Advertisement
Sangbad Pratidin
  • ২৩ শ্রাবণ ১৪৩৩
  • রবিবার
  • ৯ আগস্ট ২০২৬
Madhyamik Exam 2026

‘ধন্যি ছেলের’ কীর্তি, ক্লাস নাইনে ফেল করে স্কুলমুখো হয়নি, নকল অ্যাডমিট কার্ড হাতে সটান মাধ্যমিক কেন্দ্রে!

সুকুমার রায়ের সৎপাত্র গঙ্গারাম ১৯ বার ম্যাট্রিকে ঘায়েল হয়েছিল। কিন্তু এই ছেলে ক্লাস নাইনেই ফেল করেছিল। ব্যর্থ হয়ে স্কুলমুখোও আর হয়নি। কিন্তু ছেলে করিৎকর্মা। কারণ, মাধ্যমিক পরীক্ষা দিতে সটান চলে গিয়েছে 'ধন্যি ছেলে'। তাও আবার নকল অ্যাডমিট কার্ড বানিয়ে!

অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১৯:২১

link
অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: ফেব্রুয়ারি ২, ২০২৬, ১৯:২১

options
link
‘ধন্যি ছেলের’ কীর্তি, ক্লাস নাইনে ফেল করে স্কুলমুখো হয়নি, নকল অ্যাডমিট কার্ড হাতে সটান মাধ্যমিক কেন্দ্রে! zoom
প্রতীকী ছবি।
Advertisement

সুকুমার রায়ের সৎপাত্র গঙ্গারাম ১৯ বার ম্যাট্রিকে ঘায়েল হয়েছিল। কিন্তু এই ছেলে ক্লাস নাইনেই ফেল করেছিল। ব্যর্থ হয়ে স্কুলমুখোও আর হয়নি। কিন্তু ছেলে করিৎকর্মা। কারণ, মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2026) দিতে সটান চলে গিয়েছে ‘ধন্যি ছেলে’। তাও আবার নকল অ্যাডমিট কার্ড বানিয়ে! চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে। কিন্তু ‘গুণধর’ সেই ছেলের তারপর কী হল?

রাজ্যে আজ, সোমবার মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2026) শুরু হয়েছে। প্রথম দিনের পরীক্ষাও শেষ হয়ে গিয়েছে নির্ধারিত সময়ে। খড়গপুরের একাধিক স্কুলেও মাধ্যমিক পরীক্ষার সিট পড়েছে।শহরের সাউথ সাইড হাই স্কুলেই ঘটল এক কাণ্ড। নকল অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ল ওই কিশোর। কিন্তু ঘটনাটি কী? জানা গিয়েছে, খড়্গপুর শহরের ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনে পড়ত ওই গুণধর। ২০২৪ সালে স্কুলের নবম শ্রেণির পরীক্ষাতেই ওই ছাত্র অকৃতকার্য হয়। নতুন করে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করার চেষ্টা তো করেইনি, বরং স্কুলে যাওয়াও বন্ধ করে দিয়েছিল সে।

Advertisement

হিসেব মতো এবারই তার মাধ্যমিক পরীক্ষা। স্কুলের সঙ্গে কোনও সম্পর্কে না রেখে ওই গুণধর এদিন চলে গিয়েছে মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে। ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনের মাধ্যমিক পরীক্ষার্থীদের সিট এবার পড়েছে সাউথ সাইড হাই স্কুলে। অন্যান্য পরীক্ষার্থীদের মতো এদিন ওই কিশোরও স্কুলের সামনে হাজির হয়ে যায়। তাও আবার স্কুলেরই পোশাকে! সব পরীক্ষার্থীরা স্কুলের গেটেই অ্যাডমিট কার্ড দেখিয়ে কেন্দ্রে ঢুকছিল। ওই কিশোরও গেট দিয়ে ঢুকতে যায়। গেটে থাকা ইনভিজিলেটর তার কাছেও অ্যাডমিট কার্ড দেখতে চান। ওই ছাত্র অ্যাডমিট কার্ড বার করে দেখিয়েও দেয়। কিন্তু ইনভিজিলেটরের সেই অ্যাডমিট কার্ড দেখেই সন্দেহ হয়। ওই ‘পরীক্ষার্থী’কে স্কুলের প্রধান শিক্ষকের ঘরে বসিয়ে রাখা হয়।

পরীক্ষা করে দেখা যায় ওই অ্যাডমিট কার্ড নকল। জেরা করে জানা যায়, ওই কিশোর নকল অ্যাডমিট কার্ড বানিয়ে পরীক্ষা দিতে গিয়েছিল। স্কুল ও পরিবারের লোকেদেরও খবর পাঠানো হয়। ঘটনার কথা জানানো হয় খড়গপুর টাউন থানায়। পুলিশ তাকে নিয়ে যায় স্কুল থেকে। তবে ওই কিশোরের ভবিষ্যতের কথা ভেবেই স্কুলের তরফে পুলিশে অভিযোগ জানানো হয়নি বলে স্কুলসূত্রে জানানো হয়েছে। ইন্দা কৃষ্ণলাল শিক্ষা নিকেতনের তরফে জানানো হয়েছে, নাইনে ফেল করার পর সে আর স্কুলেই যায়নি। তার রেজিস্ট্রেশন কার্ডও স্কুলেই রয়েছে। দশম শ্রেণিতে না ওঠার কারণে অ্যাডমিট কার্ড পাওয়ার প্রশ্নও নেই।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.