স্টাফ রিপোর্টার: বেশ কিছুদিন ধরে বিদ্রোহটা চলছিলই৷ কিন্তু এবার সরাসরি অধীর হটানোর ডাক দিলেন মানস ভুঁইয়ার অনুগামীরা৷ চাঁচাছোলা ভাষায় প্রদেশ কংগ্রেস সভাপতিকে আক্রমণ৷ সেইসঙ্গে রাজ্য কংগ্রেসের সব থেকে ‘ব্যর্থ’ সভাপতির তকমা অধীরের গায়ে এঁটে দিল কংগ্রেস নেতৃত্বের একাংশ৷
১৯৯৬ সালের পর এবার বিধানসভায় প্রধান বিরোধী দলের মর্যাদা পায় কংগ্রেস৷ ২০ বছর পর কংগ্রেসের ভাল ফলে অনেকেই আশা করেছিল, এবার হয়তো দলটা ঘুরে দাঁড়াবে৷ কিন্তু সাফল্য যে এত তাড়াতাড়ি হাতছাড়া হবে, তা হয়তো অনেক কংগ্রেস কর্মীরাই আশা করেননি৷ একদিকে প্রতিদিনই দল ছাড়ছেন কংগ্রেসের জনপ্রতিনিধিরা৷ গোদের উপর বিষফোড়া দলের অভ্যন্তরীণ কোন্দল৷ তাও আবার প্রকাশ্যে৷ পিএসি চেয়ারম্যান পদ নিয়ে সবংয়ের বিধায়ক মানস ভুঁইয়ার সঙ্গে দ্বন্দ্ব বেধেছে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরির৷ জল গড়িয়েছে দিল্লি পর্যন্ত৷ এবার মানস ভুঁইয়ার অনুগামীরা প্রকাশ্যে দলের বিরুদ্ধে তোপ দাগলেন৷ কনক দেবনাথ, খালিদ ইবাদুল্লা, অজয় ঘোষ, মনোজ পাণ্ডে বুধবার প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে অধীরের বিরুদ্ধে সরব হন৷ কনক বলেন, “রাজ্য কংগ্রেসের সব থেকে ব্যর্থ সভাপতি অধীর চৌধুরি৷ তাঁর অপসারণ চাইছি৷” এখন ‘কোঠারি সিস্টেম’ রাজ্য কংগ্রেসে চলছে বলে অভিযোগ মানস ঘনিষ্ঠ ওই চার নেতার৷
শুধুমাত্র সাংগঠনিক বিষয় নয়, অধীরের ব্যক্তিগত জীবন নিয়েও প্রকাশ্যে প্রশ্ন তুলে দেন কংগ্রেস নেতারা৷ তাঁদের অভিযোগ, “অধীর চৌধুরি নয়, অতসী চট্টোপাধ্যায় নামে এক মহিলার অঙ্গুলিহীলনে কংগ্রেস চলছে৷” বিধানসভা নির্বাচনে প্রার্থীদের প্রচারের খরচবাবদ যে টাকা এআইসিসি পাঠিয়েছিল, তা সব প্রার্থীদের সমানভাবে দেওয়া হয়নি বলে অধীরের বিরুদ্ধে অভিযোগ কনক, খালিদ, অজয়, মনোজদের৷ আবার কংগ্রেসের মধ্যে থাকা বিদ্রোহী নেতারা প্রকাশ্যে এও বলেছেন, দলে যে অবস্থা চলছে, তাতে সাধারণ কর্মী থেকে জনপ্রতিনিধিরা দল ছাড়তে বাধ্য হচ্ছেন৷
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা