অরূপ বসাক, মালবাজার: পাচারকারীদের ফাঁদে পড়েও শেষরক্ষা। চারদিন নিখোঁজ থাকার পর অবশেষে বাড়ি ফিরল চার স্কুল ছাত্রী। ঘটনাটি মালবাজার মহকুমার ওদলাবাড়ি চাবাগান এলাকার। গত বুধবার দুই যুবকের কথায় বাড়ি থেকে বেরিয়েছিল চার নাবালিকা। দুই যুবক সেদিন তাদের এলাকার বিভিন্ন জায়গায় ঘুরিয়ে দেখায়। এরপর বিকেলে শিলিগুড়ি হয়ে তাদের দিল্লি নিয়ে যাওয়ার ছক ছিল দুই যুবকের। তবে সন্দেহ হওয়ায় নাবালিকারাই পালিয়ে আসে।
[সস্তার বিশ্বভারতীর গেস্ট হাউস এবার মহার্ঘ, ভাড়া বাড়ছে কয়েক গুণ]
ফিরে আসা ছাত্রীরা জানিয়েছে, দুই যুবক বহিরাগত। আগে কখনও তাদের দেখেওনি। দিন কয়েক আগে স্কুল থেকে ফেরার পথে প্রথম কথা হয়। দু’জনেই জানায় ওই ছাত্রীদের দু’দিনের জন্য দিল্লিতে ঘুরতে নিয়ে যেতে চায়। সেই সঙ্গে অনেক কিছু কিনেও দেবে বলে জানায়। সেই লোভেই বাড়ি থেকে বেরিয়েছিল চারজন। যুবকদের সঙ্গে ওদলাবাড়ি স্টেশন থেকে ট্রেন ধরে শিলিগুড়ি জংশন পর্যন্তও চলে যায়। সেখানেই দিল্লিগামী ট্রেনের টিকিট কাটতে যায় দুই যুবক। তখন কেমন যেন সন্দেহ হয় তাদের। কোনওকিছু না ভেবে বেশ খানিকটা সময় প্ল্যাটফর্ম লাগোয়া এলাকাতেই গা-ঢাকা দিয়েছিল তারা। পরে রেললাইনের ধার ধরে সোজা শুকনা চাবাগানে চলে যায়। সেখানেই চার ছাত্রীর একজনের মাসির বাড়ি। তাঁর বাড়িতেই ওঠে সকলে। ভয়ে সব কথা মাসিকে খুলে বলে চারজন। সকালেই সেই মাসিই চারজনকে ওদলাবাড়িতে নিয়ে আসেন। ওদলাবাড়ির স্বেচ্ছাসেবী সংগঠন স্টেপস-এর প্রতিনিধিদের সঙ্গে চারজনকেই মালবাজার থানায় নিয়ে যাওয়া হয়। সঙ্গে ছিলেন চার ছাত্রীর বাবা, মা-ও। পুলিশ চারজনকেই দীর্ঘক্ষণ জেরা করে ওই যুবকদের একটা বিবরণ পেয়েছে। তারই ভিত্তিতে শুরু হয়েছে তল্লাশি।
[দলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইস্তফা সিপিএম বিধায়ক-সহ বহু নেতার]
চা বাগানের চার নাবালিকা ফিরে আসায় খুশি ওদলাবাড়ির বাসিন্দারা। এই প্রসঙ্গে বাসিন্দা গঙ্গারাম ওঁরাও বলেন, ‘মেয়েরা নিখোঁজ হতেই ওদলাবাড়ির সেচ্ছাসেবী সংস্থার সঙ্গে যোগাযোগ করে মালবাজার থানায় নিখোঁজের অভিযোগ জানাই। তবে রবিবারদিন চারজনই বাড়ি ফিরে আসায় আমরা খুশি। দুই যুবকের গ্রেপ্তারির দাবিও জানাচ্ছি।’ মালবাজার থানার এসডিপিও দেবাশিস চক্রবর্তী জানিয়েছেন, বিভিন্ন রেল স্টেশন এলাকায় নজরদারি চলছিল। তবে এদিন চার নাবালিকা বাড়ি ফিরে আসায় ভাল লাগছে। পাচারকারী দুই যুবকের খোঁজ চলছে। খুব শিগগির তাদের গ্রেপ্তার করা হবে।
সর্বশেষ খবর
-
রাজের স্মৃতিচারণায় অঝোরে কান্না, স্বামীর মৃত্যুশোক সামলাতে কী করছিলেন মন্দিরা?
-
ক্যারাটে-কুংফু শেখানোর নামে হস্টেলে নাবালিকার যৌন নিগ্রহ! গ্রেপ্তার মার্শাল আর্ট শিক্ষক
-
পুলিশ কুকুরদের পাত থেকে বাদ রেড মিট! মেনুতে বাড়তি কী থাকছে?
-
‘ঘুরে দাঁড়ানো সহজ ছিল না’, প্যারিসের হতাশা ভুলে ইতিহাস গড়ে উইম্বলডনের রাজা সিনার
-
বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে ‘গ্যাংওয়ার’, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি, খুন কুখ্যাত দুষ্কৃতী