বিক্রম রায়, কোচবিহার: ‘জয় শ্রীরাম’ বলতে বাধ্য করে এক মুসলিম ব্যক্তিকে কান ধরে ওঠবোস করানোর অভিযোগ উঠল একদল বিজেপি সমর্থকের বিরুদ্ধে৷মাস খানেক আগে কোচবিহারের তুফানগঞ্জে এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই তড়িঘড়ি পদক্ষেপ নেয় প্রশাসন৷ সূত্রের খবর, তল্লাশি চালিয়ে বৃহস্পতিবার রাতে এই ঘটনায় অভিযুক্ত সন্দেহে একজনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে৷ গোটা ঘটনায় অন্যান্য জড়িতদের খোঁজ চলছে৷
[আরও পড়ুন: বর্ষার মুখে ফের ডেঙ্গুর ছোবল, হাবড়ায় মৃত অন্তঃসত্ত্বা-সহ ২]
ঘটনার সূত্রপাত মাস খানেক আগের৷ অভিযোগ, তুফানগঞ্জের বাসিন্দা আজগর শেখকে জোর করে ‘জয় শ্রীরাম’ বলতে জোর করে জনা কয়েক যুবক৷ তারা সকলেই বিজেপি কর্মী, সমর্থক বলে এলাকায় পরিচিত৷ আজগর আগে এলাকায় তৃণমূল সমর্থক ছিলেন বলে স্থানীয় সূত্রে খবর৷ লোকসভার পর কোচবিহারের রাজনৈতিক হাওয়া বদল হওয়ার পর থেকে তৃণমূলের সঙ্গে আজগরের তেমন আর যোগাযোগ নেই, এমনই জানিয়েছেন ঘনিষ্ঠরা৷
প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, আজগরকে কান ধরে ওঠবোস করানোর সঙ্গে সঙ্গে রীতিমত হুঁশিয়ারি দিচ্ছে একদল যুবক৷ বলা হচ্ছে, ‘মমতার নাম করবি না৷ এখন থেকে মোদির নাম বলবি সবসময়ে৷ যদি তৃণমূলের কারও সঙ্গে যোগাযোগ করতে দেখি, তাহলে কিন্তু খুব খারাপ হবে৷ আজ তোকে দয়া করে ছেড়ে দিলাম৷’ এরপর দেখা যায়, আজগরকে চড় মারছে এক যুবক৷ তাদের হুঁশিয়ারিতে রীতিমত আতঙ্কিত হয়ে সমস্ত অত্যাচার মুখ বুঝে সহ্য করে যাচ্ছেন আজগর৷ এবং তাঁকে দিয়ে প্রায় জোর করে বলানো হচ্ছে, ‘মমতার নাম নিই না৷ তৃণমূলের কারও সঙ্গে যোগাযোগ করি না৷’ এই ভিডিও প্রকাশিত হতেই বিজেপি পালটা থানায় অভিযোগ দায়ের করেছিল৷ তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে, এই কাজ তাঁদের নয়৷ তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ফল এটা৷ অকারণ বিজেপির নাম জড়ানো হচ্ছে৷ তাই যথাযথ তদন্তের দাবি তুলেছিল বিজেপিও৷

[আরও পড়ুন: প্রেমের করুণ পরিণতি, মর্গে প্রেমিক, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তরুণী]
এই ভিডিও ভাইরাল হতেই তড়িঘড়ি পদক্ষেপ নিয়েছে প্রশাসন৷ কারা এমন কাণ্ড ঘটিয়েছে, তার তদন্ত শুরু করে পুলিশ৷ তাদের তৎপরতায় ধরা পড়েছে আপসি মিঞা নামে এক ব্যক্তি৷ বিকাশ রায় নামে আরেকজন ঘটনায় যুক্ত বলে জানা গিয়েছে৷ তাদের খোঁজে চলছে তল্লাশি৷ কোচবিহারের পুলিশ সুপার সন্তোষ নিম্বালকর জানিয়েছেন, এরকম একটি ঘটনা ঘটেছে৷ আক্রান্ত ব্যক্তি নিজেই অভিযোগ দায়ের করেছেন৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত করে ১ জনকে গ্রেপ্তার করা হয়েছে৷ যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল৷
দেখুন ভিডিও:
সর্বশেষ খবর
-
রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে ইস্তফা আলাপনের স্ত্রীর! সোনালি চক্রবর্তীর পদক্ষেপ ঘিরে জল্পনা
-
শৈশবের ট্রমা সহজে কাটে না! প্রভাব পড়তে পারে প্রেমের সম্পর্কেও, বোঝা যায় এই লক্ষ্মণেই
-
সপ্তাহে ২ দিন হাওড়ার মঙ্গলাহাটে হকারদের বসার অনুমতি, শর্ত বেঁধে দিল প্রশাসন
-
এবার রাডারে অভিষেকের ডায়মন্ড হারবার এফসি, ‘টাকা আসত কোথা থেকে?’, প্রশ্ন ক্রীড়ামন্ত্রী নিশীথের
-
উন্নত রাডারেও অদৃশ্য! চিন-পাকিস্তানের চিন্তা বাড়িয়ে ভারতকে সু-৫৭-এর প্রস্তাব পুতিনের