উচ্চশিক্ষা গোপন করা নিয়ে ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট