সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টাকা কিলো দরে রেশনে গরিব মানুষের জন্য চাল ও গমের ব্যবস্থা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এবার আরও একধাপ এগোল রাজ্য৷ শুধু গরিব ও নিম্ন আয়ের মানুষই নয়, এবার থেকে যৌনকর্মী ও এইচআইভি আক্রান্তরাও ২ টাকা কেজি দরে চাল পাবেন৷
দেশের মধ্যে একমাত্র পশ্চিমবঙ্গেই এত কম মূল্যে চাল ও গম দেওয়ার ব্যবস্থা করা হয়েছে৷ এবারের প্রকল্পটিও মুখ্যমন্ত্রীর মস্তিষ্কপ্রসূত৷ খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “দেশের অন্য কোনও রাজ্য যৌনকর্মী ও এইচআইভি রোগীদের জন্য এমন ব্যবস্থা নেয়নি৷ কুষ্ঠ রোগী, মূক ও বধির শিশুরাও এই স্কিমের অন্তর্ভূক্ত৷ প্রথম দফায় প্রায় এক লক্ষ মানুষকে এই পরিষেবা দেওয়া হবে৷” আর কয়েকদিনের মধ্যেই রাজ্য খাদ্য দফতর একটি সমীক্ষা শুরু করবে, যার মাধ্যমে যৌনকর্মী ও এইচআইভি রোগীদের চিহ্নিত করা হবে৷ সোনাগাছির নিষিদ্ধপল্লি থেকে সমীক্ষা শুরু হবে৷ অন্যদিকে হাসপাতাল ও বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে এইচআইভি রোগীদের চিহ্নিত করা সম্ভব হবে৷ তারপর তাঁদের রেশন কার্ড খাদ্য দফতরের ডেটা ব্যাঙ্কে জমা পড়বে৷ তারপর থেকে ২ টাকা কেজি দরে চাল পেতে তাঁদের আর কোনও অসুবিধা হবে না৷
“আগামী ৬ মাসের মধ্যে সমীক্ষা শেষ হয়ে যাবে৷ সেই মতো ২০১৭-র জানুয়ারী থেকে এই পরিষেবা চালু করা হবে৷ যৌনকর্মীরা মাঝেমধ্যেই নানা ধরনের অসুখে ভোগেন৷ সস্তায় চাল পেলে তাঁরা উপকৃত হবেন বলে আমাদের আশা,” এক সাক্ষাৎকারে জানান জ্যোতিপ্রিয় মল্লিক৷
সর্বশেষ খবর
-
হাদি হত্যা নিয়ে মমতার বক্তব্য ‘পলিটিক্যাল স্টান্টবাজি’! গুরুত্ব দিতে নারাজ তারেকের সরকার
-
ডিমের ভয়! আলাদত চত্বরে লুঙ্গি তুলে দৌড় ধৃত তৃণমূল নেতার
-
তৃণমূলের বিরুদ্ধে গান গাওয়ায় প্রাণনাশের হুমকি! উদয়নের বিরুদ্ধে মামলা দায়ের শিল্পীর
-
মেয়র পদের পর খেলার মাঠও ছাড়ছেন ফিরহাদ, ইস্তফা ভলিবল সংস্থার প্রেসিডেন্ট পদ থেকে
-
‘জয় শ্রীরাম’, ‘জয় বুলডোজার বাবা’, মঞ্চে পা রাখতেই যোগীর উদ্দেশে স্লোগান জনতার