সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে নাশকতার আশঙ্কায় দেশ জুড়ে আঁটসাট নিরাপত্তার ব্যবস্থা করা হচ্ছে৷ ইতিমধ্যেই গোয়েন্দা সূত্রে জানা গিয়েছে, জঙ্গি গোষ্ঠিদের টার্গেটে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ পাশাপাশি ইসলামি ফতোয়াও ভাবাচ্ছে গোয়েন্দাদের৷ এবার সেই সঙ্গে যুক্ত হল মাওবাদীদের হুমকি৷
আগামী মাসেই উত্তরপ্রদেশ-সহ দেশের পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচন শুরু৷ আর তার আগেই মাওবাদীদের হুমকি পেলেন প্রধানমন্ত্রী৷ শুধু প্রধানমন্ত্রীই নন, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-সহ একাধিক নেতা মন্ত্রীদের হুমকি দেওয়া হয়েছে বলে গোয়েন্দা সূত্রে খবর৷ জানা গিয়েছে, নির্বাচনী প্রচারে মোদি, রাজনাথকে টার্গেট করতে পারে মাওবাদীরা৷ জানা গিয়েছে, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীদের নিরাপত্তার জন্য বিশেষ সুরক্ষা দলকে কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তরের তরফে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে৷ সাধারণতন্ত্র দিবস এবং নির্বাচনী প্রচারে যাতে তাঁদের গায়ে কোনওরকম আঁচ না লাগে, তার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হবে৷
গোয়েন্দা সূত্রে খবর, নির্বাচনের জন্য উত্তরপ্রদেশে এবং পাঞ্জাবের বিভিন্ন জায়গায় প্রচারের জন্য উপস্থিত হবেন মোদি৷ সেই সময়ই মাওবাদীরা তাঁর উপর হামলা করতে পারে৷ সেই কারণে বিশেষ সুরক্ষা দলকে আইইডি ব্লাস্ট সঙ্গে রাখার পরামর্শ দেওয়া হয়েছে৷ যাতে কোনওরকম সন্দেহ হলেই পদক্ষেপ করা যায়৷
উল্লেখ্য মাওবাদীদের অন্ধ্রপ্রদেশ স্টেট কমিটির তরফে লিখিতভাবে অভিযোগ করা হয়েছিল, মোদি এবং অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রীর অঙ্গুলি হেলনেই জওয়ানরা প্রাণ কেড়ে নিয়েছিল মাও সদস্যদের৷ এরই বদলা নিতে সেই চিঠিতে মুখ্যমন্ত্রী এবং তাঁর ছেলেকে হত্যা করার হুমকিও দেওয়া হয়েছিল৷ আবার গত বছর ওড়িশার মলকানগিরিতে ৩০ মাও সদস্যের মৃত্যুর জন্য কেন্দ্রকেই দায়ী করা হয়েছিল৷ সব মিলিয়ে নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর নিরাপত্তায় বিশেষ জোর দিচ্ছে গোয়েন্দা সংস্থা৷
সর্বশেষ খবর
-
আঞ্চলিক মিষ্টির জিআই ট্যাগ নিয়ে তৎপর বঙ্গ বিজেপি! ‘মিষ্টি হাব’ তৈরিরও পরিকল্পনা শমীকদের
-
এবার সপ্তাহে ৬ দিনই শান্তিনিকেতনে ‘হেরিটেজ ওয়াক’, দ্রুত টিকিট মিলবে অনলাইনেও
-
লরি চাপা পড়ে মাইকেল ক্লার্কের গাড়ি! আইপিএল শেষে বিমানবন্দর যাওয়ার পথে দুর্ঘটনা
-
নিজের নিরাপত্তা দিতে চেয়েছিলেন মমতা! এবার এনআইয়ের হাতে গ্রেপ্তার ‘মাছ চোর’ শওকত
-
সমাজকে আদর্শের আয়না দেখায় ‘গোর্কির মা’, কেমন হল? পড়ুন রিভিউ