গত বৃহস্পতিবার সরকারিভাবে মন্ত্রিসভার সম্প্রসারণ করেছেন বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের পুত্র নিশান্ত কুমার। তাঁর ‘স্বাস্থ্যের হাল’, ‘ভুল বক্তব্যে’র ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে ‘বিহার বিধানসভা নির্বাচন ১৯২৫’ বলে বসেন নিশান্ত। এই নিয়ে তুমুল হাসাহাসি শুরু করেছেন নেটিজেনরা।
সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিশান্ত বিআইটিএস মেসরা থেকে পড়াশোনা করেন। তিনি এক সময়ে নিজেই জানিয়েছিলেন রাজনীতিতে তাঁর কোনও আগ্রহ নেই, রাজনীতি বোঝেন না। তাঁর প্রথম পছন্দ আধ্যাত্মিকতা। যদিও, সাম্প্রতিক অতীতে তাঁকে বাবার সঙ্গে বেশ কয়েকটি রাজনৈতিক অনুষ্ঠানে দেখা গিয়েছে। দলের অভ্যন্তরে রাজনৈতিক আলোচনাতেও তিনি অংশ নিচ্ছেন বলে শোনা যাচ্ছিল। এর পরেই বিহারে মন্ত্রিসভা সম্প্রসারণ এবং নিশান্তের স্বাস্থ্যমন্ত্রীর পদ পাওয়া। বর্তমানে তাঁর ভাইরাল ভিডিও নিয়ে হইচই শুরু হয়েছে।
ভাইরাল ভিডিওটি সোশাল মিডিয়ায় পোস্ট করেন কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনাতে। মন্ত্রী হিসাবে শপথগ্রহণের পরে এক সংবাদসংস্থাকে ইন্টারভিউ দিচ্ছিলেন নিশান্ত। সেই সময় ভুল করে বলে বসেন, “প্রথমেই আমি বিহারের জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই… ১৯২৫ সালের বিহার নির্বাচনে তাঁরাই জেডিইউ-কে ২০০টি আসন জিতিয়েছিলেন… আমি তাঁদের অশেষ ধন্যবাদ জানাই।” এরপর অন্য আরও বিষয়ে কথা বলেন বিহারের নতুন স্বাস্থ্যমন্ত্রী। যদিও নিশান্তের ভুল বক্তব্য নিয়ে কটাক্ষ শুরু হয়েছে নেটমাধ্যমে।
কংগ্রেস, আরজেডির মতো বিরোধী রাজনৈতিক দলগুলি বলছে, একেবারে ১৯২৫? ভারতও স্বাধীন হয়নি, জেডিইউ কোথায় ছিল! কেবল বিরোধী রাজনৈতিক দলগুলিই নয়, আমজনতাও বিদ্রুপ করছে নীতীশের ছেলেকে। রোগাসোগা, কাঁপাকাঁপা কণ্ঠে ভুল বলা ব্যক্তি রাজ্যের স্বাস্থ্যমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে কীভাবে বসতে পারেন, প্রশ্ন তুলছেন তাঁরাও। কারও কারও বক্তব্য, নিশান্ত নিজেই অসুস্থ। কোনও কোনও নেটিজেনের ধারণা, বিহারের নতুন স্বাস্থ্যমন্ত্রী নেশাগ্রস্ত। সব মিলিয়ে নিশান্তকে নিয়ে বেজায় অস্বস্তিতে পড়েছে সম্রাট চৌধুরী সরকার।
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা