ধীমান রায়, কাটোয়া: শৈশবের দুর্ঘটনা কেড়ে নিয়েছে মানসিক স্থিতি। ঘরে যেন আর মনই বসতে চায় না। সুযোগ পেলেই কেবল পালাই পালাই ভাব। সেই কারণেই ১৫ বছরের কিশোরের পায়ে লোহার বেড়ি পরাতে বাধ্য হয়েছেন বাবা-মা। শিকলে বেঁধে দেওয়া হয়েছে ২ টি তালা। যাতে নজর এড়িয়ে পালাতে না পারে কিশোর।
[আরও পড়ুন: তৃণমূল কার্যালয়ে ভাঙচুরকে ঘিরে উত্তপ্ত বাঁকুড়ার তালডাংরা, কাঠগড়ায় বিজেপি]
পূর্ব বর্ধমান মঙ্গলকোট থানার দুরমুট গ্রামের প্রান্তিক কৃষক মহিবুল্লা শেখ। স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে সংসার তাঁর। মেয়ে সামিমা খাতুন কাটোয়া কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। ছোট ছেলে দ্বিতীয় শ্রেণির পড়ুয়া। কিন্তু দম্পতির মেজ ছেলে স্কুলের গণ্ডিও পেরোয়নি। এমনকী ঘরের গণ্ডিও পেরোতে পারে না সে। সারাদিন কাটে চার দেওয়ালের অন্দরেই, শিকল বাঁধা পা নিয়েই। জানা গিয়েছে, ৬ বছর বয়সে একটা ভয়ংকর দুর্ঘটনার সম্মুখীন হয়েছিল মহিবুল্লার মেজ ছেলে সামিম। গরুর গাড়ির চাকা চলে যায় সামিমের মাথার উপর দিয়ে। গুরুতর আহত হয় কিশোর। দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয় সামিম। কিন্তু প্রাণে বেঁচে গেলেও মানসিক সমস্যা দেখা দেয়। ওই কিশোরের মা জানান, দুর্ঘটনার পর থেকেই আর ঘরে থাকতে চায় না সামিম। সুযোগ পেলেই ঘর থেকে বেরিয়ে পড়ে। দু’বার বাড়ি থেকে পালিয়েও গিয়েছিল সে। অনেক খোঁজাখুজির পর তার সন্ধান মেলে।
পরিবারের লোকেদের দাবি, বাড়ি ছাড়তে সামিম উদগ্রীব হয়ে উঠেছিল যে, ফিরিয়ে নিয়ে আসার সময় ক্ষুব্ধ হয় সে। নিজের সন্তানকে ফিরিয়ে আনতে গিয়ে একাধিকবার ছেলেধরা অপবাদও জুটেছিল সামিমের বাবা-মায়ের। পরিস্থিতি এতটাই জটিল হয়েছিল যে, পুলিশের মধ্যস্থতায় সন্তানকে ফিরে পেয়েছিলেন তাঁরা। সেই কারণেই বাধ্য হয়েই এই পদক্ষেপ। কৈচর ২ নম্বর পঞ্চায়েতের উপপ্রধান উজ্বল শেখ বলেন, ”সামিম এমনিতে খুব বুদ্ধিমান। ওর সঙ্গে কথা বললে বোঝার উপায় নেই ওর কোনও মানসিক সমস্যা রয়েছে। তবে ওর আচরণ নিয়ে বেশ সমস্যায় রয়েছে পরিবার।” আর শিকলের বেড়িতে অভ্যস্ত হয়ে গিয়েছে সামিমও। বেরোতে না পারলেও লোকজন দেখলে এখনও দূর থেকেই কুশল বিনিময় করে সে।
[আরও পড়ুন: বীরভূমে ‘জয় শ্রীরাম’ ধ্বনি দিয়ে ট্রেনে তাণ্ডব দুষ্কৃতীদের, বেধড়ক মার যাত্রীদের]
সর্বশেষ খবর
-
মারাদোনার বিশ্বজয়ের মাঠে উদ্বোধনী ম্যাচে জয়ী মেক্সিকো, ৩টি লাল কার্ড দেখিয়ে চর্চায় রেফারি
-
‘ভয়ংকর হামলা’র হুমকি দিয়েও ইউ টার্ন! ইরানের সঙ্গে ‘সন্ধি’র পথে ট্রাম্প, আপাতত আক্রমণ স্থগিত
-
‘আইপ্যাকই ভরাডুবির কারণ’, হারের পর বিস্ফোরক নির্বাচনে ‘নিষ্ক্রিয়’ অনুব্রত
-
শাকিরার পাওয়ার, মেক্সিকোর ঐতিহ্যে বিশ্বকাপের বোধন, উদ্বোধনী অনুষ্ঠান মাতালেন আর কারা?
-
সাড়ে ৫ ঘণ্টা সিআইডির জেরার পর ভবানী ভবন থেকে মমতার বাড়িতে অভিষেক, ১৪ জুন ফের তলব