আকাশ মিশ্র: সম্প্রতি সোশাল মিডিয়ায় ঝড় ওঠে সুমন মুখোপাধ্যায়ের ‘টিনের তলোয়ার’ নাটকে ‘যৌন হেনস্তাকারী’ হিসেবে অভিযুক্ত অভিনেতা সুদীপ্ত চট্টোপাধ্য়ায়ের অভিনয় করা নিয়ে । সুদীপ্তর অভিনয় করার বিরুদ্ধে সোশাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন অভিনেত্রী দামিনী বেণী বসুও। কেন এমন এক ‘নোংরা মানসিকতা’র মানুষকে সুমন তাঁর নাটকে সুযোগ দিয়েছেন, তা নিয়ে প্রতিবাদের সুর শোনা যায় বিনোদন জগতে। ‘রোববার.ইন’ -এ এই নিয়ে পরিচালক সুমনকে খোলা চিঠিও লিখেছিলেন দামিনী। সেই চিঠির পালটাও দিয়েছিলেন সুমন। আর এবার সেই বাস্তব ঘটনাকেই ছোটপর্দায় তুলে ধরছেন, ‘আদালত ও একটি মেয়ে’ ধারাবাহিকের পরিচালক অরিন্দম বসু। তবে তাঁর কথায়, ”কোনও নির্দিষ্ট ঘটনাকে মাথায় রেখে গল্প তৈরি হয়নি। সমাজের নানা অংশেই এমন ঘটনা ঘটে থাকে। কিন্তু মেয়েরা অনেক সময়ই এর প্রতিবাদ করতে পারে না। সেই প্রতিবাদের ভাষাকেই তুলে ধরার চেষ্টা করা হয়েছে এই ধারাবাহিকের প্রতিবাদী চরিত্র আইনজীবী দুর্গার হাত ধরে। ”
সংবাদ প্রতিদিন ডিজিটালকে পরিচালক অরিন্দম আরও জানালেন, ”আসলে আমাদের এই সিরিজের লক্ষ্যই হল, এমন সব ঘটনাকে সামনে আনা, যেখানে মানুষ দিনের পর দিন অন্যায়ের শিকার হয়। কিন্তু নানা কারণে চুপ করে থাকতে বাধ্য হয়। আর্থিকভাবে পিছিয়ে পড়ার জন্য আইনি সাহায্য নিতে পারে না। সেই বিষয়গুলোকেই এই সিরিজটার মধ্যে তুলে ধরার চেষ্টা করা হয়। আর এই সিরিজে দুর্গা তেমনি এক চরিত্র, যে এসব মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করে চলে। বলা ভালো আইনি লড়াই করে চলে। এই সিরিজেরই একটা গল্প হল, থিয়েটারে যৌনহেনস্থা এবং মিটু। এই ধারাবাহিকের স্ক্রিনপ্লে রাইটার শাঁওলী দেবনাথ প্রথম এই আইডিয়াটা আমাকে বলে। তার পর আমরা একসঙ্গে বসে গল্পের কাজ এগোই। ”
[আরও পড়ুন: বুবলির সঙ্গে গোপনে বিয়ের পরও রাজকে ভুলতে পারছেন না পরীমণি, প্রাক্তন স্বামীর জন্য কী করলেন?]
অরিন্দম আরও বলেন, ”এই গল্পে একজন জনপ্রিয় নাট্য পরিচালক ও অভিনেতা রয়েছেন। সমাজে যাঁর ইমেজ খুবই পরিষ্কার। কিন্তু তার চরিত্রের একটা কালো দিকও রয়েছে। তার নাট্যদলে আসা একটি নতুন মেয়েকে অভিনয় শেখানোর নামে অশালীন স্পর্শ করে। মেয়েটি প্রতিবাদ করতে পিছিয়ে আসে। কারণ তার টাকা দরকার। তার উপর, এমন এক জনপ্রিয় মানুষের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ আনলে, তার ভবিষ্যতে ক্ষতি হতে পারে, এই ভয়েই সে কাঁটা। তবে শেষমেশ, একদিন নাটকের মঞ্চ থেকেই প্রতিবাদ করে সে। সবার সামনে মুখোশ খুলে দেয় পরিচালকের। এর পরের লড়াইটা দুর্গার হাত ধরেই এগোতে থাকে।”
সুমন মুখোপাধ্যায়ের ‘টিনের তলোয়ার’ নাটকে ‘যৌন হেনস্তাকারী’ অভিযোগে অভিযুক্ত অভিনেতা সুদীপ্ত চট্টোপাধ্য়ায়ের সঙ্গে কতটা মিল রয়েছে এই চরিত্রের ? অরিন্দমের স্পষ্ট জবাব, ”কোনও নির্দিষ্ট মানুষ বা ঘটনা নয়, তবে অবশ্য়ই বাস্তবের নানা ঘটনা থেকেই সূত্র নিয়ে এই গল্প তৈরি হয়েছে। তবে আমাদের উদ্দেশ্য শুধু থিয়েটার বা সিনেমা নয়, যেকোনও প্রফেশনেই মেয়েরা কীভাবে যৌনহেনস্তার শিকার হয় এবং তার পরের আইনি লড়াইটা ঠিক কীভাবে এগিয়ে চলে, সেটা সবার সামনে তুলে ধরা। যাতে মানুষ সঠিক পথে প্রতিবাদ করতে পারে। যেমন, আমাদের পরের এপিসোডে অফিসের বসের সঙ্গে এক মহিলাকর্মীর গল্প তুলে ধরা হবে। এর উলটো পিঠটাও দেখানো হবে। যেমন, অনেক মেয়েই মিথ্যে যৌনহেনস্তার অভিযোগ তুলে স্বার্থসিদ্ধি করে। সেটাও দেখানো হবে। ”
‘আকাশ আট’-এ সোম থেকে শনিবার রাত ৮টায় দেখা যাবে আদালত ও একটি মেয়ে ধারাবাহিক। ‘আদালত ও একটি মেয়ে’ ধারাবাহিকের গল্প আবর্তিত হয়েছে দুর্গা সোরেনকে নিয়ে। এই দুর্গাই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে চলে। দুর্গা চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী কঙ্কনা হালদার।
[আরও পড়ুন: রহিম সাহেব থেকে ‘বালু’, দেশের প্রথম দলিত ক্রিকেটারের ভূমিকায় অজয় দেবগন]
সর্বশেষ খবর
-
দলে আর জায়গা নেই, জানিয়ে দিয়েছে বোর্ড! রবিবারই শেষ ওয়ানডে খেলবেন রোহিত?
-
দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’, ফ্ল্যাট দখলের অভিযোগে পুলিশের জালে বিজেপি নেতা
-
ঋত-তৃণমূলে এবার ব্রাত্যও? ঘাসফুল শিবিরে ভাঙনের মরশুমে তুঙ্গে জল্পনা
-
ফুলবাগানের মন্দির তহবিল থেকে ‘চুরি’ ৪৪ লক্ষ, অভিযোগ দায়ের কমিটির
-
আর্জেন্টিনার জয়ে উল্লাস করতে গিয়ে মৃত্যু! বাংলাদেশে মর্মান্তিক পরিণতি তরুণের