নব্যেন্দু হাজরা, সিঙ্গুর: সিঙ্গুরের জমি চাষিদের ফিরিয়ে দেওয়ার রায় দিয়েছে উচ্চ আদালত৷ জয় হয়েছে আন্দোলনের৷ খুশি তাপসী মালিকের বাবা মনোরঞ্জন মালিকও৷ কিন্তু এখনও মেয়ের মৃত্যুর স্মৃতি ঝাপসা হয়নি তাঁর৷ আজও দগদগে সেই ক্ষত৷ তাই জমির যে অংশ থেকে তাপসীর দেহ উদ্ধার হয়েছিল, গত ১০ বছরেও সেই এলাকার চতুর্সীমানাও মাড়ান না তিনি৷ সেদিকে তাকালেই চোখ ঝাপসা হয়ে যায় তাঁর৷ জমি ফিরে পাওয়ার আনন্দে যখন অনেকেই জমি যখন নতুন করে চাষের স্বপ্ন দেখছেন, সেই দলে তখন নেই মনোরঞ্জনবাবু৷ কারণ তিনি আর চান না ওই জমিতে চাষ করতে৷
২০০৬ সালে যখন সিঙ্গুরে কারখানা তৈরির জমি অধিগ্রহণ করা হচ্ছিল, সেই সময় মনোরঞ্জনবাবু ছিলেন ভাগচাষি৷ অন্যের জমিতে চাষ করে দিন গুজরান করতেন তিনি৷ স্ত্রী ও দুই ছেলে, এক মেয়েকে নিয়ে ছিল সংসার৷ কিন্তু আন্দোলন যখন সবেমাত্র গতি পেয়েছে সেই সময়ই ২০০৬ সালের ১৮ ডিসেম্বর টাটা প্রকল্পের এলাকা থেকে উদ্ধার হয় তাপসী মালিকের দেহ৷ উত্তাল হয়ে ওঠে রাজ্য রাজনীতি৷
১০ বছর পেরিয়ে গেলেও স্মৃতি এখনও টাটকা মনোরঞ্জনবাবুর৷ তাই সেই জমিতে এখনও পা রাখেননি৷ নিজের জমি নেই৷ তাই আর জমিতে ঢোকার আগ্রহও নেই৷ বললেন, “পড়ে থাকা সেই জমিতে চাষ হোক, শিল্প হোক, যাই হোক না কেন, খুব খু্শি হব৷ কিন্তু ওই জমিতে ঢোকার সাহস পাই না৷ বুকটা কেঁপে ওঠে৷ যেখানে তাপসীর দেহ পড়েছিল তার ধারকাছ দিয়ে যেতেও বুকটা ফেটে যায় কষ্টে৷”
বাজেমেলিয়ার টাটাদের কারখানার ভেতরে পরিত্যক্ত উনুন থেকে উদ্ধার হয়েছিল তাপসীর দেহ৷ যা নিয়ে উত্তাল হয়েছিল রাজনীতি৷ তার পরই আরও গতি পেয়েছিল সিঙ্গুরের আন্দোলন৷ সেই আন্দোলন জিতেছে৷ তাপসীর বাবা জানান, আন্দোলন জিতেছে তাই তিনি খুশি৷ খুশির হাওয়া তাপসীর মা মলিনাদেবীর মনেও৷ তবু মেয়ে নেই৷ তাই গলার কাছে সেই কাঁটা এখনও আটকে রয়েছে৷ চতুর্দিকে জমির মাপজোক চলছে৷ জঙ্গল সাফাই হচ্ছে৷ কিন্তু মালিক পরিবারের সেই জমির দিকে ফিরে তাকানোর ইচ্ছা নেই৷ সেখানে কোনও জমিও নেই মনোরঞ্জনবাবুর৷ তাই আর যেতেও চান না ওদিকে৷
গত কয়েকবছরে অনেক কিছুই বদলেছে মালিক পরিবারে৷ টালির ছাউনি আর নেই৷ তৈরি হয়েছে পাকা বাড়ি৷ বসেছে মার্বেলও৷ তবুও চাষাভুসো মানুষটা বদলাননি৷ বললেন, “প্রয়োজনে চাষ করতেই পারি৷ কিন্তু যে জমিতে মেয়ের দেহ পড়ে থাকতে দেখেছি সেখানে নয়৷ অন্য কোনও জমিতে৷”
সর্বশেষ খবর
-
রাতেও ভাঙড়ে উত্তেজনা, কলেজ-থানার বাইরে বিক্ষোভে এসএফআই-আইএসএফ, নামল পুলিশ-র্যাফ
-
মঙ্গলে একগুচ্ছ কর্মসূচি নিয়ে উত্তরে মুখ্যমন্ত্রী, ২ হস্তী শাবকের নামও দেবেন শুভেন্দু
-
৩ বিচারপতির সই জাল করে ভুয়ো প্যানেল, হাই কোর্টে চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ!
-
‘সিএনএন’-সহ ৩ সংবাদমাধ্যমে নিষেধাজ্ঞা! প্রতিবাদে ট্রাম্পের কভারেজ বন্ধ ৪ বড় মার্কিন নেটওয়ার্কের
-
বিহারে কিশোরীর শ্লীলতাহানির ঘটনায় সিট গঠন, গ্রেপ্তার ৩, নিন্দায় সরব মমতা