সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ব্যবসা বনধের জেরে শুনশান রায়গঞ্জ। শনিবারও থমথমে গোটা এলাকা। টায়ারে আগুন জ্বালিয়ে শনিবারও দোকানপাট বন্ধ রাখেন ব্যবসায়ীরা। উত্তর দিনাজপুর মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং চেম্বার অব কমার্সের যৌথ নেতৃত্বে এদিন সকাল থেকেই শহরের রাস্তায় বনধের সমর্থনে বের হয় মিছিল। শহরের সব বাজার বন্ধ ছিল।মোহনবাটী বড়বাজার থেকে শুরু করে দেবীনগর, বন্দর, শিলিগুড়ি মোড় এবং লাইন বাজার বন্ধ থাকে। বেসরকারি বাস চলাচল সম্পূর্ণ বন্ধ থাকলেও, এদিন সকালে রায়গঞ্জের সরকারি বাসস্ট্যান্ড থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণের কয়েকটি বাস ছাড়ে। তবে বেলা বাড়তেই বন্ধ করে দেওয়া হয় সব রুটের বাস। শনিবার স্কুল কলেজও বন্ধ ছিল।
গত সপ্তাহে চার মহিলাকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রায়গঞ্জ৷ প্রতিবাদে শুক্রবার দুপুরে কয়েক হাজার আদিবাসী রায়গঞ্জ শহরে তান্ডব চালান। পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগে রায়গঞ্জ পুরবাসস্ট্যান্ডের দোকানগুলিতে ব্যাপক ভাঙচুর চালানো হয়। এমনকী দোকানে আগুনও লাগিয়ে দেওয়ার অভিযোগ ওঠে আন্দোলনকারীদের বিরুদ্ধে। জ্বালিয়ে দেওয়া হয় একাধিক বাস ও বাইক। শুক্রবার রাতেই জেলাশাসক আয়েষা রানি শহরের পরিস্থিতি খতিয়ে দেখেন। এদিন দুই আদিবাসী আন্দোলনকারীর উপর হামলার ঘটনায় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। এদিকে দোকান ভাঙচুর ও আগুন লাগানোর ঘটনার প্রতিবাদ করতে গেলে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অতনুবন্ধু লাহিড়ীকে পুলিশ মারধর করে বলে অভিযোগ। রাতেই মালদা ডিভিশনের পুলিশের ডিআইজি জয়ন্ত পাল, পুলিশ সুপার অমিতকুমার ভরত রাঠৌর-সহ উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন। শহরের শিলিগুড়ি মোড় থেকে বিদ্রোহী মোড় এলাকার অধিকাংশ দোকানে ভাঙচুর চালানো প্রতিবাদে শনিবারও ব্যবসায়ীরা বন্ধে সামিল হন। চেম্বার অব কর্মাসের জেলা সাধারণ সম্পাদক শঙ্কর কুন্ডু বলেন, “ছোট ব্যবসায়ীদের ক্ষতিপূরণ না দিলে আন্দোলন চলবে।”
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত