তরুণকান্তি দাস ও ব্রতীন দাস: গুরুংয়ের খাস ডেরায় মোর্চা-পুলিশ সংঘর্ষ। মোর্চার মিছিল ঘিরে রণক্ষেত্রর চেহারা নিল দার্জিলিংয়ের সিংমারি। শনিবার সকালে ফের নতুন করে অশান্ত হল পাহাড়। এদিন মিছিল করে সিংমারিতে এলে পুলিশ আটকায় মোর্চা সমর্থকদের। ব্যারিকেড ভেঙে মহিলা মোর্চার কর্মীরা এগিয়ে যাওয়ার চেষ্টা করলে সংঘর্ষ বাধে পুলিশের সঙ্গে। বাধাপ্রাপ্ত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইট-পাথর ছুড়তে শুরু করে মোর্চা সমর্থকরা। পালটা লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ে পুলিশ। পুলিশের অভিযোগ, তাদের দিকে মিছিল থেকে উড়ে আসে কাচের বোতল, পাথর এমনকী পেট্রল বোমাও। বোমা ছোড়ার অভিযোগও উঠেছে। বাধ্য হয়েই পুলিশকে কাঁদানে গ্যাসের শেল ছুড়তে হয় মোর্চার জমায়েতে। সবমিলিয়ে মোর্চার জঙ্গি আন্দোলনে পরিস্থিতি অগ্নিগর্ভ পাহাড়ে। জানা গিয়েছে, ঘটনাস্থলের দিকে অতিরিক্ত বাহিনী নিয়ে পৌঁছেছেন তিন পুলিশ কর্তা জাভেদ শামিম, অজয় নন্দা ও সিদ্ধিনাথ গুপ্তা। বেলার দিকে সিংমারি পুলিশ ফাঁড়ি ঘিরে ফেলে আগুন লাগিয়ে দেওয়ার চেষ্টা করে মোর্চার সমর্থকরা। সাংবাদিকদেরও ঘিরে ফেলার অভিযোগ উঠেছে। দার্জিলিংয়ের পুলিশ সুপার অখিলেশ চতুর্বেদি যখন বাহিনী নিয়ে সিংমারি থেকে চিড়িয়াখানার দিকে যাচ্ছিলেন, অভিযোগ তখন রিচমন্ড হিলের উপর থেকে পুলিশকে লক্ষ্য করে ব্যাপক পাথর, বোতল ছোড়া হয়। কার্যত উপরে উঠতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশকে। জানা গিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাবার বুলেট ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছে প্রশাসনের তরফ থেকে।

শুধু সিংমারিতেই নয়, মোর্চা এদিন মিছিল করে চকবাজারেও। সেখানেও পুলিশ বাধা দেয় মোর্চা সমর্থকদের। বাধাপ্রাপ্ত হয়ে সেখানেও তাণ্ডব শুরু করে বিক্ষোভকারীরা। পুলিশকে লক্ষ্য করে যথেচ্ছ ইটবৃষ্টি চলে। পালটা টিয়ার গ্যাসের শেল ছোড়ে পুলিশ। পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাওয়ায় সেখানে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। জানা গিয়েছে, পাংখাবাড়ি রোডে গাছ ফেলে রাস্তা আটকে দিয়েছে বিক্ষোভাকারীরা। ফলে বহু জরুরি পরিষেবা বিপর্যস্ত হয়েছে পাহাড়ে। রিচমন্ড হিলের উপর থেকে নিচে পুলিশের কর্ডন লক্ষ্য করে ইট-পাথরবৃষ্টি হয়। এখই ছবি লেবংয়েও। সেখানেও জমায়েত করে বিক্ষোভ দেখায় মোর্চা সমর্থকরা। প্রসঙ্গত, শুক্রবার রাতভর দাজিলিংয়ের বিভিন্ন স্থানে তাণ্ডব চালায় মোর্চাবাহিনী। স্থানীয় তৃণমূল সমর্থকদের বাড়িতে চড়াও হয় মোর্চা সমর্থকরা। হামলা করা হয়েছে পেট্রল বোমা দিয়ে। এমনই অভিযোগ জানালেন পাহাড়ে তৃণমূলের সাধারণ সম্পাদক বিন্নি শর্মা। তাঁর অভিযোগ, রাতে মদ্যপ অবস্থায় একাধিক তৃণমূল কর্মীর বাড়িতে তাণ্ডব চালায় মোর্চা সমর্থকরা। প্রথমে পাথর ও পরে পেট্রল বোমা ছোড়া হয়। অবিলম্বে দল বদলে মোর্চায় যোগ দেওয়ার হুমকি দেওয়া হয় তাঁদের। পুরো ঘটনা রাতেই পুলিশকে জানানো হয়েছে। শনিবারও এ নিয়ে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন বিন্নি শর্মা।
[পাহাড়ে তৃণমূলকর্মীদের বাড়িতে চড়াও মোর্চা, ছোড়া হল পেট্রল বোমা]
এদিকে শুক্রবার রাতে মোর্চার সহ-সম্পাদক বিনয় তামাংয়ের বাড়িতে তল্লাশি চালানো হয়। ঘটনার তীব্র নিন্দা করে বিজ্ঞপ্তি জারি করেছেন বিনয় তামাং। তাঁর বাড়িতে ভাঙচুর করার অভিযোগ এনেছেন তিনি। কিন্তু ঘটনার পর থেকেই বেপাত্তা তামাং। প্রকাশ্যে দেখা মিলছে না মোর্চা সুপ্রিমো বিমল গুরুংয়েরও। তবে গ্রেপ্তার করা হয়েছে মোর্চার মিডিয়া উপদেষ্টা বিক্রম সিং রাইকে। পাহাড়ে অশান্তি ও উসকানিমূলক বার্তা ছড়ানোর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। বিক্রমের বাবা অমর সিং রাইয়ের দাবি, তাঁর ছেলে কোনও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত নয়। এই গ্রেপ্তারির বিরুদ্ধে আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন মোর্চা বিধায়ক অমর সিং রাই।
[আচমকা গোর্খাল্যান্ডের দাবি জানিয়ে ময়দানে হরকা]
ভিডি সৌজন্যে- সব্যসাচী ভট্টাচার্য
সর্বশেষ খবর
-
কাচ ঢাকা কালো গাড়িতে অভিষেক, ঝুলতে ঝুলতে যাতায়াত নিরাপত্তারক্ষীদের! ‘যুবরাজে’র বিরুদ্ধে এফআইআর
-
হেপাইটাইটিস বি পজিটিভ রোগীর ত্বকে সফল অস্ত্রোপচার, দেবেন মাহাত মেডিক্যালে অসাধ্যসাধন
-
জোড়া গোলে স্বপ্নের ফেরিওয়ালা কেন, শেষ ষোলোয় ইংল্যান্ড, বিশ্বকাপে কঙ্গোর রূপকথায় ইতি
-
অযোধ্যা পাহাড়ের হোটেলে গা ঢাকা দিয়েও হল না শেষরক্ষা, কীভাবে এসটিএফের জালে অদিতির স্বামী দেবরাজ?
-
খাস কলকাতায় নাবালিকাকে ‘গণধর্ষণ’, গ্রেপ্তার ২ অভিযুক্ত