সৌরভ মাজি, বর্ধমান: একটি গাছের ডালে একই ওড়নার দুইপ্রান্তে ঝুলছে কিশোর-কিশোরী। শনিবার সাতসকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ার পূর্ব বর্ধমানের গলসির আসকরণ এলাকায়। কিশোরীর সিঁথিতে সদ্য দেওয়া সিঁদুরের দাগ জ্বলজ্বল করছে তখনও। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে দুজনের প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কেন তারা আত্মঘাতী হয়েছে এদিন রাত পর্যন্ত জানতে পারেনি পুলিশ। পরিজনরাও বুঝে উঠতে পারছেন না কেন এমন চরম সিদ্ধান্ত নিল দুজনে।
পুলিশ জানিয়েছে, মৃত কিশোরের নাম অভিজিৎ হাজরা (১৭)। বাড়ি ভাতারের মাহাতা গ্রামে। তবে ছোটবেলা থেকে গলসির কুরকুবায় মামার বাড়িতেই থাকত। আর কিশোরীর নাম নিকিতা পোড়েল (১৭)। তার বাড়ি গলসিরই রাধাবল্লভপুর মোহনপুরে। দুইজনই বনসুজাপুর হাই স্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া। পরিজনদের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে, শুক্রবার বিকেলে দু’জনই প্রাইভেট টিউশনি পড়তে যাচ্ছি বলে বাড়ি থেকে বেরোয়। তারপর আর বাড়ি ফেরেনি। দুই পরিবারের লোকজনই তাদের খোঁজ শুরু করে। কিন্তু কোনও সন্ধান পায়নি। এদিন সকালে স্থানীয়দের কাছে খবর পান তাঁরা।
[গো-মড়কের হাত থেকে নিষ্কৃতি পেতে একযোগে আমিষ বর্জন হিন্দু-মুসলিমদের!]
এদিন বর্ধমান মেডিক্যালের মর্গে এসেছিলেন অভিজিতের মামা জীতেন হাজরা। পেশায় রাজমিস্ত্রি জীতেনবাবু জানান, ২ বছর বয়স থেকে অভিজিৎ তাঁদের কাছে থাকত। কেন এমন কাণ্ড ঘটাল তা বুঝতে পারছেন না তাঁরা। অভিজিৎ যে কারওর সঙ্গে প্রেম করে তা তাঁরা কিছুই জানতেন না। তাই তার সম্পর্কের পথে বাধা হওয়ার কোনও প্রশ্নই নেই। একই দাবি করেছেন নিকিতার পরিজনরাও। নিকিতার বাবা সুশীল পোড়েন রেলকর্মী। তাঁর দুই ছেলেমেয়ের মধ্যে নিকিতাই ছোট। তিনিও দাবি করেছেন, মেয়ের এমন সম্পর্কের কথা তাঁরা কিছুই জানতেন না। কেন এমন কাণ্ড ঘটাল তা বুঝে উঠতে পারছেন না তাঁরা।
এদিন সকালে খেতমজুররা কাজ করতে যাওয়ার সময় দেখেন দুজন আসকরণ গ্রামে ঢিবিগড়ে নামে একটি পুকুর পাড়ে শিশু গাছের ডালে ঝুলছে। একটি ওড়নাতেই দুজন ঝুলছে। খবর পেয়ে গলসি থানার পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ওই কিশোর-কিশোরী আত্মঘাতী হয়েছে। আত্মহত্যার আগে অভিজিৎ নিকিতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দেয়। পুলিশের অনুমান, তাদের এই সম্পর্ক পরিবার মানবে না মনে করে আত্মহত্যার সিদ্ধান্ত নেয় তারা। তবে এই ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না তাও খতিয়ে দেখছে পুলিশ।
[গ্রাম্য বিবাদে চলল গুলি, গুরুতর জখম স্কুলপড়ুয়া]
সর্বশেষ খবর
-
তাইল্যান্ড-কলকাতা মাদক চালান! পর্যটক সেজে মারাত্মক ‘মলি’ পাচারে এসে গ্রেপ্তার দুই বিদেশিনী
-
দিনেদুপুরে যুবককে গাড়িতে তুলে চম্পট! সল্টলেকে ‘ফিল্মি কায়দা’য় অপহরণের কিনারা পুলিশের
-
‘ছাত্রক্ষোভ রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার’, রাহুল গান্ধীকে তোপ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর
-
স্বাস্থ্য ভবনে পদোন্নতির ঝড়, মুখ্যমন্ত্রীর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের বড় প্রমোশন
-
দায়িত্ব নিয়েছিলেন ১৮ দিন আগে, কামারহাটি পুরসভার চেয়ারম্যান পদ থেকে ইস্তফা লকেটের দাদার