নন্দন দত্ত, সিউড়ি: ধরমপুজোর শোভাযাত্রায় একসঙ্গে দেখা গেল নরেন্দ্র মোদি, মমতা বন্দ্যোপাধ্যায় ও অনুব্রত মণ্ডলকে। যদিও মহামিছিলে জনপ্রিয়তা কুড়ালেন বেশি অনুব্রত। কেউ তাঁর সঙ্গে হাত মেলালেন, কেউ সেলফি তুললেন।তাঁকে দেখতেই ভিড় জমে গেল শহরের রাজপথে।
আসলে তিন এই জনপ্রিয় নেতাকে নিয়েই এবারের সিউড়ির ধরমপুজোর সং বেরোয়। এছাড়াও ছোট বড় নানা ধরনের ২৫টি সং ছিল সিউড়ির মালিপাড়া থেকে বেরোনো শোভাযাত্রায়। কিন্তু রিকশয় বসে নকল অনুব্রত যা সমর্থন কুড়োলেন, তা নিয়েই জমে গেল এদিনের সং।
[ মেদিনীপুরে তৃণমূলের পালটা সভা, থাকছেন মোদির ব়্যালিতে আহতদের পরিবার ]
রিক্সায় বসে অনুব্রত।পরনে সাদা পাঞ্জাবি। তাঁর ডান দিকে বাঁদিকে উন্নয়ন নিয়ে পোস্টার। সঙ্গে তাঁর চড়াম চড়াম ঢাক বাজানোর ছবি। দু’হাত নেড়ে অনুব্রতকে নকল করার চেষ্টা করলেন অনুব্রত সাজা সুব্রত মাল। পেশায় তিনি সিউড়ি পুরসভার কর্মী। তবে নকল হলেও অনুব্রতর যে দশাসই চেহারা, তার আশুতোষ গোঁফের ফাঁকে হাসি, মুখে পানের খিলি না থাকায় এক ঝলকে অনুব্রত মনে হয়নি। তবুও বিতর্কিত ও জেলার উন্নয়নের কান্ডারিকে সংয়ের বাজারে দেখে আনন্দিত সিউড়ি শহরবাসী।

মমতা বন্দ্যোপাধ্যায় সেজেছিল ষষ্ঠ শ্রেণির ছাত্রী শর্মিলা মালাকার। মোদি সেজেছিল পাঁচ বছরের দেবব্রত বন্দ্যোপাধ্যায়। কল্পতরু পল্লির বাসিন্দা দেবব্রত এদিন মোদি সাজতেই মালিপাড়া এসেছিল মা বাবার সঙ্গে।
[ রাতের অন্ধকারে খুন বিজেপি নেতা, উত্তপ্ত মন্দিরবাজার ]
এছাড়াও শিব ও দুর্গা, রামকৃষ্ণ-সহ ২৫টি সং ছিল শোভাযাত্রায়। উদ্যোক্তাদের অন্যতম গৌতম মালাকার বলেন, “সিউড়ির ঐতিহ্যবাহী এই ধরমপুজোয় সং একটা গুরুত্বপূর্ণ বিষয়। এর সাহায্যেই তখনকার দিনে মানুষকে বার্তা দিত আমাদের অগ্রজরা। এখন অবশ্য নানা মাধ্যম উঠলেও সংয়ের আকর্ষণ এই এলাকায় কমেনি। আমরা সেটা ধরে রাখার চেষ্টা করি। নিজেরাই চাঁদা তুলে শোভাযাত্রার খরচ বহন করি। নিজেরাই সাজাই। ঠিক করি এবারের সংয়ে কী বার্তা দেওয়া যায়। তবে এবারের জনপ্রিয়তায় অনুব্রত সকলের ভোটে নির্বাচিত হয়েছে। তাই জনপ্রিয় এই নেতা শোভাযাত্রায় স্থান পাওয়ায় তার অনুগামীরা স্বভাবতই খুশি।”
সর্বশেষ খবর
-
অতিরিক্ত প্রোটিন খেয়ে বিপাকে? পাতে রাখুন এই খাবার, ডায়েট বদলেই মুশকিল আসান
-
দীর্ঘ ‘অসুস্থতা’, এবার ইস্তফা কাটোয়া পুরসভার চেয়ারম্যানের
-
ফেরার সুশান্ত ঘোষ! গাড়ি নিয়ে ওড়িশা সীমানায় কাউন্সিলরের পরিবার, আটকাল পুলিশ
-
ইয়ামালের গতি, পেদ্রির ম্যাজিকের সঙ্গে রক্ষণ-কাঁটাও! নতুন ‘তিকিতাকা’য় বিশ্বসেরা হবে স্পেন?
-
কোভিড থেকে আমফান, মহাসংকট মোকাবিলার খতিয়ান দিয়ে কোথায় আক্ষেপ রয়ে গেল প্রাক্তন মহানাগরিকের?