Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৮ শ্রাবণ ১৪৩৩
  • শুক্রবার
  • ১৪ আগস্ট ২০২৬
TMC

কাটমানি নেওয়ার অভিযোগ, সবংয়ে গ্রেপ্তার মানস ভুঁইয়া ঘনিষ্ট তৃণমূল নেতা!

কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়ার অত্যন্ত ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। ধৃতের নাম মানিক মাইতি। ধৃত ব্যক্তি পশ্চিম মেদিনীপুরের সবং থানার বলপাই অঞ্চলের তৃণমূলের প্রাক্তন সভাপতি।

অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৭:৩৯

link
অংশুপ্রতীম পাল
অংশুপ্রতীম পাল

শেষ আপডেট: জুন ২৯, ২০২৬, ১৭:৩৯

options
link
কাটমানি নেওয়ার অভিযোগ, সবংয়ে গ্রেপ্তার মানস ভুঁইয়া ঘনিষ্ট তৃণমূল নেতা! zoom
প্রাক্তন মন্ত্রী ও অন্যান্যদের সঙ্গে ওই তৃণমূল নেতা। (মার্ক করা ওই ব্যক্তি)। ছবি- সংগৃহীত
Advertisement

কাটমানি নেওয়ার অভিযোগে গ্রেপ্তার তৃণমূল নেতা। তিনি রাজ্যের প্রাক্তন মন্ত্রী মানস ভুঁইয়ার অত্যন্ত ঘনিষ্ঠ বলে এলাকায় পরিচিত। ধৃতের নাম মানিক মাইতি। ধৃত ব্যক্তি পশ্চিম মেদিনীপুরের সবং থানার বলপাই অঞ্চলের তৃণমূলের প্রাক্তন সভাপতি। তৃণমূল সরকারের আমলে এই নেতার প্রভূত দাপট ছিল বলেই জানা গিয়েছে। রাজ্যে পালাবদলের পরে বিভিন্ন জায়গা থেকে একাধিক তৃণমূল নেতা গ্রেপ্তার হচ্ছেন দুর্নীতি-সহ একাধিক ইস্যুতে। এবার সেই তালিকায় যোগ হল সবংয়ের তৃণমূল নেতা।

অভিযোগ, তৃণমূল কংগ্রেস রাজ্যে ক্ষমতায় থাকার সময় বিভিন্ন সরকারি প্রকল্পে ঠিকাদারদের কাছ থেকে বেআইনিভাবে মোটা টাকার কাটমানি নিতেন মানিক। সম্প্রতি এই কাটমানি নেওয়ার অভিযোগ তুলে তাঁর বিরুদ্ধে সবং থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়। সেই নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই রবিবার রাতে অভিযান চালায় সবং থানার পুলিশ। অভিযুক্ত তৃণমূল নেতা মানিক মাইতিকে গ্রেপ্তার করা হয়। সোমবার তাঁকে কড়া নিরাপত্তায় মেদিনীপুর জেলা আদালতে পেশ করা হয়।

Advertisement

এদিন আদালতে নিয়ে যাওয়ার পথে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মানিক মাইতি দাবি করেন, তাঁকে সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে। তবে তিনি দেশের বিচারব্যবস্থা ও আইনের ওপর পূর্ণ আস্থা রাখছেন বলে জানিয়েছেন। প্রসঙ্গত, মানস ভুঁইয়ার ঘনিষ্ঠ হওয়ায় একসময় এলাকায় এই নেতার প্রবল দাপট ছিল। তাই তাঁর এই গ্রেপ্তারিকে কেন্দ্র করে বর্তমানে সবংয়ের রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এই ব্যাপারে বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সহ সভাপতি অমূল্য মাইতি বলেন। “মানিক মাইতি বলপাই অঞ্চলের ত্রাস ছিল। ওর অত্যাচারে বলপাইয়ের মানুষ ভীত, সন্ত্রস্ত হয়ে থাকত।”

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.