দেব গোস্বামী, বোলপুর: ভাঙড়ের পর সাঁইথিয়া। ফের ‘খুন’ তৃণমূল অঞ্চল সভাপতি। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন। বাড়ি থেকে ডেকে নিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে বীরভূমের সাঁইথিয়ায়। ঘটনায় দুই মহিলা-সহ এক যুবককে আটক করেছে পুলিশ।
মৃত তৃণমূল নেতার নাম পীযূষ ঘোষ(৪২)। শ্রীনিধিপুর অঞ্চলের কোমরপুর গ্রামের বাসিন্দা। তিনি একাধারে সাঁইথিয়া পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষের পাশাপাশি শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি ছিলেন। পরিবার সূত্রে জানা গিয়েছে, শনিবার রাত সাড়ে দশটা নাগাদ বাড়ি ঢোকেন পীযূষ।
তারপর রাত এগারোটা নাগাদ ওই তৃণমূল নেতাকে কেউ বা কারা ফোন করে কোমরপুর গ্রামের মোড়ে ডাকে। অভিযোগ, বাড়ি থেকে ডেকে নিয়ে মাথায় গুলি করে খুন করা হয়েছে। খুব কাছ থেকে পীযূষকে গুলি করা হয়েছে বলে দাবি পরিবারের। বিষয়টি জানাজানি হতেই তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা-সহ আত্মীয় পরিজনরা দেহ উদ্ধার করে বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। খবর দেওয়া হয় সাঁইথিয়া থানা ও আমোদপুর ফাঁড়ির পুলিশকে। এখন পীযূষ ঘোষ দেহ রয়েছে বোলপুর মহকুমা হাসপাতালে। সেখানেই লাভপুর ও সাঁইথিয়া এলাকার তৃণমূল নেতারা রয়েছেন।
কী কারণে খুন? তা নিয়ে ধোঁয়াশা রয়েছে তবে পরিবারের দাবি, পীযূষ দলের দায়িত্বে ছিলেন। অঞ্চল সভাপতি হয়েছেন। তাঁকে সেই জায়গা থেকে সরাতে রাজনৈতিক কারণে খুন করা হয়েছে। তদন্তে সাঁইথিয়া থানার পুলিশ। লাভপুরের বিধায়ক অভিজিৎ সিনহা বলেন, “খুবই দুঃখজনক ঘটনা। শনিবার রাতে আমাদের শ্রীনিধিপুর অঞ্চলের তৃণমূল অঞ্চল সভাপতি পীযূষ ঘোষকে চক্রান্ত করে খুন করা হয়েছে। কে বা কারা কেন খুন করল। তা পুলিশ খতিয়ে দেখুক। দ্রুত এই ঘটনার কিনারা চাইছি।”
সর্বশেষ খবর
-
ভালোবাসার প্রমাণ রাখার মরিয়া চেষ্টা, প্রেমের জোয়ারে ধ্বংস মামা-ভাগ্নের সৌন্দর্য
-
নজরে ‘চিকেনস নেক’-এর নিরাপত্তা! দ্রুত সেবক-রংপো রেল প্রকল্পের কাজ শেষের আর্জি সাংসদের
-
‘বাবা ভুল করেছে, প্রায়শ্চিত্তও…’, বিগ বস বাংলার গ্র্যান্ড ওপেনিংয়ে চোখে জল তাপসকন্যা সোহিনীর
-
চিপস-ঠান্ডা পানীয়ে ‘বিষ’, তবু লোভ সামলাতে পারছেন না? এবার প্রতি প্যাকেটে থাকবে বিপদবার্তা!
-
মেঘালয়ে নাকা তল্লাশিতে পুলিশের উপর হামলা! পালটা গুলিতে নিহত ৪ সশস্ত্র দুষ্কৃতী
