সব্যসাচী ভট্টাচার্য, শিলিগুড়ি: টাইগার, ব্ল্যাক বিয়ারের পর এবার লেপার্ড সাফারি। সবকিছু ঠিক থাকলে এপ্রিলেই শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে লেপার্ড সাফারি করতে পারবেন পর্যটকরা। পাশাপাশি এখানে প্রকৃতিবীক্ষণ কেন্দ্র তৈরির কাজও চলছে জোরকদমে। দ্রুত চালু হবে সেটিও। ফলে মহানন্দা অভয়ারণে্যর মধ্যে ২৯৭ হেক্টর জমির উপর চালু পার্ক ঘিরে ক্রমেই উৎসাহ বাড়ছে পর্যটকদের মধ্যে। প্রথমে তৃণভোজী প্রাণীদের সাফারি দিয়ে শুরু হলেও একে একে পার্কে, রয়্যাল বেঙ্গল টাইগার, হিমালয়ান ব্ল্যাক বিয়ার সাফারি চালু হয়েছে। পার্কে গেলে দেখা মিলবে ঘড়িয়াল, ম্যাকাও-সহ বিভিন্ন রকমের পাখিরও। কিছুদিন আগে শুরু হয়েছে হাতি সাফারিও। দিনের পর দিন পার্কটিকে কেন্দ্র করে পর্যটকদের মধ্যে আকর্ষণ বাড়ছে। শিলিগুড়ি হয়ে দার্জিলিং, ডুয়ার্স বা সিকিমের দিকে যাওয়ার পথে একবার বেঙ্গল সাফারি পার্কে ঢুঁ মেরে যেতে পছন্দ করছেন পর্যটকরা।
[আন্তর্জাতিক মঞ্চে মার্শাল আর্টে সোনা জয়, ভাই-বোনের কীর্তিতে মাথা উঁচু বাঁকুড়ার]
এই পর্যটকদের কথা মাথায় রেখেই এবার লেপার্ড সাফারি চালু করতে চাইছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। আপাতত প্রথম দফায় চারটি লেপার্ড আনার পরিকল্পনা করা হয়েছে। দ্রুত গতিতে চলছে ফেন্সিং নির্মাণের কাজ। এই পার্কে সাধারণত জঙ্গলের মধ্যে বিরাট অংশ ফেন্সিং দিয়ে ঘিরে উন্মুক্ত অবস্থায় রাখা হয় বন্য জন্তুদের। শীতাতপ নিয়ন্ত্রিত বিশেষ গাড়িতে করে জঙ্গলের ভিতরে ঢোকেন পর্যটকরা। রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব জানিয়েছেন, “বেঙ্গল সাফারি পার্কে প্রকৃতিবীক্ষণ কেন্দ্র তৈরির জন্য চার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। দ্রুত গতিতে এর কাজ চলছে। অন্যদিকে এপ্রিল মাসের মধ্যেই লেপার্ড সাফারি চালু হয়ে যাবে বলে আশা করছি।”
[বিল বকেয়া ১২ লক্ষ, বিএসএনএল অফিসের বিদ্যুৎসংযোগ বিচ্ছিন্ন করার জেরে ধুন্ধুমার কাটোয়ায়]
বেঙ্গল সাফারি পার্ককে ঘিরে যে বিপুল জীব বৈচিত্র রয়েছে, প্রকৃতিবীক্ষণ কেন্দ্রের মাধ্যমে তা পর্যটকদের সামনে তুলে ধরা হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই পার্কে অত্যাধুনিক কাফেটেরিয়া, স্যুভেনির শপ চালু হয়েছে। এই প্রকৃতিবীক্ষণ কেন্দ্র পার্ককে অন্য মাত্রা দেবে বলে মনে করছে সাফারি পার্ক কর্তৃপক্ষ। পার্কের ডিরেক্টর অরুণ মুখোপাধ্যায় জানিয়েছেন, পর্যটকদের জন্য লেপার্ড সাফারি চালু করার পরিকল্পনা রয়েছে। সেই লক্ষে কাজ অনেকটা এগিয়ে গিয়েছে। কাজ শেষ হলেই তা চালু হবে। প্রতিদিনই পার্ককে কেন্দ্র করে সাধারণ দর্শক, পর্যটকদের মধ্যে আগ্রহ বাড়ছে বলে দাবি করেন অরুণবাবু। ছুটির দিনগুলোতে পার্কে ভিড় উপচে পড়ে। লেপার্ড সাফারি চালু হলে ভিড়ের পরিমান আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।
এদিকে এই সিদ্ধান্তে পর্যটন ব্যবসায়ী মহলেও খুশির হাওয়া। ব্যবসায়ীদের বক্তব্য, বেঙ্গল সাফারি পার্ক ঘিরে পর্যটনের বিপুল সম্ভাবনা রয়েছে। লেপার্ড সাফারি ও প্রকৃতিবীক্ষণ কেন্দ্র চালু হলে পর্যটকের সংখ্যা আরও বাড়বে। তাতে পর্যটনে জোয়ার আসবে।
[বাসন্তী পুজোর বোধনের দিন কাঁথিতে বিজেপির অস্ত্র মিছিলে হাঙ্গামা, দেখুন ভিডিও]
সর্বশেষ খবর
-
কলকাতা, হাওড়ায় পুরভোট নভেম্বরের শেষেই! হাওড়ায় হবে ৬০টি ওয়ার্ড
-
১৬০ কোটির সন্দেহজনক লেনদেন, তৃণমূলের টাকাতেই বিমান-হেলিকপ্টার কেনে সংস্থা! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য
-
দাঙ্গায় মদত, অপপ্রচার! বারুইপুর কাণ্ডে সুজন-সহ ৪ সিপিএম নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
-
ফের জ্বলছে হরমুজ! ২৪ ঘণ্টায় তৃতীয় জাহাজে হামলা, বিশ বাঁও জলে শান্তিচুক্তি
-
গুরুতর অসুস্থ রাজেশ শর্মা! ভর্তি হাসপাতালে, কী হয়েছে অভিনেতার?