সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ৮০-র দশকের বোফর্স কেলেঙ্কারির ভূত ঘাড় থেকে নামিয়ে মার্কিন প্রশাসনের কাছ থেকে অত্যাধুনিক ১৫৫ এমএম হাউৎজার কামান কিনতে চলেছে ভারত৷ ২০১৭ সালের মাঝামাঝি সময়ের মধ্যে কামানগুলি পেয়ে যাবে ভারতীয় সেনা৷
প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন নিরাপত্তা বিষয়ক একটি ক্যাবিনেট কমিটি ১৪৫টি এম-৭৭৭ আল্ট্রা লাইট হাউৎজার কামান কেনায় সম্মতি দেন৷ আমেরিকার কাছ থেকে এই অস্ত্রগুলি কিনতে ৭৩৭ মিলিয়ন ডলার খরচ হবে ভারতের৷ ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫০০০ কোটি টাকার মতো৷
হাউৎজার কামানের বিধ্বংসী চরিত্রের দিকে নজর ফেরানো যাক৷ ১৫৫ এমএম, ৩৯ ক্যালিবরের এই কামানের রেঞ্জ ২৫ কিলোমিটার৷ টাইটেনিয়ামে মোড়া এই কামান বিমানে চাপিয়ে উঁচু জায়গায় নিয়ে যাওয়া যাবে৷ আপাতত ২৫টি কামান আমদানি করা হবে, বাকি ১২০টি কামান এদেশেই তৈরি হবে৷ ১৭ মাউন্টেন স্ট্রাইক কর্পস-এর হাতে প্রথম দফার কামানগুলি তুলে দেওয়া হবে৷ চিনের প্রতি নজর রেখেই এই পদক্ষেপ বলে মনে করছেন প্রতিরক্ষা মন্ত্রক৷
বিশেষ সূত্রের খবর, এই এম-৭৭৭ হাউৎজার কামান তৈরি করছে বিএই সিস্টেমস, যারা সুইডিশ সংস্থা বোফর্স অধিগ্রহণ করেছে৷ এ দেশে বিএই-র সঙ্গে গাঁটছড়া বেঁধেছে মাহিন্দ্রা৷ এই দুই সংস্থা যৌথ উদ্যোগে ১৪৫টির মধ্যে ১২০টি কামান এ দেশেই তৈরি ও পরীক্ষা করবে৷
সর্বশেষ খবর
-
অগ্রিম ৫ লক্ষ টাকা দিয়েও মেলেনি ফ্ল্যাট! জনতার দরবারে লেকটাউনের মহিলা
-
কমনওয়েলথ গেমসে ইতিহাস, সোনার মেয়ে অস্মিতাকে জমি, আর্থিক পুরস্কার দিল ত্রিপুরা সরকার
-
স্বাধীনতা দিবসে লোকভবনে আমন্ত্রিত ৪ হাজার, অনুষ্ঠানে অন্য ৫ রাজ্যও, নবান্নের গুচ্ছ গাইডলাইন
-
সুজিতের অ্যাকাউন্টে নিয়োগ দুর্নীতির ৮ কোটিরও বেশি টাকা, হাই কোর্টে চাঞ্চল্যকর দাবি ইডির
-
সঙ্গীদের নাম আড়াল করতে মোবাইল ভাঙে জঙ্গি রানা! নোটবুক হাতড়ে খোঁজ মিলল ৬ পাক চরের