সোমনাথ রায়: দিল্লিতে ইজরায়েলের (Israel) দূতাবাসের সামনে বিস্ফোরণ। ঘটনায় এখনও কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। তবে বিস্ফোরণে বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। দিল্লির পুলিশপ্রধান ও কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলির শীর্ষ কর্তাদের সঙ্গেও এই বিষয়ে আলোচনা করছেন শাহ বলে খবর। এই ঘটনার জেরে দেশের সব বিমানবন্দরের নিরাপত্তা বাড়িয়ে তোলা হয়েছে। দেশজুড়ে জারি করা হয়েছে সতর্কবার্তাও।
[আরও পড়ুন: বিজেপিতে ‘খড়কুটো’র ‘বাবিন’, দলীয় পতাকা তুলে দিলেন দিলীপ ঘোষ]
দিল্লি পুলিশ জানিয়েছে, শুক্রবার বিকেলে প্রচণ্ড শব্দে কেঁপে উঠে দূতাবাস সংলগ্ন এলাকা। জানা যায়, দূতাবাস থেকে প্রায় ৫০ মিটার দূরে জিন্দাল হাউসে আইইডি বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও প্রাণহানি ঘটেনি বলে জানিয়েছে তাঁরা। গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। মনে করা হচ্ছে এটা সন্ত্রাসবাদী হামলা। ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে জাতীয় তদন্তকারী সংস্থার (NIA) তদন্তকারী দল। ভারতে নিযুক্ত ইজরায়েলের রাষ্ট্রদূত রন মালকা জানিয়েছেন দূতাবাসের সমস্ত কর্মীরা সুরক্ষিত আছেন।
প্রসঙ্গত, এর আগে ২০১২ সালের ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে ইজরায়েলের কূটনীতিকের গাড়িতে বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই ঘটনায় ইরানের (Iran) হাত থাকার অভিযোগ উঠেছিল। ফলে রীতিমতো কূটনৈতিক চাপানউতোর শুরু হয়েছিল তেল আভিভ, নয়াদিল্লি ও তেহরানের মধ্যে।
উল্লেখ্য, রাজধানীর বিজয়চক থেকে মাত্র ২ কিলোমিটার দূরেই বিস্ফোরণটি ঘটেছে। সাধারণতন্ত্র দিবস উপলক্ষে আজ সেখানে ‘বিটিং দ্য রিট্রিট’ অনুষ্ঠান চলছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এদিকে, দিল্লি সীমান্তে চলছে কৃষক বিক্ষোভও। এহেন পরিস্থিতিতে রাজধানীর বুকে বিস্ফোরণে রীতিমতো নড়েচড়ে বসেছে নিরাপত্তা মহল।
[আরও পড়ুন: বিধায়ক পদে ইস্তফার পর তৃণমূল ছাড়লেন রাজীব, শিগগিরই নতুন দলে যোগদান?]
সর্বশেষ খবর
-
মোদিকে টক্কর দেওয়া অজয় রাই নন, উত্তরপ্রদেশে যোগীর বিরুদ্ধে মুসলিম মুখের ভাবনা কংগ্রেসের
-
বাঘের হানায় ‘ব্রেনডেড’ অজিতের অঙ্গ সংগ্রহে ১২ ঘণ্টা দেরি! কেন? উঠছে প্রশ্ন
-
ভূমিধসে বিধ্বস্ত সিকিম, পাহাড় থেকে নামছে কাদার স্রোত! বন্ধ রিম্বি-ইয়াকসুম প্রধান সড়ক
-
‘নকল বেবি বাম্প, সব ভুয়ো’, অন্তঃসত্ত্বা দীপিকাকে নিয়ে সন্দেহ! মোক্ষম জবাব ‘মস্তানি’র
-
দুর্গাপুজোকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে নয়া উদ্যোগ, ১০ হাজার প্রবীণকে নিয়ে ‘দুর্গা টুর’ করবে আদানিরা