Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Aamir Khan Arijit Singh

‘মহাভারত’-এর জন্যেই মুর্শিদাবাদে আমির! ‘খান সাবে’র জোরাজুরিতে সিদ্ধান্ত বদলালেন অরিজিৎ?

আমির খান তিন দিন ধরে বহরমপুরে রয়েছেন শুধুমাত্র অরিজিৎ সিংয়ের জন্য! নিছকই সৌজন্য সাক্ষাৎ নাকি এর নেপথ্যে বড় কোনও কাজের আভাস?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১২:০৭

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ৪, ২০২৬, ১২:০৭

options
link
‘মহাভারত’-এর জন্যেই মুর্শিদাবাদে আমির! ‘খান সাবে’র জোরাজুরিতে সিদ্ধান্ত বদলালেন অরিজিৎ? zoom
আমির খানের জিয়াগঞ্জ সফর ঘিরে বিতর্ক!

‘লাল সিং চাড্ডা’র ব্যর্থতার পর আমির খানের ফোকাস এইমুহূর্তে ‘মহাভারত’-এ। বিগত দেড় দশক ধরে এই মহাকাব্যকে বড়পর্দার জন্য তিল তিল করে তৈরি করছেন মিস্টার পারফেকশনিস্ট। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে বলিউড সুপারস্টার জানান, “আমাদের মহাভারত তাবড় স্কেলের হলিউড সিনেমারও মা।” সেই প্রেক্ষিতেই আদা-জল খেয়ে মহাকাব্যের চিত্রনাট্যে শান দিচ্ছিলেন, তবে তার ফাঁকেই রবিবার রাতে তড়িঘড়ি মুম্বই থেকে কলকাতায় ছুটে আসেন। গন্তব্য, মুর্শিদাবাদের জিয়াগঞ্জ। অরিজিৎ সিংয়ের স্টুডিও। সম্প্রতি সিনেদুনিয়ার প্লেব্যাককে ‘আলবিদা’ জানিয়েছেন তিনি। আর ‘প্লেব্যাক সম্রাটে’র এহেন সিদ্ধান্তের পরই কেন শশব্যস্ত শিডিউল ফেলে মুর্শিদাবাদে ছুটে এলেন আমির খান? কৌতূহল সর্বত্র।

খবর, সোমবার থেকে বহরমপুরের এক বিলাসবহুল হোটেলে আস্তানা গেড়েছেন মিস্টার পারফেকশনিস্ট। শুধু তাই নয়, রাতদুপুরে ঘন ঘন অরিজিৎ সিংয়ের স্টুডিওয় ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছেন। আদ্য়োপান্ত বাঙালি খানাপিনায় আতিথেয়তা উপভোগ করার পাশাপাশি কাজের কথাও নাকি চলছে পুরোদমে। মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদও কড়া নিরাপত্তায় মুড়ে পিছনের প্রবেশপথ দিয়ে গায়কের স্টুডিওতে ঢোকেন আমির খান। তার ঠিক কিছুক্ষণ বাদে স্কুটারে চেপে আসেন অরিজিৎও। রাত নাগাদ শুটিং লোকেশন ‘বড়ি কুঠি’তেও যান দুজনে। জানা গেল, বুধবার পর্যন্ত বহরমপুরেই থাকবেন মিস্টার পারফেকশনিস্ট। বলিপাড়ার তারকাদের কাছে আমির আদ্যন্ত কাজপাগল মানুষ। দিনভর কাজেই নিমজ্জিত থাকেন। এমনকী বিটাউনের ঝকমকে পার্টি, পুরস্কার বিতরণী অনুষ্ঠানেও তাঁর দেখা সেভাবে পাওয়া যায় না! সেই বলিউড অভিনেতাই কিনা তিন দিন ধরে বহরমপুরে রয়েছেন শুধুমাত্র অরিজিৎ সিংয়ের জন্য? নিছকই সৌজন্য সাক্ষাৎ নাকি এর নেপথ্যে বড় কোনও কাজের আভাস? এমন প্রশ্ন গত চব্বিশঘণ্টা ধরেই ঘুরপাক খাচ্ছে কৌতূহলীদের মনে।

Advertisement
Aamir khan is at Arijit singh's jiaganj house
জিয়াগঞ্জে অরিজিতের সঙ্গে দেখা করতে এসে ঘুড়ি ওড়ালেন আমির। ছবি: সোশাল মিডিয়া

অরিজিৎ স্পষ্ট করে বলে দিয়েছিলেন যে, আগাম প্রতিশ্রুতিমাফিক এখনও কিছু কাজ বাকি রয়েছে তাঁর, চলতিবছরে সেগুলোই সম্পন্ন করবেন। তবে এরপর আর নতুন কোনও ‘অ্যাসাইনমেন্ট’ নেবেন না। গুঞ্জন, সলমন খানের ‘ব্যাটেল অফ গালওয়ান’ এখনও পর্যন্ত অরিজিৎ সিংয়ের শেষ গাওয়া প্লেব্যাক হিসেবে নাম লেখালেও গায়কের বিজয়রথ ‘এই খানে’ই থামছে না! উল্লেখ্য, শাহরুখ খানের ‘কিং’ ছবিতে অরিজিতের প্লেব্যাক থাকার কথা আগেই শোনা গিয়েছিল। যদিও নির্মাতারা আনুষ্ঠনিকভাবে তার ঘোষণা করেননি। তবে এবার সেই তালিকায় সম্ভবত খান সাম্রাজ্যের আরেক প্রতিনিধি আমির নাম লেখাতে চলেছেন। বড়পর্দার জন্য ‘মহাভারত’কে যে তিনি বড় পরিসরে ভাবছেন সেকথা আগেই জানিয়েছেন। শুধু তাই নয়, আমির যখন যে সিনেমার কাজ করেন, তাতেই একনিষ্ঠভাবে ডুবে থাকেন। কানাঘুষো, সেই ছবির মিউজিকের দায়িত্বই নাকি অরিজিৎ সিংয়ের হাতে সঁপে দিতে চলেছেন আমির খান! অরিজিৎও যেভাবে সময় দিচ্ছেন বলিউড তারকাকে। তাতেই জল্পনা আরও উসকে গিয়েছে।  যদিও মিস্টার পারফেকশনিস্ট কোনও ইস্যু পাকা না হওয়া পর্যন্ত কাকপক্ষীতেও টের পেতে দেন না। এবার অরিজিতের বিদায় নেওয়ার সিদ্ধান্ত শুনে কি তাই তড়িঘড়ি গায়ককে বোঝাতে এলেন? নাকি আমিরের ‘মহাভারত’-এ সুরকারের ভূমিকায় পাওয়া যাবে অরিজিৎকে? নজর থাকবে সেদিকে।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.