সংবাদ প্রতিদিন ব্যুরো: আর পাঁচটা দিনের মতোই অটোয় চড়ে স্কুলে যাচ্ছিল ভাদুতলা হাইস্কুলের ১১ জন ছাত্রছাত্রী৷ কিন্তু সেই পথেই বাদ সাধল ১০ চাকার একটি ট্রাক৷ চাকা ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে অটোটিকে পিষে দিল তুষবোঝাই ট্রাক৷ স্কুলে গিয়ে ক্লাস করার স্বপ্নের সেখানেই সমাধি হল দুই ছাত্রছাত্রীর৷ গুরুতর জখম হল বাকিরা৷ রক্তে ভেসে গেল গোটা এলাকা৷ উল্টে গেল ট্রাকটিও৷ ট্রাক এবং অটোচালক-সহ ১১ জনকে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হল মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে৷ তার মধ্যে পাঁচ ছাত্রছাত্রীর অবস্থা সংকটজনক৷ মর্মান্তিক এই দুর্ঘটনার পরই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন স্থানীয়রা৷
দুই স্কুল পড়ুয়ার মৃত্যুকে ঘিরে বৃহস্পতিবার সকালে রণক্ষেত্র হয়ে ওঠে পশ্চিম মেদিনীপুরের শালবনির ভাদুতলা৷ চলল রাস্তা অবরোধ, পুলিশের জিপ ভাঙচুর, পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি৷ অবরোধকারীদের হাতে আক্রান্ত হন শালবনির আইসি বিশ্বজিত্ সাহা-সহ কয়েকজন পুলিশকর্মী৷ বিশ্বজিৎবাবুর মাথা ফেটে গিয়েছে৷
এদিন সকালে মেদিনীপুরগামী একটি দশ চাকার ট্রাকের চাকা ফেটে যায়৷ আর তার ফলেই সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোদিক থেকে আসা অটোকে ধাক্কা মারলে দুর্ঘটনা ঘটে৷ ব্যস্ত ভাদুতলা মুহূর্তে স্তব্ধ হয়ে যায়৷ দুমড়ে মুচড়ে যাওয়া অটো থেকে জখম ছাত্রছাত্রীদের বের করে আনেন স্থানীয় বাসিন্দারাই৷ রক্তাক্ত ছাত্রছাত্রীদের এলাকাবাসীই হাসপাতালে নিয়ে যায়৷ সেখানেই ছুটে আসেন অভিভাবকরা৷ স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও সেখানে যান৷ ঘাতক ট্রাকটিকে আটক করেছে পুলিশ৷ তবে ট্রাক চালকের অবস্থাও আশঙ্কাজনক৷ দুর্ঘটনার খবর পেয়েই মেদিনীপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পৌঁছে যান মেদিনীপুর সদরের মহকুমা শাসক, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক৷
সর্বশেষ খবর
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা
-
৪ নেতাকে সাসপেন্ড, এক্তিয়ার মনে করিয়ে ডায়মন্ড হারবারের সভানেত্রীকে শোকজ করল বিজেপি!