স্টাফ রিপোর্টার: সবজির দাম নিয়ন্ত্রণে বাজারে বাজারে নজরদারি চালাবে সরকার৷ কলকাতার পাইকারি বাজারে ও জেলার বিভিন্ন হাটে এই নজরদারি চালাবেন টাস্ক ফোর্সের সদস্য ও কৃষি বিপণন দফতরের আধিকারিকরা৷ পাশাপাশি বাজারদর নিয়ে প্রতিদিনের রিপোর্ট কৃষি ও কৃষি বিপণন দফতরের সংশ্লিষ্ট কর্তাদের দিতে হবে৷ মধ্যস্বত্বভোগীরা যাতে বাজার দখল ও নিয়ন্ত্রণ করতে না পারেন, তাই এই ব্যবস্থা৷
রাজ্যের কৃষিমন্ত্রী পূর্ণেন্দু বসু জানিয়েছেন, “যেরকম বৃষ্টি হয়েছে বা ক্ষেতে যে পরিমাণ জল জমেছে, তাতে সবজির দাম খুব একটা বাড়ার কথা নয়৷” ফড়েরাই কৃত্রিমভাবে জিনিসপত্রের দাম বাড়াচ্ছেন বলে মনে করছে রাজ্য সরকার৷ মন্ত্রী জানিয়েছেন, প্রয়োজনে এই ফড়েদের চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷ এদিকে, আলুর দাম অবশ্য পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে৷
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কৃষি বিপণন দফতরের মন্ত্রী তপন দাশগুপ্ত বাজারে বাজারে ঘোরার ফলে অসাধু ব্যবসায়ীরা অনেকটাই সতর্ক হয়েছেন৷ এছাড়াও ৩০ নভেম্বরের মধ্যে হিমঘর খালি করতে হবে বলে নির্দেশ দিয়েছে কৃষি বিপণন দফতর৷ কৃষিমন্ত্রীও যেভাবে হুঁশিয়ারি দিয়েছেন, তার ফলেও দাম অনেকটা কমবে বলে মনে করছেন আধিকারিকরা৷ উল্লেখ্য, টানা কয়েকদিন বৃষ্টির সুযোগে বাজারে সবজির দাম বেড়েছে৷ এবং এর পিছনে অসাধু ব্যবসায়ীদের হাত রয়েছে বলে মনে করা হচ্ছে৷ ব্যবসায়ীদের একাংশের মত, বিহার-ঝাড়খণ্ড থেকে জোগান কমে যাওয়ায় ও কিছু খেতে জল জমে থাকায় জিনিসপত্রের দাম বাড়ছে৷
সর্বশেষ খবর
-
বদলে যাবে সোদপুর ও খড়দহ স্টেশনের নাম! রেলমন্ত্রকে প্রস্তাব মন্ত্রী কল্যাণ চক্রবর্তীর
-
অধিনায়কত্ব খোয়াচ্ছেন সূর্যকুমার, ভারতের নতুন টি-২০ অধিনায়ক শ্রেয়স আইয়ার!
-
এই ৬ আন্তর্জাতিক গন্তব্যে স্থগিত ইন্ডিগোর বিমান পরিষেবা! বড় সিদ্ধান্ত দেশের বৃহত্তম উড়ান সংস্থার
-
প্রয়াত ‘সংবাদ প্রতিদিন’-এর প্রতিষ্ঠাতা প্রধান কার্যনির্বাহী কর্তা নারায়ণ বসু
-
শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার স্বরূপ বিশ্বাস, ডিম হাতে থানা ঘেরাও ক্রুদ্ধ জনতার