বিহারে কিশোরীকে শ্লীলতাহানি এবং হেনস্তার ঘটনায় ১২০টি সমাজমাধ্যম অ্যাকাউন্টের বিরুদ্ধে এফআইআর দায়ের করল পুলিশ। জানা যাচ্ছে, ওই অ্যাকাউন্টগুলি থেকে ফাঁস করা হয়েছে নির্যাতিতার পরিচয়। পাশাপাশি, ছড়ানো হয়েছে ঘটনার ভিডিও।
মঙ্গলবার এক্স হ্যান্ডলে একটি পোস্টে বিহার পুলিশ জানিয়েছে, আক্রান্ত নাবালক-নাবালিকাদের ভিডিও সমাজমাধ্যমে ছড়ানো, তাদের মর্যাদাহানি এবং পরিচয় প্রকাশ করা পকসো আইন, আইটি আইন এবং জুভেনাইল জাস্টিসের আওতায় দণ্ডনীয় অপরাধ। এদিন সাংবাদিক বৈঠকে এক পুলিশ কর্তা সতর্ক করে বলেন, “পকসো আইনের ২৩ নম্বর ধারা অনুযায়ী, আক্রান্ত কোনও নাবালক-নাবালিকাদের পরিচয় প্রকাশ নিষিদ্ধ। আইন লঙ্ঘনে ৬ মাস থেকে ১ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। হতে পারে জরিমানাও। আবার দু’টোই হতে পারে।” তিনি আরও বলেন, “সমাজমাধ্যমে আক্রান্ত কিশোর-কিশোরীর ছবি, নাম বা এমন কোনও তথ্য পোস্ট করবেন না, যাতে তাদের পরিচয় প্রকাশিত হয়।”
উল্লেখ্য, গত শনিবার জামুইয়ের এক স্থানীয় স্কুলের দুই পড়ুয়া সন্ধ্যায় কোচিং শেষে মাদওয়া পাহাড়ে বেড়াতে গিয়েছিল। ফেরার পথে তাঁদের পথ আগলে দাঁড়ায় কয়েকজন দুষ্কৃতী। বাধ্য হয়ে স্কুটার থামায় ওই যুগল। শুরু হয় নির্যাতন। প্রথমে গালাগালি। এরপর শারীরিক হেনস্তা। পুরোটাই ক্যামেরায় বন্দি করে রাখে ওই দলেরই একজন। সেই ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই হইচই পড়ে যায় (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। ভিডিওতে দেখা গিয়েছে, কিশোরীকে ঘিরে ধরে অশালীন আচরণ করছে অভিযুক্তরা। তার নাম, ঠিকানাও জিজ্ঞাসা করে তারা। শুধু তাই নয়, অশালীনভাবে স্পর্শও করা হয় কিশোরীকে। এরই মাঝে অভিযুক্তদের মধ্যে একজন কিশোরীকে তুলে নিয়ে রাস্তার অন্য প্রান্তে নিয়ে যাওয়ার চেষ্টাও করেন। রেহাই পায়নি কিশোরীর বন্ধুও। বেধড়ক মারধর করা হয় তাঁকে। গোটা ঘটনাটিকে ঘিরে নিন্দার ঝড় উঠেছে। প্রশ্নের মুখে পড়ে বিহারের নারী নিরাপত্তা এবং আইন-শৃঙ্খলা।
সর্বশেষ খবর
-
পড়ুয়াহীন স্কুলে কি তালা ঝুলবে? বিরোধীদের ‘অপপ্রচারের’ মধ্যে কী জানালেন মন্ত্রী
-
সুদিন নয়, দুর্দিনেরও বন্ধু! কঠিন সময়ে মাতৃহারা রানির পাশে থাকতে ছুটে গেলেন শাহরুখ
-
পুজোর আগে শিল্পা শেট্টির মতো ‘ফিট’ লুক চান? নিয়মিত করুন এই যোগাসন
-
‘দেশে ফিরছি ডিসেম্বরেই, জনতার কল্যাণে কারাবাসের মূল্য দিতেও রাজি’, হুঙ্কার হাসিনার
-
থার্ড আম্পায়ার ছাড়াই খেলা, ভারত-জাপান ম্যাচে নিজেই সিদ্ধান্ত বদলালেন আম্পায়ার, কী বলছে নিয়ম?