সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাও-দমন অভিযানের মাঝেই ফের রক্তাক্ত ছত্তিশগড়। দুই নিরীহ গ্রামবাসীকে কুপিয়ে খুন করল মাওবাদীরা। শুক্রবার গভীর রাতে নৃশংস এই হত্যাকাণ্ডটি ঘটেছে ছত্তিশগড়ের বিজাপুর জেলায়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, এদিন রাতে বিজাপুরের নেলা কাঁকের গ্রামে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় একদল মাওবাদী। অভিযোগ, গ্রামের দুই বাসিন্দাকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে তারা। মৃতেরা হলেন রবি কাট্টম (২৫) এবং তিরুপতি সোধি (৩৮)। কিন্তু কী কারণে তাঁদের খুন করা হল, তা এখনও স্পষ্ট নয়। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পুলিশের চর সন্দেহে তাঁদের খুন করে মাওবাদীরা। জানা গিয়েছে, মাওবাদীরা সাধারণ পোশাকে এসেছিল। ফলে তাদের চিনতে পারেননি গ্রামবাসীরা। হামলার পর তারা জঙ্গলের দিকে চলে যায় বলে স্থানীয় সূত্রে খবর। তাদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। বিজাপুর থানার সুপার জিতেন্দ্র যাদব বলেন, “গ্রামের দুই বাসিন্দাকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে মাওবাদীদের বিরুদ্ধে। আমরা গোটা বিষয়টি খতিয়ে দেখছি।”
উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। পাশাপাশি দেশের বাকি অংশেও লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। অনুমান করা হচ্ছে, নিরাপত্তাবাহিনীর লাগাতার হামলার মুখে পড়ে পালটা গ্রামবাসীদের নিশানা করছে মাওবাদীরা।
সর্বশেষ খবর
-
বিশ্ব পরিবেশ দিবসে ‘গোবর্ধন লীলা’র অন্য পাঠ, প্রকৃতিকে ভালোবাসার অনন্য দর্শন
-
অভয়ার ন্যায় চেয়ে তৃণমূল জমানায় সাসপেন্ড! সেই শুভঙ্করকে কাজে ফেরালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
-
হাঁটা নাকি যোগ! ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে কোনটা বেশি জরুরি জানেন
-
শনি-রবি শিয়ালদহ ডিভিশনে বাতিল একাধিক লোকাল, তালিকায় কোন কোন ট্রেন?
-
টিআরপিতে বিরাট রদবদল! বেঙ্গল টপার ‘জোয়ার ভাঁটা’, সেরা দশে কোন কোন বাংলা মেগা?